AHM অর্থাৎ Assistant Headmaster অর্থাৎ সহকারী প্রধানশিক্ষক এর সাতকাহন। AHM নিয়োগ পদ্ধতি , AHM এর Pay Fixation, দায়িত্ব-কর্তব্য, চাকরির শর্ত ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সরকারি নির্দেশের আলোকে বিস্তারিত আলোচনা করা হল। বড় লেখা। একবার পড়ে ফেললে সবটা জানা হয়ে যাবে। –
—————————————————————————————
১) প্রশ্ন – কোন ধরণের স্কুল AHM নিয়োগের যোগ্য ?
উত্তর — এডুকেশন ডিপার্টমেন্ট তার মেমো নং- 671 SE ( S) তারিখ – 19/05/2004 দ্বারা বলেছে যে যদি কোনো High School ( 10 Class স্কুল) এর বিগত তিন বছরের মোট ছাত্র ছাত্রী সংখ্যা 750 বা তার বেশি থাকে তাহলে সেই স্কুল AHM পোস্ট পাওয়ার যোগ্য। HS স্কুলের ক্ষেত্রে সংখ্যাটা 1000।
২) প্রশ্ন – যদি উপরের যোগ্যতা থাকে এবং এখনও পর্যন্ত AHM পোস্ট এডুকেশন ডিপার্টমেন্ট থেকে Sanctioned করা না হয়ে থাকে তাহলে AHM নিয়োগের ক্ষেত্রে সেই স্কুল সবচেয়ে প্রথমে কী পদক্ষেপ নেবে ?
উত্তর — সর্বপ্রথম কমিশনার অফ স্কুল এডুকেশন থেকে AHM পোস্ট Sanctioned করাতে হবে। এর জন্য বিগত তিন বছরের রোল স্ট্রেংথ এর স্টেটমেন্ট বানিয়ে তাতে সংশ্লিষ্ট SI এর সই করিয়ে সেটার সঙ্গে এমসি রেজোলিউশন, স্কুলের রিকগনিশন মেমো, গ্র্যান্ট ইন এড মেমো, ষ্টাফ প্যাটার্ন, MC Validity Certificate, No Litigation Certificate, HOI এর Forwarding Letter ইত্যাদি ডকুমেন্টস দিয়ে ( DI অফিস ভেদে আরও ডকুমেন্টস লাগতে পারে। সেটা অফিস থেকে জেনে নিতে হবে) ডি আই এর কাছে আবেদন করতে হবে AHM Post Sanctioned করার জন্য। ডি আই অফিস ইন্সপেকশন করে বা স্কুল কর্তৃপক্ষ এর নিকট থেকে অতিরিক্ত রিপোর্ট ও ডকুমেন্টস নিয়ে তাঁদের রেকমেন্ডেশন পাঠিয়ে দেবেন কমিশনার অফ স্কুল এডুকেশনকে। তারপর সেটা যাবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এ। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এর অনুমোদন পেলে কমিশনার অফ স্কুল এডুকেশন Post Sanctioning Memo ইস্যু করবেন। সেই মেমোর কপি ডি আই অফিস এর মাধ্যমে পাওয়ার পর স্কুল AHM নিয়োগের পরবর্তী প্রক্রিয়ার মধ্যে যাবে।
৩) প্রশ্ন – Post Sanctioning Memo পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষের পরবর্তী কাজ কী হবে ?
উত্তর – যে সমস্ত স্কুল উপরোক্ত পদ্ধতিতে কমিশনার অফ স্কুল এডুকেশন থেকে Post Sanctioning Memo এর কপি পেলেন বা যে সমস্ত স্কুলের আগেই AHM ছিলেন কিন্তু এখন ভ্যাকান্ট আছে তাদের কাজ হবে এই পদে নিয়োগের জন্য ডি আই এর পূর্বানুমতি ( Prior Permission) নেওয়া। ডি আই এর থেকে Prior Permission পেলে তবেই নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করতে পারবে স্কুল কর্তৃপক্ষ। এই Prior Permission পাওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ ডি আই এর কাছে আবেদন করবেন এই কাগজপত্রগুলি দিয়ে – Post Sanctioning Memo, MC Resolution, বিগত তিন বছরের রোল স্ট্রেংথ এর স্টেটমেন্ট ( SI দ্বারা Conutersign করা) , MC Resolution, স্টাফ প্যাটার্ন, স্কুলের সমস্ত রিকগনিশন মেমো, গ্র্যান্ট ইন এড মেমো, MC Validity Certificate, No Litigation Certificate, HOI Forwarding Letter ইত্যাদি। এছাড়া অতিরিক্ত ডকুমেন্টস লাগবে কি না ডি আই অফিস থেকে জেনে নিতে হবে। এই আবেদন করার পর ডি আই অফিস থেকে Prior Permission এর কপি পাওয়া যাবে।
৪) প্রশ্ন – ডি আই এর Prior Permission এর কপি পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ কী নেবেন অর্থাৎ পুরো নিয়োগ প্রক্রিয়াটা কেমন হবে ?
