

আসন্ন উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চলার সময় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ছুটি নেওয়ার পদ্ধতি নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের মেমো নং – L/PR/346/2026, তারিখ- 10/09/2026 দ্বারা। HS পরীক্ষার সময় ছুটি নেওয়ার বিষয়ে বিগত সময়ে যে নোটিফিকেশনগুলি দেওয়া হতো তাতে অনেক অসঙ্গতি থাকত। সেগুলি নিয়ে লেখা হয়েছিল আগে। যাইহোক এই নোটিফিকেশনটি আগের গুলির তুলনায় অনেকটাই আলাদা এবং অনেকটাই ত্রুটিমুক্ত। আসুন দেখে নেওয়া যাক এই নোটিফিকেশন অনুযায়ী কীভাবে আসন্ন উচ্চ মাধ্যমিক(তৃতীয় সেমিস্টার), 2026 পরীক্ষার সময় ছুটি নিতে পারবেন একজন টিচিং বা নন টিচিং স্টাফ।
—————————————————————————————————————-
১) প্রশ্ন – এই নিয়মগুলি কোন কোন স্কুলের স্টাফদের ক্ষেত্রে প্রযোজ্য হবে ? এবং কোন সময়ের জন্য প্রযোজ্য হবে ?
উত্তর — এই অর্ডার জারি করেছে WBCHSE তাদের Affiliated স্কুলগুলোর জন্য। এখানে বলা হয়নি যে এটা শুধুমাত্র HS এর সেন্টার বা ভেন্যু স্কুলের স্টাফদের জন্যই প্রযোজ্য হবে। অর্থাৎ এটা থেকে বলা যায় যে WBCHSE এর Affiliated সমস্ত HS স্কুলের টিচিং এবং নন টিচিং স্টাফদের জন্য এই অর্ডার বলবৎ হবে। তাতে সেই স্কুলে HS পরীক্ষার সেন্টার / ভেন্যু থাকুক বা না থাকুক। কিন্তু এই অর্ডার মাধ্যমিক ও জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যেহেতু WBCHSE এই স্কুলগুলোর Affiliating Authority নয় এবং এই অর্ডারেও কেবল HS স্কুলের কথাই উল্লেখ করা হয়েছে।
এই অর্ডারের শর্তাবলী 21/09/2026 তারিখ থেকে 14/10/2026 তারিখের মধ্যে নেওয়া যে কোনো ছুটির ক্ষেত্রে প্রযোজ্য হবে।
২) প্রশ্ন — HS পরীক্ষার সময় HS স্কুলের টিচারদের CCL সহ অন্যান্য ছুটি পাওয়ার ক্ষেত্রে এই অর্ডারে ঠিক কী কী শর্ত দেওয়া হয়েছে ?
উত্তর – এই সময়ে কোনো স্টাফকে যে কোনো ছুটি (CL/ML/HAPL/ Commuted Leave/CCL ইত্যাদি) গ্রান্ট করার ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষকে দুটি শর্ত মেনে কাজ করতে হবে —
i) আবেদনকারীর আবেদন আগে HS কাউন্সিলের রিজিওনাল অফিসারের কাছে পাঠাতে হবে এই ছুটির জন্য NOC চেয়ে। যদি কাউন্সিল NOC দেয় তবেই স্কুল কর্তৃপক্ষ প্রার্থিত ছুটি মঞ্জুর করবে। NOC না পেলে ছুটি মঞ্জুর করা যাবে না।
ii) যদি আবেদনকারীর স্বামী/স্ত্রী কোনো সরকারি বা আধাসরকারি (গ্রান্ট ইন এইড) সংস্থার কর্মী হন তাহলে তাঁর স্বামী বা স্ত্রী (যদিও অর্ডারে “both parents” বলছে) যদি সেই সময়ে ছুটিতে থাকেন তাহলে আবেদনকারী একই সময়ে ছুটি পাবেন না। এই কারনে আবেদনকারীকে নিজের আবেদনপত্রের সঙ্গে এই মর্মে একটা Undertaking দিতে হবে যে তাঁর প্রার্থিত ছুটির দিনগুলিতে তাঁর স্পাউস ছুটিতে থাকবেন না।
৩) প্রশ্ন – তাহলে এই পরীক্ষার সময়ে ছুটি অনুমোদনের পুরো প্রসেসটা ঠিক কীরকম হবে ?
