সুপ্রীম কোর্টের নির্দেশে কর্মরতদের জন্য TET। কী আছে তাতে ?

এই সংক্রান্ত বিভিন্ন নোটিফিকেশানগুলি কেমন ছিল। সবটা নিয়ে আলোচনা করলাম। তবে আলোচনাটা মূলত আপার প্রাইমারীর ইস্যুর মধ্যেই সীমাবদ্ধ রাখলাম। প্রাইমারীর ক্ষেত্রে খুব একটা ঢুকলাম না।  

——————————————————————————————

১) প্রশ্ন – 01/09/2025 তারিখে সুপ্রীম কোর্টের সাম্প্রতিক অর্ডারে কর্মরতদের TET নিয়ে নিয়ে ঠিক কী নির্দেশ দেওয়া হয়েছে ?

উত্তর – TET নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে –

ক) পাঁচ বছর বা তার বেশি চাকরি আছে এমন ইন সার্ভিস প্রাইমারি ও আপার প্রাইমারী টিচারদের জন্য TET বাধ্যতামূলক। কোন বছরে সংশ্লিষ্ট টিচারের নিয়োগ হয়েছে সেটা বিবেচ্য নয়।

খ) TET পাস না থাকলে সংশ্লিষ্ট টিচারদের কোনো প্রমোশন হবে না। সে ক্ষেত্রে কতদিন আর চাকরি আছে সেটা বিবেচ্য নয় ।

গ) যাঁদের পাঁচ বছর বা তার বেশি চাকরি আছে তাঁদের অবশ্যই 31/08/2027 এর মধ্যে TET কোয়ালিফাই করতে হবে।

ঘ) উপরোক্ত সময়ের মধ্যে TET কোয়ালিফাই না করতে পারলে সংশ্লিষ্ট টিচার চাকরিতে থাকার অধিকার হারাবেন। তাঁদের তখন বাধ্যতামূলক অবসর নিতে হবে। এইভাবে যাঁরা বাধ্যতামূলক অবসর নেবেন তাঁরা সমস্ত Retiremental Benefits পাবেন। যদি এইভাবে Retire করার সময় কোনো টিচারের কোয়ালিফাইং সার্ভিস লেংথ কম হয় তাহলে সেটাকে মকুব করে দিয়ে Retirement Benefits দেওয়ার কথা বিবেচনা করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঙ) ভবিষ্যতে TET ছাড়া কোনও নিয়োগ বা প্রমোশন হবে না।

২) প্রশ্ন – উপরে আলোচনা করার সময় বলা হলো টিচারদের জন্য টেট লাগবে। এটা কি সমস্ত টিচারদের জন্যই প্রযোজ্য ?

উত্তর – না। সমস্ত টিচারদের জন্য এই অর্ডার প্রযোজ্য নয়। সুপ্রীম কোর্টের অর্ডারে বলা হচ্ছে RTE ACT, 2009 এর ধারা 2(n) এ উল্লেখিত স্কুলগুলোর জন্য এই বাধ্যতামূলক টেট প্রযোজ্য হবে। RTE Act এর উক্ত ধারায় বলা হয়েছে সমস্ত Govt/ Govt Aided/ Govt Sponsored/Private স্কুলগুলি যেগুলি এলিমেন্টারি এডুকেশন দিয়ে থাকে সেই স্কুলগুলোর টিচারদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে। এই Act এরই ধরা 2 (f) এ বলে দিয়েছে যে “Elementary Education” এডুকেশন বলতে বোঝাবে Class I থেকে Class VIII পর্যন্ত পড়াশোনা। সুতরাং যে সমস্ত টিচার প্রাইমারী ও আপার প্রাইমারী স্কুলে পড়ান তাঁদের জন্য এই নিয়ম কার্যকর হবে। অনেকেই বলছেন সমস্ত স্তরের টিচারদেরই TET বাধ্যতামূলক। এমন কথা সুপ্রিম কোর্টের অর্ডারে নেই। তাই IX -X লেভেলের বা XI -XII লেভেলের টিচারদের জন্য TET লাগবেই এমন কথা আপাতত বলা যায় না। অবশ্য ভবিষ্যতে RTE সংশোধনের মাধ্যমে বা উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা অর্ডার জারি হলে তখন হতে পারে।

৩) প্রশ্ন – এক্ষেত্রে আমাদের নরমাল সেকশন এর টিচার/ HS সেকশনের টিচাররাও কি এই নিয়মের আওতায় আসবেন ?