উত্তর – Prior Permission পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ পরপর এই কাজগুলি করবেন ( School Education Directorate’s Memo No – 1628 GA/OM/-18/2001 dated – 10/07/2002) অনুযায়ী —
ক) প্রথমেই একটা MC মিটিং ডেকে সেখানে এই নিয়োগের ব্যাপারে আলোচনা করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হবে। HOI কে নির্দেশ দেওয়া হবে এই নিয়োগের জন্য ইচ্ছুক যোগ্য টিচিং স্টাফদের মধ্যে থেকে আবেদনপত্র আহ্বান করে নোটিশ জারি করার জন্য।
খ) সেই নির্দেশ মতো উক্ত এমসি রেজোলিউশন নং ও ডেট উল্লেখ করে HOI যোগ্য টিচিং স্টাফদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করে নোটিশ জারি করবেন। নোটিশে পরিষ্কার করে এই পদের জন্য যোগ্যতার বিবরণ, আবেদনের ফরম্যাট, দরখাস্ত জমা দেওয়ার লাস্ট ডেট, ইন্টারভিউ এর তারিখ, আবেদনের নিয়ম ও শর্তাবলী পরিষ্কার করে উল্লেখ করে দেবেন। নোটিশে প্রত্যেক টিচিং স্টাফের ডেট সহ সিগনেচার করিয়ে নেবেন।
গ) এরপর একটা 24 ঘণ্টার নোটিশে প্রেসিডেন্টকে দিয়ে সিঙ্গেল অ্যাজেন্ডার ইমারজেন্সি এমসি মিটিং ডাকিয়ে সেখানে এই নিয়োগপ্রক্রিয়া চালানোর জন্য সিলেকশন কমিটি গঠনের ব্যাপারে ও সেই সিলেকশন কমিটিতে কারা কারা থাকবেন সেটা উল্লেখ করে একটা এমসি রেজোলিউশন করিয়ে নিন।
ঘ) সিলেকশন কমিটির প্রত্যেক সদস্যের কাছে লিখিত intimation দিন। তাঁদের থেকে লিখিত সম্মতিপত্র সংগ্রহ করুন। পঞ্চায়েত সমিতির প্রতিনিধি পাওয়ার জন্য সমিতির সভাপতিকে চিঠি করুন এবং তাঁর কাছ থেকে লিখিতভাবে তাঁর প্রতিনিধির নাম নিয়ে নিন।
ঙ) লাস্ট ডেট এর মধ্যে যতগুলি আবেদনপত্র জমা পড়ল সেগুলি সেফ কাস্টডিতে রাখুন।
চ) ইন্টারভিউ এর দিনের কাজগুলি এইরকম —
a) ইন্টারভিউ এর দিনে সিলেকশন কমিটির পাঁচ জনের মধ্যে অন্তত তিনজনকে উপস্থিত থাকতেই হবে। সিলেকশন কমিটির তিনজন অন্তত প্যানেলে সই না করলে সেই সিলেকশন বৈধ হবে না।
b) ইন্টারভিউ এর আগে সিলেকশন কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে উপস্থিত সদস্যদের মধ্যে একজনকে সিলেকশন কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত করে নেবেন।
c) ইন্টারভিউ এর দিন কোনও ক্যান্ডিডেট এর ইন্টারভিউ শুরুর আগেই একটি অ্যাটেনডেন্স শিটে তার অ্যাটেনডেন্স নেওয়া হবে তার সইয়ের মাধ্যমে। সেই অ্যাটেনডেন্স শিট এর উপরে যেন অবশ্যই লেখা থাকে- “Attendance Sheet showing the names of the candidates present and participated in the Personality Test for Selection of Assistant Headmaster in ———– School ———- ( Address of the School) held on ————- ( Date of the Personality Test) । Attendance Sheet এ যেন নিম্নলিখিত কলাম গুলি থাকে – i) Name of the Candidate – ii ) Designation—- iii) Name and Address of the School — iv) Father’s Name —– v) Residential Address——- vi) Date of Birth —– vii) Date of First Appointment —– viii) Educational Qualification—– x ) Pay Level ——— xi) Signature of the candidate —-