উত্তর – মনে রাখবেন ছুটি নেওয়ার আগেই ছুটির পূর্ব অনুমোদন করাতে হবে। নিম্নলিখিত পদ্ধতিতে সমগ্র প্রসেসটা পরপর এই ভাবে সম্পন্ন করতে হবে —
i) আবেদনকারী HOI এর নিকট আবেদনপত্র জমা করবেন। সঙ্গে দেবেন তাঁর আবেদনের সাপোর্টে সাপোর্টিং ডকুমেন্টস। আর দেবেন তাঁর স্পাউস যে একই সময়ে ছুটিতে থাকছেন না সেই সংক্রান্ত একটা আন্ডারটেকিং।
ii) এই আবেদন পাওয়ার পর CL এর ক্ষেত্রে HOI নিজের একটা ফরওয়ার্ডিং লেটারের সঙ্গে আবেদনকারীর থেকে প্রাপ্ত ডকুমেন্টস জুড়ে দিয়ে HS Council এর রিজিওনাল অফিসারের কাছে পাঠিয়ে দেবেন এই ছুটি দেওয়ার ব্যাপারে NOC চেয়ে। যদি রিজিওনাল অফিসার NOC দিয়ে দেন তাহলে HOI উক্ত আবেদনপত্রে “CL granted from —— to —— as per WBCHSE Memo No- L/PR/346/2026, Dated -10/09/2026” লিখে তার সঙ্গে রিজিওনাল অফিসারের কাছ থেকে প্রাপ্ত NOC এর কপি অ্যাটাচ করে সেটাকে ফাইলে রাখবেন। অ্যাটেনডেন্স রেজিষ্টারে CL লিখে দেবেন।
iii) CL ছাড়া অন্য ছুটি যেগুলির জন্য অ্যাডমিনিস্ট্রেটরের অনুমোদন লাগবে সেই আবেদনের ক্ষেত্রে HOI সেটা পাওয়ার পর একটা প্রপোজাল লিখবেন অ্যাডমিনিস্ট্রেটরকে। অ্যাডমিনিস্ট্রেটর সেই অনুযায়ী একটা রেজোলিউশন করবেন যাতে সিদ্ধান্ত নেওয়া হবে যে WBCHSE এর রিজিওনাল অফিসে এই আবেদন ফরওয়ার্ড করা হবে এই ব্যাপারে WBCHSE এর রিজিওনাল অফিসারের NOC পাওয়ার জন্য। এরপর সেই আবেদনকারীর আবেদন, সাপোর্টিং ডকুমেন্টস, আবেদনকারীর Undertaking এবং অ্যাডমিনিস্ট্রেটরের রেজোলিউশন এর সঙ্গে HOI এর ফরওয়ার্ডিং লেটার দিয়ে WBCHSE এর রিজিওনাল অফিসে পাঠিয়ে দেবেন HOI। সেখান থেকে NOC পাওয়ার পর আবার একটা অ্যাডমিনিস্ট্রেটরের রেজোলিউশন করবেন এই ছুটি গ্রান্ট করে। সেই রেজোলিউশনে যেন অবশ্যই WBCHSE এর অর্ডারের মেমো নং – L /PR/346/2026, Dated – 10/09/2026 উল্লেখ করবেন। NOC এর কথাটাও উল্লেখ করে দেবেন। এরপর ঐ ছুটিটা অ্যাটেনডেন্স রেজিষ্টারে তুলে দেবেন। WBCHSE এর রিজিওনাল অফিসার NOC না দিলে ছুটি গ্রান্ট করা যাবে না। ছুটি গ্রান্ট করা না গেলে সেটাও কারন সহ অ্যাডমিনিস্ট্রেটরের রেজোলিউশনে উল্লেখ করতে ভুলবেন না।
৪) প্রশ্ন – উপরে বলা হলো যে এই সময়ে ছুটির পূর্ব অনুমোদন করাতে হবে। কিন্তু অনেক সময়েই বিশেষ পরিস্থিতিতে হঠাৎ ছুটির প্রয়োজন হয়। বিশেষ করে অসুস্থতার ক্ষেত্রে। তখন তো ছুটির পূর্ব অনুমোদন করানো সম্ভব হয় না। সে ক্ষেত্রে কী করতে হবে ?