উত্তর – এটি নিয়ে জটিলতা আছে। এই বিষয়টা নিয়ে আমার আগের পোষ্ট আছে। পড়ে দেখতে পারেন। এই পোস্টের শেষেও আলোচনা করেছি।

৪) প্রশ্ন – এই রায় হয়েছে RTE ACT কে ভিত্তি করে। RTE ACT এসেছে 2009 সালে। তারপর 2010 সাল থেকে এই অ্যাক্টের প্রভিশনগুলিকে মান্যতা দিয়ে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা বিভিন্ন নোটিফিকেশন এসেছে। এমনকি পরবর্তীতে RTE ACT এর একাধিকবার সংশোধনীও এসেছে। তাহলে সুপ্রিমকোর্ট কেন এমন অর্ডার দিল যেখানে বলা হলো RTE ACT কার্যকর হওয়ার আগে যাদের নিয়োগ হয়েছে তাঁদের জন্যও TET বাধ্যতামূলক ?

উত্তর – এর উত্তর নিহিত রয়েছে RTE ACT, 2009 এর মধ্যে। এই ACT এর ধারা 23 (1) এ বলছে টিচারদের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন নির্ধারণ করবে কেন্দ্রীয় সরকার দ্বারা গঠিত “Academic Authority “। উল্লেখ্য এই একাডেমিক অথরিটিটি হলো NCTE। এই নির্দেশের বলে NCTE টিচারদের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন সেট করেছে। তার মধ্যে টেট কোয়ালিফাই করা অন্যতম। RTE ACT, 2009 এর ধারা 23(2) পরিষ্কার করে বলে দিয়েছে , ” A teacher who at the commencement of this Act does not possess minimum qualifications as laid down under sub section 1 shall acquire the minimum qualifications within a period of five years”। সুতরাং RTE ACT, 2009 তেই বলা ছিল সেই অ্যাক্টের Commencement এর দিনে যাঁদের মিনিমাম কোয়ালিফিকেশন নেই তাঁদের পাঁচ বছরের মধ্যে সেটা অর্জন করতে হবে। অর্থাৎ কর্মরত সমস্ত টিচারদের জন্য টেট বাধ্যতামূলক হয়েই ছিল।

মূল অ্যাক্টে উল্লেখিত এই মিনিমাম কোয়ালিফিকেশন ( অর্থাৎ TET ) অর্জন করার পাঁচ বছরের সময়সীমা শেষ হয়ে গিয়েছিল 2015 সালে । তাই 2017 সালে RTE ACT এর একটা সংশোধনী এনে সেই সময়সীমা আরো বর্ধিত করা হয়েছিল 01/04/2015 তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য, অর্থাৎ 31/03/2019 তারিখ পর্যন্ত। এখানে উল্লেখ্য অনেকেই ভুল প্রচার করছেন যে RTE ACT, 2017 সংশোধনীতেই নাকি প্রথম এই বাধ্যতামূলক টেট এর কথা বলা হয়। সেটা ঠিক নয়। উপরের আলোচনা থেকে এটা বোঝা গেল যে সমস্ত ইন সার্ভিস টিচারদের জন্য এই বাধ্যতামূলক মিনিমাম কোয়ালিফিকেশন (এক্ষেত্রে মূলত টেট) অর্জন করার কথা সেই মূল RTE ACT, 2009 তেই বলা ছিল। 2017 এর সংশোধনী কেবল এই কোয়ালিফিকেশন অর্জনের জন্য ছাড়ের সময়সীমাও আরো চার বছর বৃদ্ধি করেছিল। আশ্চর্যের কথা হলো আইনের এমন একটা অন্যায় প্রভিশন দেখেও সমগ্র দেশের এত এত শিক্ষক সংগঠন সেই 2009 সাল থেকে চুপ করে থাকলো। দোষ তো আমাদেরই। আমরা এই আইন সংশোধনের জন্য কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করিনি। রাজ্য সরকারগুলিও জাস্ট মজা দেখেছে। এখন সুপ্রিম কোর্টের দোষ খুঁজতে যাওয়া বৃথা। সুপ্রীম কোর্ট তো আইন অনুযায়ীই বিচার করবে।

৫) প্রশ্ন – RTE ACT, 2009 এসে যাওয়ার পর সেই আইনে উল্লেখিত “Academic Authority ” হলো NCTE। টিচার নিয়োগ সংক্রান্ত তার প্রথম গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি কবে হয়েছিল ? কী ছিল তাতে ?