d) পার্সোনালিটি টেস্টের সময় সিলেকশন কমিটির প্রত্যেক সদস্য নিজের নিজের ইন্ডিভিজুয়াল স্কোর শিটে কেবলমাত্র পার্সোনালিটি টেস্টের মার্কস ( 5 এর মধ্যে) দেবেন প্রত্যেক ক্যান্ডিডেট এর নামে। পার্সোনালিটি টেস্টে প্রত্যেক ক্যান্ডিডেটকে প্রশ্ন করার অধিকার থাকবে সিলেকশন কমিটির প্রত্যেক সদস্যের। প্রত্যেক সদস্য সর্বোচ্চ বা সর্বনিম্ন কতগুলি প্রশ্ন করতে পারবেন বা একজন ক্যান্ডিডেটকে সর্বোচ্চ বা সর্বনিম্ন কতগুলি প্রশ্ন করা যাবে এমন কোনো বাঁধাধরা নিয়ম নেই। মনে রাখতে হবে এটা জ্ঞানের টেস্ট নয়। এটা ব্যক্তিত্বের পরীক্ষা। উক্ত ক্যান্ডিডেট এর ব্যক্তিত্ব এই পদের জন্য কতটা উপযুক্ত সেটাই দেখবেন সিলেকশন কমিটির সদস্যরা। এর কোনও সিলেবাস নেই।
e) পার্সোনালিটি টেস্ট শেষ হওয়ার পর সিলেকশন কমিটির প্রত্যেক সদস্যের দ্বারা 5 এর মধ্যে দেওয়া মার্কস এভারেজ করে প্রত্যেক ক্যান্ডিডেট এর পার্সোনালিটি টেস্টে প্রাপ্ত এভারেজ মার্কস বের করা হবে। উদাহরণ স্বরূপ মনে করা যাক একজন ক্যান্ডিডেটকে সিলেকশন কমিটির পাঁচ জন সদস্য তাঁদের ইন্ডিভিজুয়াল স্কোর শিটে যথাক্রমে 4,3,2,2,4 মার্কস দিয়েছেন। তাহলে পার্সোনালিটি টেস্টে ঐ ক্যান্ডিডেট এর এভারেজ মার্কস হবে ( 4+3+2+2+4) ÷5 = 3।
f) এরপর সিলেকশন কমিটির সদস্যরা প্রত্যেক ক্যান্ডিডেট এর দ্বারা প্রাপ্ত Academic Marks ( 30 এর মধ্যে) + Experience এর Marks+ উপরে উল্লেখিত পার্সোনালিটি টেস্টের Average Marks নিয়ে একটা Consolidated Score Sheet বানাবেন । এই Consolidated Score Sheet এ সিলেকশন কমিটির সদস্যরা সকলে সই করবেন।
g) উপরে প্রস্তুত হওয়া Consolidated Score Sheet এর প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে একটি কাগজে প্রথম তিনজন সর্বোচ্চ স্কোরধারীকে পরপর রেখে একটি প্যানেল প্রস্তুত করবেন সিলেকশন কমিটির সদস্যরা। এই প্যানেলে থাকবে ক্যান্ডিডেট এর নাম, একাডেমিক স্কোর, এক্সপেরিয়েন্স এর মার্কস, পার্সোনালিটি টেস্টের এভারেজ মার্কস , টোটাল মার্কস ও পজিশন ইন প্যানেল।
এই প্যানেলের হেডিং হিসাবে লিখতে হবে – ” Panel prepared on the basis of Academic Score, Experience and Average marks of Personality Test for Appointment to the post of AHM in ———— ( School) ।
এই প্যানেলের নীচে লিখে দিতে হবে। All the information furnished above are true to the best of our knowledge and we do hereby forward the panel to the Managing Committee/ Administrator of ————- ( School ) for its information and necessary action ।
এটার নীচে সিলেকশন কমিটির সদস্যরা সকলে সই করবেন।