উত্তর – এই ব্যাপারে এই অর্ডারে কিছু বলা হয়নি। তবে আমাদের জেনারেল Leave Rules এ ছুটির পূর্ব অনুমোদনের মতোই বিশেষ পরিস্থিতিতে ছুটির পরবর্তী অনুমোদনও একটি স্বীকৃত পদ্ধতি। এক্ষেত্রে সেটাই প্রয়োগ করলে সমস্যা হবে বলে মনে হয় না। গুরুতর অসুস্থতা বা অন্য কোনো বিশেষ পরিস্থিতিতে যদি পূর্ব অনুমোদন না নিতে পারেন তাহলে ছুটিতে থাকাকালীনই সেই ছুটির অ্যাপ্লিকেশন এবং পূর্বে উল্লেখিত ডকুমেন্টসগুলি দিয়ে HOI এর নিকট যত দ্রুত সম্ভব পাঠিয়ে দেবেন। HOI বাকি কাজটা উপরে উল্লেখিত পদ্ধতিতে সম্পন্ন করে নেবেন।
৫) প্রশ্ন — যদি HS পরীক্ষার সেন্টার বা ভেন্যু হচ্ছে এমন কোনও HS স্কুলের কোনো স্টাফের সন্তান WBCHSE এর আন্ডারে HS পরীক্ষার্থী হয় এবং ঐ স্টাফ HS পরীক্ষার সময় কোনও ছুটি না নেন তাহলে তিনি কি HS পরীক্ষা সংক্রান্ত কোনো ডিউটি করতে পারবেন ?
উত্তর — না। তিনি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা সংক্রান্ত কোনো ডিউটি বা Invigilation ডিউটি করতে পারবেন না। তিনি বরং নিজেকে পরীক্ষা চলাকালীন দূরে সরিয়ে রাখবেন (“Keep himself/ herself away/ isolated” )। এই দূরে সরিয়ে রাখা মানেটা কী ? কতদূরে সরিয়ে রাখবেন ? তিনি কি পরীক্ষার দিনগুলিতে absent থেকে বিশেষ ছুটি পাবেন ? এর উত্তর অর্ডারে নেই। তবে আমার মনে হয় তাঁকে পরীক্ষার দিনগুলিতে স্কুলে না আসতে দেওয়াই ভালো। অ্যাটেনডেন্স রেজিষ্টারে নোট দেবেন — “Isolation from duties during HS Exam (Third Semester), 2026 as per WBCHSE’s Order vide Memo No- L/PR/346/2026, Dated -10/09/2026″।
৬) প্রশ্ন – পূর্বের অভিজ্ঞতায় দেখা গেছে যে এইরকম অর্ডারের প্রভিশন মেনে ছুটির অ্যাপ্লিকেশন নিয়ে কাউন্সিলের রিজিওনাল অফিসে গেলে তাঁরা অনেক ক্ষেত্রেই মৌখিকভাবে বলে দেন যে কাউন্সিলের অনুমোদন / NOC র দরকার নেই। স্কুল কর্তৃপক্ষই এই ছুটি দিয়ে দিতে পারবে। এই অবস্থায় কী সেটা করা উচিত হবে ?
উত্তর – না , সেটা করবেন না। রিজিওনাল অফিসে যখন এই অর্ডার মোতাবেক অ্যাপ্লিকেশন নিয়ে যাওয়া হয় তখন পূর্বে দেখা গেছে ওখানকার আধিকারিকরা অনেক ক্ষেত্রে মৌখিকভাবে অন্য কথা বলেন। কিন্তু আমাদের উচিত হবে ওনাদের মৌখিক কথা না শোনা। অর্ডারে যা লেখা আছে সেই অনুযায়ী অ্যাপ্লিকেশান সাবমিট করা। Received নেওয়া । Received না করলে মেল করে দেওয়া। তারপর ওনারা যা পারেন করবেন। NOC না পেলে কিন্তু ছুটি গ্রান্ট করা যাবে না। এরপর ক্যান্ডিডেট চাইলে কাউন্সিলে যোগাযোগ করুন বা অন্য higher authority এর কাছে কমপ্লেইন করুন বা কোর্ট কেস করুন। সেখান থেকে যেমন নির্দেশ আসবে পরবর্তী সময়ে সেই অনুযায়ী কাজ করবেন স্কুল কর্তৃপক্ষ। এই পদ্ধতিটা ফলো করা উচিত। নাহলে ভবিষ্যতে এই ছুটি নিয়ে জটিলতা সৃষ্টি হলে দায়টা চলে আসবে সংশ্লিষ্ট কর্মী বা HOI এর উপরে। সেটা করতে দেওয়া ঠিক হবে না। –
৭) প্রশ্ন- এই অর্ডারেও কিছু ধোঁয়াশা আছে যেগুলির Clarification আসা উচিত কাউন্সিল থেকে। সেগুলি কী কী ?