NCTE NOTIFICATION 2001. :

——————————————–

উত্তর – RTE তে উল্লেখিত একাডেমিক অথরিটি হলো NCTE। কেন্দ্রীয় সরকারের দ্বারা NCTE গঠিত হয় 1993 সালের NCTE Act অনুযায়ী। তারপর NCTE এলিমেন্টারি টিচারদের নিয়োগ ও যোগ্যতা সংক্রান্ত প্রথম নোটিফিকেশন জারি করে 2001 সালে। সেই নোটিফিকেশনে বলা হয়েছিল —

১) টিচারদের মিনিমাম কোয়ালিফিকেশন এর কথা। ডিটেইলস যাচ্ছি না। নোটিফিকেশনটা ওয়েবসাইটে আছে। দেখে নিতে পারেন।

২) সব স্তরের টিচারদের (অর্থাৎ প্রাইমারি, এলিমেন্টারি, সেকেন্ডারী ও সিনিয়র সেকেন্ডারি ) কথাই বলা হয়েছিল এই নোটিফিকেশনে।

৩) এই নোটিফিকেশন অনুযায়ী যে সমস্ত টিচারদের মিনিমাম কোয়ালিফিকেশন ছিল না তা অর্জন করে নিতে বলা হয়।

৪) মনে রাখতে হবে এই নোটিফিকেশান প্রকাশের সময় তখনও RTE ACT, 2009 আসেনি। তাই RTE ACT এর কোনো ছায়া এতে পড়েনি।

৫) এই নোটিফিকেশনে টিচারদের মিনিমাম কোয়ালিফিকেশন হিসাবে TET এর কোনও উল্লেখ ছিল না।

৬) প্রশ্ন – টিচারদের মিনিমাম কোয়ালিফিকেশন তথা মিনিমাম কোয়ালিফিকেশন হিসাবে TET এর উল্লেখ প্রথম কোন NCTE নোটিফিকেশানে করা হয় ? কী ছিল এতে ?

NCTE NOTIFICATION 23 rd August, 2010

—————————————————–

উত্তর – NCTE তার 23/08/2010 তারিখের নোটিফিকেশনে প্রথম TET এর উল্লেখ করে। এতে বলা হয়েছিল –

ক) আপার প্রাইমারী পর্যন্ত স্কুলের টিচারদের মিনিমাম কোয়ালিফিকেশন এর কথা। (ডিটেইলস দিচ্ছি না। ওয়েবসাইটে আছে। দেখে নিতে পারেন।)

খ) এই প্রথম মিনিমাম কোয়ালিফিকেশন এর মধ্যে TET কে অন্তর্ভুক্ত করা হলো।

গ) এই নোটিফিকেশান প্রকাশের ( 23/08/2010) পর থেকে নিযুক্ত সমস্ত টিচারদের জন্য TET বাধ্যতামূলক হয়ে গেল।

ঘ) এই নোটিফিকেশান অনুযায়ী 03/09/2001 থেকে 23/08/2010 পর্যন্ত যে সমস্ত আপার প্রাইমারী টিচার নিয়োগ হয়েছেন তাঁদের জন্য কিন্তু টেট Mandatory নয়।

ঙ) এই নোটিফিকেশান প্রকাশের পরে নিয়োগ হলেও টেট লাগবে না যদি সেই নিয়োগের বিজ্ঞপ্তি এই নোটিফিকেশান প্রকাশের আগেই হয়ে থাকে। এই ঘটনাটাই ঘটেছিল 2011 এর এসএসসি দ্বারা সিলেকশন টেস্টের ক্ষেত্রে। সেখানে পরীক্ষা পরে হলেও সেই পরীক্ষার অ্যাড হয়েছিল 23/08/2010 এর আগে। তাই যাঁরা 2010 এর SLST দিয়ে 2011 তে চাকরি পেয়েছিলেন তাঁদের TET নেওয়া হয়নি।