h) যদি তিন জনের কম ক্যান্ডিডেট পার্সোনালিটি টেস্টে হাজির থাকে তাহলে তিন জনের কম ক্যান্ডিডেট নিয়েও , এমনকি একজন ক্যান্ডিডেট নিয়েও প্যানেল প্রস্তুত হতে পারে।
i) যদি প্যানেল প্রস্তুতির সময় দুই জন বা ততধিক ক্যান্ডিডেট এর স্কোর সমান হয়ে যায় তাহলে একাডেমিক স্কোর যার বেশি তাকে আগে রাখা হবে।
ছ ) সিলেকশন কমিটির কাছ থেকে প্যানেল ও অন্যান্য ডকুমেন্টস পাওয়ার পর এমসির ইমারজেন্সি মিটিং ডেকে সেই প্যানেলকে পরীক্ষা করার পর সেই মিটিংয়ে সেই প্যানেলকে মান্যতা দেওয়ার পর ঐ রেজোলিউশনেই প্যানেলে উল্লেখিত তিনজনের নাম লিখে সেটা ডি আই এর কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে ঐ প্যানেলের অ্যাপ্রুভাল এর জন্য। ডি আই এর কাছে প্যানেল প্রেরণের কাজটা ইন্টারভিউ এর তারিখ থেকে 15 দিনের মধ্যে করতে হবে।
জ ) ডি আই এই প্যানেল পাওয়ার এক মাসের মধ্যে এই প্যানেলকে তাঁর অ্যাপ্রুভাল দেবেন।
ঝ) ডি আই এর থেকে প্যানেল অ্যাপ্রুভাল পাওয়ার দিন থেকে ঐ প্যানেল তিন মাস ভ্যালিড থাকবে। এই অ্যাপ্রুভাল পাওয়ার পরই দ্রুত একটা এমসি রেজোলিউশন করে HOI and Secretary কে দায়িত্ব দেওয়া হবে প্যানেলের প্রথম ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করার জন্য। HOI প্রথম ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবেন। প্রথম ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার এক মাসের মধ্যে জয়েন না করলে বা প্যানেলের ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে জয়েন করেও ছেড়ে দিলে আবার একটা এমসি রেজোলিউশন করে ঠিক করা হবে যে প্যানেলের দ্বিতীয় ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। HOI তখন তাই করবেন। এইভাবে প্যানেল ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে তৃতীয় ক্যান্ডিডেট পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতে পারেন।
ঞ) AHM পদে জয়েন করার পর জয়েনিং রিপোর্ট পাবে ক্যান্ডিডেট। কীভাবে জয়েনিং রিপোর্ট তৈরি করা হবে সেটা নিয়ে আমার পূর্বে পোস্ট আছে। সেটা দেখতে পারেন। জয়েন করার 15 দিনের মধ্যে সেই জয়েনিংকে অনুমোদন করা হবে একটি এমসি রেজোলিউশন করে। সেই মিটিংয়েই ঠিক করা হবে যে উক্ত AHM এর অ্যাপয়েন্টমেন্ট এর অ্যাপ্রুভাল করার জন্য ডি আই এর কাছে আবেদন করা হবে। এই কাজটি সমাধা করার জন্য HOI কে দায়িত্ব দেওয়া হবে। HOI তখন প্রয়োজনীয় কাগজপত্র রেডি করে ডি আই এর অ্যাপ্রুভাল এর জন্য ডি আই অফিসে প্রেয়ার পাঠাবেন।
ট) ডি আই এর অ্যাপ্রুভাল এসে গেলে AHM এর Pay Fixation করাতে হবে ডি আই কে দিয়ে। সেটাও পাওয়া হয়ে গেলে সেই অনুযায়ী বেতনের বিল করতে থাকবেন HOI। Arrear প্রাপ্য হলে Arrear Claim করবেন নির্ধারিত ফরম্যাটে।
৫) প্রশ্ন – AHM পদের জন্য যোগ্যতা কী রূপ ?
