মানবসম্পদ বিকাশ মন্ত্রক

azadi ka amrit mahotsav

গ্রাম বাংলার শিক্ষিকা শ্রীমতী তনুশ্রী দাস ২০২৫ সালের জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত হলেন

প্রকাশিত: 03 SEP 2025 2:09PM by PIB Kolkata

কলকাতা, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

ভারত সরকারের শিক্ষা মন্ত্রক জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫- এর প্রাপকদের নাম ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের মেদিনীপুরের কুছলাচাটি প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষিকা শ্রীমতী তনুশ্রী দাসকে তাঁর অভিনব উদ্যোগ ও নিবেদিত প্রচেষ্টার জন্য এই সম্মানে সম্মানিত করা হয়েছে। তিনি বিদ্যালয়কে শিক্ষার পাশাপাশি, এক সামাজিক রূপান্তরের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন।

শ্রীমতী দাস ১৯৯৯ সালে তাঁর শিক্ষকতা জীবন শুরু করেন। ২০১৬ সাল থেকে তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসেবে কাজ করছেন। তাঁর বিদ্যালয়টি একটি আর্থিকভাবে দুর্বল গ্রামে অবস্থিত, যেখানে মূলত আদিবাসী শবর ও পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। একসময় এখানে বিদ্যালয়ে ভর্তির হার কম ছিল, পড়াশোনা ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি ছিল এবং বাল্যবিবাহ ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। তাঁর উদ্যোগে বিদ্যালয়টি ২০১৬ সাল থেকে “জিরো ড্রপআউট” এর লক্ষ্য সফলভাবে পূরণ করছে।

তাঁর উল্লেখযোগ্য কৃতিত্ব অভিনব শিক্ষণ-পদ্ধতি ও সমাজ সংস্কারমূলক কার্যক্রম। তিনি বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শ্রেণিকক্ষ গড়ে তুলেছেন, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে কম খরচে শিখন সামগ্রী তৈরি করেছে। নতুন শিক্ষা নীতির আলোকে প্রযুক্তির ব্যবহার, প্রজেক্টরের মাধ্যমে পাঠদান এবং নাচ-গান, নাটক, অঙ্কন, সেলাই ও বাগান চর্চার মতো সহশিক্ষামূলক কার্যক্রমও বিদ্যালয়ে চালু হয়েছে।

শিশুদের উন্নতিতে পরিবারের ভূমিকার উপর গুরুত্ব দিয়ে তিনি “নারী শক্তি” গোষ্ঠি গঠন করেছেন, যারা বাল্যবিবাহ ও গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে কাজ করছে। মায়েদের অনুপ্রেরণা দিতে চালু হয়েছে “মাদার অফ দ্য ইয়ার” পুরস্কার। এছাড়া, বিদ্যালয়ে রয়েছে একটি স্কুল ব্যাংক, যেখানে ভর্তির সময় প্রতিটি শিশুকে একটি ভাঁড় দেওয়া হয়; তারা সেখানে টাকা জমা রাখে এবং উচ্চশিক্ষা বা জরুরি প্রয়োজনে তা ব্যবহার করে। বিদ্যালয়ে আরও রয়েছে একটি শুশ্রূষা কর্নার, যা শিশুদের কাছে “হাসপাতাল” নামে পরিচিত।

শ্রীমতী দাসের নেতৃত্বে বিদ্যালয় একাধিক পুরস্কার অর্জন করেছে—

স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার (২০২২)

নির্মল বিদ্যালয় পুরস্কার (২০২৩)

জেলা স্তরের সেরা শিখন সামগ্রী পুরস্কার (২০২৫)

জেলা স্তরের স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রতিযোগিতায় প্রথম স্থান (২০২৫)

 

কলায় স্নাতকোত্তর শ্রীমতী দাসের লক্ষ্য শিক্ষাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা এবং শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা, যাতে তারা সমাজের ইতিবাচক পরিবর্তনে সক্রিয় ভূমিকা নিতে পারে।

 

***

 

SSS/PK/03.09.25
(রিলিজ আইডি: 2163321)  

 SOURCE-PIB

  •  ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top