চ) যে টিচাররা 03/09/2001 এর আগে নিযুক্ত হয়েছিলেন তাঁদের ক্ষেত্রে তৎকালীন রাজ্যগত Recruitment Rules প্রযোজ্য হবে। তাই তাঁদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক থাকছে না।

৭) প্রশ্ন – NCTE কবে ও কোন নোটিফিকেশনের দ্বারা টেট সংক্রান্ত Detailed Guidelines প্রকাশ করেছিল ? কী ছিল সেই নোটিফিকেশনে ?

NCTE NOTIFICATION 2011( 11/02/2011)

—————————————————

উত্তর- টেট এর নিয়ম কানুন ও পদ্ধতি নিয়ে NCTE 2011 সালের ফেব্রুয়ারি মাসে একটা গাইডলাইন প্রকাশ করে । এতে বলা হয়েছিল —

ক) রাজ্য সরকার তার অধীনস্থ কোনো Examinig Body কে দিয়ে বছরে অন্তত একবার টেট অর্গানাইজ করবে।

খ) TET এর দুটি ভাগ।

Paper 1 – এটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত স্কুলের টিচার হওয়ার জন্য।

আর একটা Paper -2 – এটা ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত স্কুলে টিচার হওয়ার জন্য।

গ) উপরোক্ত দুটি পেপারেই মোট মার্কস 150। প্রশ্নপত্রে থাকবে 150 টি মাল্টিপল চয়েস কোশ্চেন। কোনও নেগেটিভ নেই।

ঘ) TET SYLLABUS

Paper 1 ( Class I থেকে V) –

—————————————————

Child Development and Pedagogy – 30 , বাংলা – 30, ইংরাজি – 30, Mathematics – 30, Environment Studies – 30।

সময় – 1.30 ঘন্টা ।

Paper -2 ( Class VI – VIII)

—————————————————–

Child Development and Pedagogy – 30, বাংলা – 30, ইংরাজি – 30, এছাড়া সায়েন্স গ্রুপের টিচারদের জন্য থাকবে 60 টি সায়েন্স ও ম্যাথের কোশ্চেন এবং সোশ্যাল স্টাডিজ গ্রুপের টিচারদের জন্য থাকবে 60 টি সোশ্যাল স্টাডিজ এর কোশ্চেন। অন্য সাবজেক্ট গ্রূপগুলির টিচাররা উপরোক্ত দুটি সাবজেক্ট কম্বিনেশন এর মধ্যে যে কোনও একটিতে পরীক্ষা দেবেন।

সময় – 1.30 ঘন্টা।

ঙ) TET Qualified হওয়ার জন্য টোটাল টেট মার্কসের 60 % বা তার বেশি পেতে হবে। তবে রিজার্ভড প্রার্থীরা নিয়ম অনুযায়ী পার্সেন্টেজ এ ছাড় পাবেন।

চ) TET পাস করলেই টিচার পদে নিয়োগের নিশ্চয়তা নয়। এটা কেবল টিচার হওয়ার জন্য একটা নূন্যতম যোগ্যতা মাত্র। এটা কোয়ালিফাই করার পর একজন প্রার্থী টিচার নিয়োগের প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন। সেই নিয়োগ প্রক্রিয়ায় অবশ্য এই টেট স্কোরের কিছুটা ওয়েটেজ দেওয়া হবে। অবশ্য শুধু টেট এর মার্কসের ভিত্তিতে প্যানেল করে নিয়োগ করার ক্ষেত্রেও কোনো বাধা নেই। আমাদের রাজ্যে আপার প্রাইমারীতে 2011 আর 2014 তে যে দুটি টেট হয়েছিল তাতে এই টেট স্কোরের সঙ্গে শুধুমাত্র ইন্টারভিউ এর মার্কস যোগ করেই ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয়েছিল।