উত্তর – কমপক্ষে অনার্স বা স্পেশাল অনার্স বা মাস্টার ডিগ্রিধারি হতে হবে। সঙ্গে থাকতে B Ed/ BT/ PGBT/ বা সমতুল প্রফেশনাল ডিগ্রি আর WBBSE/ WBCHSE/ WBBME অনুমোদিত জুনিয়র হাই/ হাই/ হায়ার সেকেন্ডারি স্কুলে মিনিমাম পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। School Education Directorate এর মেমো নং – 124)/(22)-15, তারিখ – 26/02/2015 পরিষ্কার বলছে যে পাস বা অনার্স বা পি জি যে স্কেলেই থাকুন না কেন উপরোক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই হলো। ইন সার্ভিস অবস্থায় সেই শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে এবং সেটার জন্য ডি আই এর অনুমোদন না থাকলেও অসুবিধা নেই। পি জি নিজের সাবজেক্টে হতেই হবে এমনও কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু ইন সার্ভিস অবস্থায় পি জি করলে সাধারণ নিয়মে এমসির পারমিশন লাগে। Relevant Subject না হলে সেটা করার পারমিশন পাওয়ার কথা নয়। আবার এমসি পারমিসন ছাড়া ইন সার্ভিস অবস্থায় higher studies করা যায় না। এটা নিয়ে একটা আইনি জটিলতার সুযোগ আছে। আর একটা কথা মনে রাখতে হবে উপরে উল্লেখিত 2002 সালের AHM নিয়োগের গাইডলাইনে কিন্তু বলেছে রেগুলার BEd হতে হবে। এই নিয়ম অনুযায়ী ODL BEd কিন্তু AHM হওয়ার জন্য উপযুক্ত নয়। এখন এটা নিয়েও আইনি জটিলতা তৈরি হচ্ছে । 2002 সালের অনেক পরে ODL BEd কে স্বীকৃতি দেওয়া হয়। School Education Department তার মেমো নং – 113 – SE ( S) /2P-18/08 তারিখ – 29/01/2009 তে Memo No – 2379-GA/4G, তারিখ – 12/12/2008 এর রেফারেন্স দিয়ে জানিয়ে দেয় যে ODL মোডে BEd করলে সেটা সেকেন্ডারি স্কুল টিচারদের জন্য বৈধ বলে বিবেচিত হবে যদি সেটা UGC, NCTE ও DEC স্বীকৃত প্রতিষ্ঠান থেকে করা হয়। এছাড়া এডুকেশন ডিপার্টমেন্ট নিজের উদ্যোগে untrained teacher দের ODL মোডে BEd করিয়েছে। সেটা স্বীকৃত নয় কী ভাবে হতে পারে? তবে এই ধোঁয়াশা থাকার জন্য অনেক জেলাতে ডি আই রা ODL BEd কে allow করেননি। অনেক জায়গাতে allowed হয়েছে। বেশ কয়েকটি কেস হয়েছে যেখানে ODL BEd থাকা ক্যান্ডিডেট এর পক্ষে কোর্টের রায় গেছে। সুতরাং এরকম কেস থাকলে এবং আদালত পর্যন্ত গড়ালে জটিলতা হতে পারে। নাহলে কোনো অসুবিধা নেই।
৬) প্রশ্ন – অভিজ্ঞতার জন্য মার্কস কী ভাবে পাওয়া যাবে ?
উত্তর – শুধুমাত্র WBBSE/ WBBME/ WBCHSE অনুমোদিত Junior High ( এটা নিয়ে পরে একটা ক্ল্যারিফিকেশন হয়েছে মেমো নং – 2922 – GA তারিখ 11/12/2002 এর দ্বারা) /High/ HS স্কুলে পড়ানোর অভিজ্ঞতাই বিবেচিত হবে। 5 বছর থেকে শুরু করে 10 বছরের কম অভিজ্ঞতার জন্য পাওয়া যাবে 2 মার্কস।10 বছর থেকে শুরু করে 15 বছরের কম অভিজ্ঞতার জন্য পাওয়া যাবে 3 মার্কস। 15 বছর থেকে শুরু করে 20 বছরের কম অভিজ্ঞতার জন্য পাওয়া যাবে 4 মার্কস। আর 20 বছরের বেশি অভিজ্ঞতার জন্য পাওয়া যাবে 5 মার্কস।
৭) প্রশ্ন – সিলেকশন কমিটিতে কারা থাকবেন ?
উত্তর – সিলেকশন কমিটিতে থাকবেন নিম্নলিখিত সদস্যগণ–
ক) HOI
খ) এমসি থাকলে President। না থাকলে অ্যাডমিনিস্ট্রেটর ।
গ) ম্যানেজিং কমিটির দ্বারা নির্বাচিত এমসির একজন TR মেম্বার। যদি স্কুলে এমসি না থেকে অ্যাডমিনিস্ট্রেটর থাকে তাহলে সমস্ত টিচিং স্টাফদের দ্বারা ষ্টাফ কাউন্সিলের সভায় নির্বাচিত একজন টিচার প্রতিনিধি।
ঘ) গ্রামীন এলাকার স্কুল হলে পঞ্চায়েত সমিতির সভাপতি দ্বারা মনোনীত একজন সদস্য। এই পঞ্চায়েত সমিতির মনোনীত ব্যক্তি ঐ স্কুলের কোনও স্টাফ হবেন না। গ্রামীণ এলাকা ছাড়া অন্য এলাকার স্কুলের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির দ্বারা নির্বাচিত ম্যানেজিং কমিটির একজন সদস্য ( ইনি এমসির কোনও TR/ NTR ক্যাটেগরির সদস্য হওয়া চলবে না )
ঙ) একজন External Expert যিনি কোনও High বা Higher Secondary বা High Madrasah স্কুলের কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান প্রধান হবেন।
এখানে একটা কথা উল্লেখ্য যে এমন কেউ সিলেকশন কমিটির সদস্য হতে পারবেন যদি তার সঙ্গে সম্পর্কিত কেউ এই সিলেকশন প্রসেসের ক্যান্ডিডেট থাকে। প্রয়োজনে সিলেকশন কমিটিতে তাঁর জায়গাটা ফাঁকা থাকবে।
৮) প্রশ্ন – AHM হিসাবে Pay Fixation কীভাবে হবে ?