উত্তর – এই অর্ডারের যে যে জায়গাগুলি নিয়ে কিছু কনফিউশন থেকে যাচ্ছে সেগুলি হলো —
i) নন ভেন্যু স্কুলগুলির সব টিচারের ক্ষেত্রে কেন এই রেস্ট্রিকশন প্রযোজ্য হবে ? যদি কোনো নন ভেন্যু স্কুল থেকে টিচারকে ভেন্যুতে ডিউটি দিতে হয় সেটা তো আগেই নির্ধারিত হয়ে যাবে। সে ক্ষেত্রে বাকিদের কেন এই রেস্ট্রিকশনের আন্ডারে আনতে হবে বোঝা গেল না। নন ভেন্যু থেকে টিচার নিতে হয় বড় জোর 5-7%। তার বেশি নয়। তাঁদের জন্য নন ভেন্যু স্কুলের সবার ছুটির জন্য এই রেস্ট্রিকশনটা রাখা কি ঠিক হচ্ছে ? এভাবে সবাইকে আটকানোর কোনও অর্থ হয় না। তবে এটা ঠিক যে নন ভেন্যু স্কুলগুলো থেকে অনেক সময়েই পাশের সেন্টারে/ ভেন্যুতে টিচারদের ইনভিজিলেশন ডিউটি দেওয়া হয়। তাঁদের ছুটিও নিয়ন্ত্রণ করা দরকার। কিন্তু সেই ডিউটি তো সবাইকে দেওয়া হয় না। যাদের ডিউটি দেওয়া হবে আগে থেকে জানিয়ে দেওয়া হোক। তাঁদের জন্য রেস্ট্রিকশন রাখতে পারেন। কিন্তু স্কুলে সেন্টার বা ভেন্যু নেই অথচ গণহারে বাধানিষেধের কোনো মানে হয় না।
ii) এই অর্ডারের দ্বিতীয় প্যারাগ্রাফে বলা হচ্ছে “Both Parents” একসঙ্গে ছুটি পাবেন না পরীক্ষা চলাকালীন সময়ে। কিন্তু কথাটা কী ঠিক হলো ? “Parents” কথাটা তখনই আসে যখন CCL বা বাচ্চার প্রয়োজনে কোনো ছুটির কথা বলা হয়। এখানে তো স্পেসিফিক কোনো ছুটির কথা বলা হয়নি। সব ছুটির কথাই বলা হয়েছে। তাহলে “Both Parents” কেন বলা হলো বলা হচ্ছে বোঝা গেল না। “Both the Spouses” বললেও নাহয় হতো। আবার এটাও ঠিক যে “Both the Spouses”ই বা কেন বলা হবে ? স্বামী এবং স্ত্রী দুজনেরই আলাদা আলাদা কারনে ছুটি লাগতেই পারে। সেটাতে কী ভাবে বলা যায় যে একজন ছুটি পেলে অন্যজন পাবে না। হ্যাঁ এটা একমাত্র ভ্যালিড হয় যদি এটা বলা হয় যে একই সন্তানের যত্নের জন্য কর্মরত স্বামী বা স্ত্রী দুজনেই CCL/ Paternity Leave এর মতো ছুটি একসঙ্গে নিতে পারবেন না। যে কোনো একজন পাবেন। এটা বললে ব্যাপারটা অনেকটা যুক্তিগ্রাহ্য হতো।
দেখা যাক হয়ত এই বিষয়গুলির ক্লারিফিকেশন দিয়ে WBCHSE খুব শীঘ্রই আবার নোটিফিকেশন জারি করবে। আর কিছু দিন ওয়েট করে দেখা যাক।

SOURCE-SMR