ছ) TET দুই রকমের। কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল টেট আর রাজ্য সরকারের স্টেট টেট। সেন্ট্রাল টেট দিয়ে সেন্ট্রাল GOVT এর অধীনস্থ স্কুলগুলিতে যাওয়া যাবে। রাজ্য টেট দিয়ে রাজ্যের অধীনস্থ স্কুলগুলিতে যাওয়া যাবে। তবে কোনও রাজ্য চাইলে সেই রাজ্য নিজে টেট না নিয়ে অন্য কোনো রাজ্যের টেট বা সেন্ট্রাল টেটকে মান্যতা দিতে পারে। রাজ্য মান্যতা না দিলে কিন্তু অন্য রাজ্যের টেট বা সেন্ট্রাল টেট সেই রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে বেসরকারি স্কুলগুলো নিজের পছন্দের মতো সেন্ট্রাল টেট অথবা রাজ্য টেট টেটকে মান্যতা দিতে পারে।

জ ) TET বছরে একবার নিতে হবে। কিন্তু সর্বোচ্চ কতবার বছরে নেওয়া যাবে তার ঊর্ধ্বসীমা নেই। একজন প্রার্থী যতবার খুশি টেট দিতে পারে। একজন টেট পাস প্রার্থী চাইলেও আবার টেট দিতে পারেন। এই সুযোগটাকে কাজে লাগানো হবে কর্মরতদের টেট পাস করানোর জন্য। এই নিয়ে অন্য পোস্টে আগেই আলোচনা করেছি।

ঝ) একজন টেট পাস কর্মীর টেট সার্টিফিকেট ম্যাক্সিমাম সাত বছর ভ্যালিড থাকবে। পরে অবশ্য এই নিয়ম পরিবর্তন হয়ে টেট কোয়ালিফাইং সার্টিফিকেটের মেয়াদ লাইফটাইম করে দেওয়া হয়েছে NCTE Notification ( তারিখ – 09/06/2021) দ্বারা। তাই যাঁদের টেট সার্টিফিকেট আছে তাঁরা ধরে নিতে পারেন তাঁদের TET সার্টিফিকেট আজীবন ভ্যালিড।

৮) প্রশ্ন – ফিজিক্যাল এবং ওয়ার্ক এডুকেশন টিচারদের জন্য TET নিয়ে NCTE এর কোন নোটিফিকেশনে ঠিক কী বলা হয়েছে ?

উত্তর – NCTE NOTIFICATION, 2011 ( 29/07/2011)

—————————————————–

i ) এই নোটিফিকেশনে পরিস্কার হয়ে গেল যে ফিজিক্যাল এডুকেশন ও ওয়ার্ক এডুকেশন এর টিচারদের জন্য TET বাধ্যতামূলক নয়।

ii) Physical Education এর টিচারদের মিনিমাম যোগ্যতা হবে NCTE Notification, 2001 এ উল্লেখিত যোগ্যতা । মানে গ্র্যাজুয়েশন আর BPEd থাকলেই হবে। টেট বাধ্যতামূলক নয়।

ii) ওয়ার্ক এডুকেশন এর টিচারদের মিনিমাম যোগ্যতা হবে স্টেট Govt নির্ধারিত চিরাচরিত যোগ্যতা। অর্থাৎ ওয়ার্ক এডুকেশন এর টিচাররা যে যোগ্যতায় নিযুক্ত হয়েছেন সেটাই যথেষ্ট। তাঁদের ক্ষেত্রেও TET বাধ্যতামূলক নয়।

তবে এখানে উল্লেখ্য সুপ্রিমকোর্টের রায়ে কিন্তু সমস্ত আপার প্রাইমারী টিচারদের জন্যই TET বাধ্যতামূলক। সুতরাং এটা নিয়ে একটা অস্পষ্টতা আছে। আইনী ব্যাখ্যা লাগবে।

৯) প্রশ্ন – 11/02/2011 এর NCTE Notification এ টেট এর যে গাইডলাইন দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল যে 150 নাম্বারের টেট পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা সময় পাবেন 1.30 ঘণ্টা। এই সময় অত্যন্ত সীমিত ছিল। এরপর NCTE কী ভাবে বিভিন্ন নোটিফিকেশন দ্বারা সেই সময়সীমা বৃদ্ধি করেছিল ?