উত্তর – AHM এর Pay Fixation নিয়ে বিশেষ করে গ্র্যাজুয়েট স্কেলের টিচার যদি AHM হন সেই ক্ষেত্রে প্রচুর কনফিউশন আছে। এর কারন হলো ROPA 2019 এ এই ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা নেই। সেখানে শুধু বলেছে যে AT থেকে AHM হলে AT হিসাবে (পাস / অনার্স / পি জি যে স্কেলেই থাকুন না কেন ) প্রথমে সেই স্কেলেই একটা অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হবে। কিন্তু সেই ইনক্রিমেন্ট পাওয়ার পর গ্র্যাজুয়েট স্কেলের টিচার এর পে যে Pay Level 11 থেকে Pay Level 15 তে ফিক্সড হবে এমন কথা সেখানে বলা নেই। ফলে অনেক ডি আই গ্র্যাজুয়েট স্কেলের টিচারকে AHM হলেও একটা ইনক্রিমেন্ট দিয়ে গ্র্যাজুয়েট স্কেলেই ( Pay Level 11 তে) রেখে দিচ্ছেন। অথচ এই পদের জন্য অনার্স বা পি জি ডিগ্রি বাধ্যতামূলক। তাই অনেক ডি আই আবার সেই অনুযায়ী গ্র্যাজুয়েট স্কেলের টিচার এর পে AHM হিসাবে পি জি স্কেলে ( Pay Level 15 তে) fixed করছেন। ROPA 2009 এর একটা Clarification এ ( মেমো নং – 124/(22) -15, তারিখ – 26/12/2015 ) কিন্তু পরিষ্কার বলে দিয়েছিল যে গ্র্যাজুয়েট স্কেলের টিচার এর যদি অনার্স বা পি জি ডিগ্রি থাকে এবং তিনি যদি AHM হন তাহলে তাঁর পে তাঁর অনার্স বা পি জি ডিগ্রি অনুযায়ীই ফিক্সড হবে। 2019 এ এই ব্যাপারে Clarification না থাকায় সমস্যা সৃষ্টি হচ্ছে। কিন্তু সব দিক বিবেচনা করলে 2009 এর সেই Clarification অনুযায়ীই AHM এর Pay Fixation হওয়া যুক্তিযুক্ত হবে।
সেই অনুযায়ী Pay Fixation করতে হলে —
i) প্রথমে AT হিসাবে যে Pay Level এ আছেন সেটাতে একটা ইনক্রিমেন্ট দিতে হবে।
ii) এই ভাবে যে অ্যামাউন্টে পৌঁছাবে তার পরবর্তী কিন্তু সবচেয়ে কাছাকাছি আমাউন্ট এর যে সেল Pay Level 15 তে আছে তাতে পে ফিক্সড হবে। অর্থাৎ পাস, অনার্স বা পি জি যে স্কেলের টিচারই হোক তার পি জি ডিগ্রি থাকলে পে ফিক্সড হবে পি জি স্কেলে অর্থাৎ Pay Level 15 তে।
iii) HS স্কুল হলে তার সঙ্গে পাওয়া যাবে অতিরিক্ত 500 টাকা।
উদাহরণ ১) – মনে করুন একজন পি জি স্কেলের টিচারের Pay Level 15 তে বেসিক পে হচ্ছে 54000 টাকা ( Cell 9 এ) তিনি AHM হয়েছেন 15/04/2025 তারিখে। তাঁর fixation হবে নিম্নরূপ –
i) তিনি AHM হিসাবে Pay নেওয়ার অপশন দেবেন 01/07/2025 তারিখ থেকে। অর্থাৎ ওই দিন তিনি প্রথমে AT হিসাবে নরমাল অ্যানুয়াল ইনক্রিমেন্ট নেবেন । তারপর যা বেসিক দাঁড়াবে তার উপর AHM এর Pay Fixation করে Pay নেবেন।
ii) এক্ষেত্রে 01/07/2025 তারিখে প্রথমে একটি অ্যানুয়াল ইনক্রিমেন্ট দিয়ে ওনার Level 15 তে Pay দাঁড়াবে 55600 টাকা ( Cell 10) ।
iii) তারপর AHM হওয়ার জন্য ঐ তারিখেই আর একটি ইনক্রিমেন্ট পাবেন Level 15 তে। তখন তাঁর Pay দাঁড়াবে 57300 টাকা ( Cell 11) । এর উপর সমস্ত অ্যালাওয়েন্স পাবেন।
iv) HS স্কুল হলে তার সঙ্গে অতিরিক্ত 500 টাকা পাবেন অ্যাডিশনাল রেমুনারেশন হিসাবে।
v) পরের ইনক্রিমেন্ট হবে 01/07/2026 তারিখে।
উদাহরণ ২-
মনে করা যাক একজন গ্র্যাজুয়েট স্কেলের ( Level 11 ) টিচার AHM পদে জয়েন করেছেন 14/08/ 2025 তারিখে। AT হিসাবে লেভেল 11 তে তাঁর বেসিক পে 49000 টাকা ( Cell 14) । তিনি জয়েনিং এর দিন (14/08/2025) থেকেই AHM এর পে চেয়ে আবেদন করেছেন। তাঁর Pay
Fixation হবে নিম্নরূপ —
i) 14/ 08/2025 তারিখে তাঁর Existing Pay Level এ একটি ইনক্রিমেন্ট দেওয়া হবে। এইভাবে তাঁর বেসিক পে Existing Pay Level 11 তে হচ্ছে 50500 টাকা ( Cell 15 )।
ii) এবার Pay Level 15 তে এই amount এর বেশি কিন্তু সবচেয়ে কাছাকাছি Amount হচ্ছে 50900 টাকা ( Cell 7) । সুতরাং Pay Level 15 তে 50900 টাকা হবে AHM হিসাবে তাঁর বেসিক পে।
iii) HS স্কুল হলে এর উপরে 500 টাকা অ্যাডিশনাল রেমুনারেশন পাবেন।
iv) পরবর্তী ইনক্রিমেন্ট হবে 01/07/2026 তারিখে।
উদাহরণ ৩ –
ধরা যাক গ্র্যাজুয়েট স্কেলের একজন টিচার 12/09/2025 তারিখে AHM হবেন যখন তাঁর বেসিক পে হবে Pay Level 11 তে 39900 টাকা ( Cell 7) । তিনি ঐ দিন থেকেই AHM এর পে নেওয়ার অপশন দেবেন। আসুন দেখি কীভাবে তাঁর fixation হবে
i) প্রথমে Existing Pay Level অর্থাৎ Level 11 তে একটি ইনক্রিমেন্ট দেওয়া হবে। এই ইনক্রিমেন্ট পাওয়ার পর Level 11 তে তাঁর বেসিক হচ্ছে 41100( Cell 8 ) টাকা।
ii) কিন্তু এই amount টা Pay Level 15 এর মিনিমাম amount 42600 টাকা ( Cell 1) এর চেয়ে কম। তাই AHM হিসাবে Pay Level 15 তে তাঁর বেসিক পে হবে 42600 টাকা ( Cell 1)।
iii) HS স্কুল হলে এর উপরে এডিশনাল রেমুনারেশন হিসাবে পাবেন 500 টাকা।
iv) তাঁর পরবর্তী ইনক্রিমেন্ট হবে 01/07/2026 তারিখে।
৯) প্রশ্ন – AHM নিয়োগের ক্ষেত্রে অ্যাকাডেমিক স্কোর কীভাবে গণনা করা হবে ?
উত্তর – এই ক্ষেত্রে মাধ্যমিক থেকে শুরু করে BEd পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত ডিভিশন বা ক্লাস অনুযায়ী মার্কস প্রদান করা হবে। টোটাল মার্কস 30।
i) মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উভয় ক্ষেত্রেই ফার্স্ট ডিভিশন পেলে পাবেন 5, সেকেন্ড ডিভিশন পেলে পাবেন 4 , অন্যান্য ডিভিশন পেলে পাবেন 3।
ii) রেগুলার অনার্স থাকলে সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস পেলে পাবেন 7, সেকেন্ড ক্লাস পেলে পাবেন 6। যদি স্পেশাল অনার্স / কনডেন্সড অনার্স হয় তাহলে যে ক্লাসই পান না কেন মার্কস পাবেন 4। যদি পাস গ্র্যাজুয়েট হন তাহলে যে ক্লাসই পান না কেন মার্কস পাবেন 2।
iii) Post Graduation এ ফার্স্ট ক্লাস থাকলে পাবেন 8। সেকেন্ড ক্লাস পেলে পাবেন 7। অন্যান্য ক্লাস পেলে পাবেন 5
iv) BEd/BT/PGBT/PGT ইত্যাদিতে ফার্স্ট ক্লাস থাকলে পাবেন 5। সেকেন্ড ক্লাস পেলে পাবেন 4। অন্যান্য ক্লাস পেলে পাবেন 3
এই ভাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, BEd এর জন্য প্রাপ্ত একাডেমিক মার্কস যোগ করে একাডেমিকে টোটাল মার্কস হিসাব করা হবে যা মূল স্কোর শিটে নির্দিষ্ট জায়গায় বসবে।
১০) প্রশ্ন – AHM এর কাজ কী কী ?