উত্তর – NCTE পরে TET পরীক্ষার সময় সীমা বিভিন্ন নোটিফিকেশন জারির ( যেমন – 09/04/2013, 22/05/2014 ) মাধ্যমে 1.30 ঘণ্টা থেকে 2.30 ঘন্টা করে দিয়েছিল। সেটাই এখনও চালু আছে।

১০) প্রশ্ন – 2011 সালে যে TET পরীক্ষা হয়েছিল তাতে 90 মার্কসের স্কোর কার্ড দেওয়া হয়েছে। কিন্তু উপরে আলোচনায় দেখলাম TET হতে হবে 150 মার্কসের। তাহলে কি যাঁরা 90 মার্কসের TET দিয়ে কর্মরত তাঁদের আবার 150 মার্কসের TET দিতে হবে ?

উত্তর – ওই TET টা 90 নয়। একচুয়ালি 150 নম্বরেরই হয়েছিল। এসএসসি বোঝার ভুলে 90 মার্কসের স্কোর কার্ড দিয়ে সমস্যা তৈরি করেছে। ঐ TET পরীক্ষাতে 90 মার্কসের জেনারেল পেপারগুলি ছাড়া 60 মার্কসের সাবজেক্টের পরীক্ষাও নিয়েছিল। দুটি মিলিয়ে TET দেখিয়ে দিলেই 150 মার্কসের টেট হয়ে যায়। TET এর স্ট্রাকচার অনুযায়ী সেটা ভুল কিছু হতো না। তারপর ইন্টারভিউ এর মার্কস যোগ করে সিলেকশন এর মেরিট লিস্ট করলে কোনো সমস্যাই হতো না। কিন্তু এসএসসি ভুল করলো সাবজেক্টটাকে আলাদা করতে গিয়ে। ফলে টেট দেখিয়ে দিল 90 মার্কসের। যেটা ভুল। এখন ব্যাপারটা ঘেঁটে গেছে। এখনই আইনজ্ঞদের সঙ্গে কথা বলে এসএসসির উচিত হবে এই ভুল শুধরে নেওয়া সম্ভব কি না সেটা খতিয়ে দেখা। সংশ্লিষ্ট ক্যান্ডিডেটদের এই ঝামেলার হাত থেকে বাঁচানো। নাহলে ভবিষ্যতে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে।

১১) প্রশ্ন – নরমাল সেকশন এর টিচারদের কি TET দিতে হবে ?

উত্তর – উপরে আলোচনায় বলেছি সুপ্রিম কোর্টের অর্ডার এবং বর্তমান নিয়ম অনুযায়ী TET শুধুমাত্র প্রাইমারী ( Class I থেকে Class V) এবং আপার প্রাইমারী ( ক্লাস VI থেকে VIII) টিচারদের জন্য প্রযোজ্য। নরমাল সেকশন বলতে Class V থেকে ক্লাস X বোঝায়। যাঁরা নরমাল সেকশনে আছেন তাঁদের মধ্যে কে কে আপার প্রাইমারীতে যাবেন এবং কে কে IX -X বলে পরিগণিত হবেন এবং কী ভাবে ও কীসের ভিত্তিতে হবেন সেটা নিয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। নরমাল সেকশনের মধ্যে আপার প্রাইমারী আলাদা করতে গেলেই ঝামেলা হবে। কোর্ট কেস হবে। এটা নিয়ে আগেই কোর্ট কেস হয়েছিল। সেটাতে হাইকোর্ট বলেছে যে নরমাল সেকশন এর টিচারদের আপার প্রাইমারীতে ঠেলা যাবে না। তাদের নরমাল সেকশনেই রাখতে হবে। এরপর এডুকেশন ডিপার্টমেন্টও অর্ডার ( মেমো নং – 1197- SE/S, তারিখ – 13/09/2022) জারি করে জানিয়ে দেয় যে নরমাল সেকশনের কোনও টিচারকে আপার প্রাইমারীতে আনা হবে না। সুতরাং এটা বেশ জটিল ব্যাপার। ভবিষ্যতে জল কোথায় দাঁড়ায় সেটা দেখার আছে।

১২) প্রশ্ন – উপরের ৬ নং প্রশ্নোত্তরের আলোচনায় দেখা যাচ্ছে 23/08/2010 এর NCTE Notification অনুযায়ী 23/08/2010 এর আগে নিযুক্ত টিচারদের জন্য TET বাধ্যতামূলক নয়। তবু সুপ্রিমকোর্ট কেন সমস্ত ইন সার্ভিস টিচারদের জন্য TET বাধ্যতামূলক করে দিল ?

উত্তর – ঠিকই NCTE এর উক্ত নোটিফিকেশান অনুযায়ী দেখলে এই রায়টা অদ্ভুত মনে হচ্ছে। ঐ NCTE Notification গুলিকে হাতিয়ার করেই হয়ত ভবিষ্যতে যেটুকু আইনি প্রতিকার পাওয়ার সুযোগ আছে সেটা পাওয়ার জন্য লড়াই করা হবে। সুপ্রিমকোর্ট এই নোটিফিকেশানগুলি যেন দেখেও দেখেনি। বলা চলে দেখতে চায়নি। তাদের কাছে একটা নোটিফিকেশন এর চেয়ে RTE এর মতো একটা অতি গুরুত্বপূর্ণ আইনে কী লেখা আছে সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে। সুপ্রিমকোর্ট এই রায় দিয়েছে RTE ACT এর আলোকে। RTE ACT এর মধ্যেই লুকিয়ে আছে এই রায়ের রসদ। উপরে আলোচিত চার নং প্রশ্নের উত্তর আর একবার পড়ুন। ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। অনেকেই বলছেন যদি শিক্ষকদের TET দিতে হয় তাহলে আগেকার ডাক্তারদেরও আবার NEET দিতে হবে বা বিচারকদের আবার জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা দিতে হবে। না, ভালো করে শুনে রাখুন ডাক্তার বা বিচারকদের জন্য আবার নতুন করে কোনো কোয়ালিফাইং এক্সাম দিতে হবে না। কারন তাদের জন্য RTE ACT, 2009 এর মতো কোনো কালা কানুন বানানো হয়নি যেখানে সেই আইনের বলে তাদের পুনরায় পরীক্ষায় বসতে হবে। সুতরাং কোর্টের উপর অভিমান না করে প্রতিবাদ হোক RTE আইনের এই ধারার বিরূদ্ধে। কোর্ট তো আইন অনুযায়ীই বিচার করবে। এই আইন সংশোধনের জোরালো দাবি উঠুক। RTE এর অনেক ভালো দিক আছে। কিন্তু টিচারদের জন্য এটা ভালো কিছু নিয়ে আসেনি। এই RTE আইন টিচারদের নানা বন্ধনে বেঁধেছে। অথচ তাদের অধিকার সুরক্ষিত করার জন্য কিছুই বলেনি। তাদের শাস্তির কথা বলেছে। কিন্তু তাদের পাওনা গণ্ডা, প্রমোশন, Retiremental Benefits নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলেনি। সেই ব্যাপারগুলোতে শুধু বলেছে রাজ্য সরকার যেমন মনে করবে তেমন করবে।

১৩) প্রশ্ন – একবার TET পাস করে একটা চাকরি পাওয়ার পর অন্য চাকরিতে জয়েন করলে আবার কি TET দিতে হবে ?

উত্তর – না । একবার টেট কোয়ালিফাই করলে আর করতে হবে না। আগেই বলেছি টেট এর ভ্যালিডিটি লাইফটাইম। তবে একটা ক্যাটাগরি থেকে অন্য ক্যাটাগরিতে গেলে আবার টেট দিতে হবে। প্রাইমারীর টেট দিয়ে আপার প্রাইমারীতে অথবা আপার প্রাইমারীর টেট দিয়ে প্রাইমারীতে কাজ হবে না।

১৪) প্রশ্ন – এই TET নিয়ে শিক্ষককূল মারাত্মক চিন্তিত হয়ে পড়েছেন। এতটা চিন্তা করার সত্যিই কি কোনো দরকার আছে ? 

 

উত্তর – না। এত চিন্তা করার কোনো কারন নেই। কেন নেই সেটা নিয়ে এর আগে একাধিকবার লিখেছি। সে সেগুলি পড়ে দেখতে পারেন

 

 SOURCE-SMR

©Kamaleshforeducation.in (2023)

error: Content is protected !!
Scroll to Top