উত্তর – এডুকেশন ডিপার্টমেন্টের গেজেট নোটিফিকেশন মেমো নং 215 SE, তারিখ – 08/03/2018 তে AHM দায়িত্ব ও কর্তব্য নির্ধারিত করে বলা হয়েছে যে AHM নিম্নলিখিত কাজগুলি করবেন –
প্রতিদিনের ক্লাস রুটিন এবং Provisional Class Routine অনুযায়ী ক্লাস পরিচালনা করা, পরীক্ষা সংক্রান্ত কাজ পরিচালনা করা, Parent Teacher Meeting আয়োজন করা, ড্রপ আউট স্টুডেন্টস চিহ্নিত করা, রেমিডিয়াল টিচিং এর ব্যবস্থা করা, অ্যাসিসট্যান্ট টিচারদের কাজের তদারকিতে HOI কে সাহায্য করা, কোনও সরকারি আধিকারিকের নির্দেশ বা HOI এর নির্দেশ পালন করা, HM না থাকলে তাঁর পোষ্টে অফিসিয়েট করা অর্থাৎ তাঁর দায়িত্ব সাময়িকভাবে সামলানো।
১১) প্রশ্ন – HM না থাকলে AHM কে কী এক্সট্রা দায়িত্ব নিতে হয় ?
উত্তর – উপরে উল্লেখিত গেজেট নোটিফিকেশন এবং ROPA 2019 অনুযায়ী HM না থাকলে AHM তাঁর পোস্টে Officiate করবেন অর্থাৎ সাময়িকভাবে HOI সমস্ত দায়িত্ব সামলাবেন। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার মেমো নং – 1277 GA , তারিখ – 04/09/2018 তে জানিয়ে দিয়েছে যে AHM থাকলে তিনি HM এর অনুপস্থিতিতে তাঁর পদে Officiate করবেন। তাই AHM থাকলে অন্য কোনো টিচারকে TIC করা যাবে না। অর্থাৎ HM না থাকলে AHM ই বাধ্যতামূলকভাবে HOI হিসাবে কাজ করবেন। সে ক্ষেত্রে AHM বিদ্যালয় প্রধানের কাজ করতে অস্বীকার করতে পারবেন না। বিদ্যালয় প্রধানের কাজ করতে না চাইলে তাঁকে AHM এর পদে ইস্তফা দিতে হবে। তাঁর Resignation প্রথমে এমসি গ্রহণ করবে এবং বোর্ডের অনুমোদনের জন্য বোর্ডে পাঠাবে। Resignation accepted হয়ে গেলে তিনি AHM থাকবেন না। HOI হওয়ার বাধ্যবাধকতাও তাঁর থাকবে না।
১২) প্রশ্ন – যদি কোনো AHM তাঁর পদ ছেড়ে দিয়ে পূর্বের AT পদে ফিরে আসেন তাহলে কী ভাবে তাঁর বেতন নির্ধারিত হবে ?
উত্তর – ROPA 2019 পরিষ্কার করে বলে দিয়েছে যে যদি কোনো AHM তাঁর পদ ছেড়ে দেন তাহলে তাঁকে AHM হওয়ার জন্য যে অতিরিক্ত ইনক্রিমেন্ট পেয়েছিলেন সেটা বাদ দিতে হবে এবং যে 500 টাকা অ্যাডিশনাল রেমুনারেশন পাচ্ছিলেন সেটা ছাড়তে হবে। অর্থাৎ ধরে নিতে হবে তিনি আগাগোড়াই এখনও পর্যন্ত AT পদেই আছেন । সে ক্ষেত্রে AHM পদ ছাড়ার দিনে AT হিসাবে AT এর Pay Level এ মাঝের ইনক্রিমেন্টগুলি ( যদি থাকে ) Notional হিসাবে ধরে তাঁর বেতন যত হতো সেই Amount এ তাঁর বেসিক নির্ধারিত হবে AT হিসাবে তাঁর পূর্বের পে লেভেলে।
SOURCE-SMR



