azadi ka amrit mahotsav

 

নির্বাচনকমিশন

বিশেষ নিবিড় সংশোধন শুরুর আগে গুরুত্বপূর্ণ ঘোষণা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের

প্রকাশিত: 28 OCT 2025 10:07PM by PIB Kolkata

কলকাতা, ২৮ অক্টোবর, ২০২৫

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রী মনোজ কুমার আগরওয়াল আজ এক সাংবাদিক সম্মেলনে জানান, আগামী ৪ নভেম্বর থেকে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হবে। বুথ লেভেল অফিসার বা বিএলওরা প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে নাম তালিকাভুক্তির ফর্ম বিতরণ করবেন। এর মধ্য দিয়ে রাজ্যের প্রতিটি ভোটারকে তালিকার আওতায় আনা হবে যাতে ভোটার তালিকা নির্ভুল হয়।

প্রাথমিক ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর ২০২৫-এ। এরপর দাবি ও আপত্তি গ্রহণ চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। তার পরবর্তী ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ, যাচাই ও পরীক্ষার কাজ চলবে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬।

নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্তারা ইতিমধ্যেই ১২-টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য ও জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচন আধিকারিক আটটি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন যাতে পুনর্বিবেচনা প্রক্রিয়ায় পূর্ণ সমন্বয় ও স্বচ্ছতা বজায় থাকে।

বিহারের অভিজ্ঞতার তুলনায় পশ্চিমবঙ্গে ফর্ম বিতরণের আগে প্রাথমিক মহড়া সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।

এবারের পুনর্বিবেচনায় ২০০২ সালের পশ্চিমবঙ্গের এসআইআরকে ডিজিটাল ভিত্তি হিসেবে নেওয়া হচ্ছে। এতে দেখা হবে, ওই বছরের কতজন ভোটারের এখনও একই বুথে নাম আছে এবং সেই সময় যাঁরা নাবালক ছিলেন, তাঁরা নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন কিনা। বুথ, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ভোটার স্থানান্তরের তথ্য সম্পূর্ণ ডিজিটালভাবে একত্রিত করা হবে। বিএলওরা ভোটার তথ্য যাচাই করতে পারবেন এবং ২০০২ সালের ভোটার আইডি নম্বর বর্তমান তালিকার সঙ্গে মিলিয়ে দেখবেন।

অন্য রাজ্যের পুরনো এসআইআর তথ্যও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছে যাতে আন্তঃরাজ্য ভোটার স্থানান্তরের চিত্র স্পষ্ট হয়। মোট ৭ কোটি ৬৬ লক্ষ ভোটারের কাছে নাম তালিকাভুক্তি ফর্ম পৌঁছে যাবে। ফর্ম আংশিকভাবে পূর্ণ হলেও, স্বাক্ষর থাকলে তা খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হবে যাতে কোনো যোগ্য নাগরিক বাদ না পড়েন।

যেসব ভোটারের তথ্য ২০০২ -র তালিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তাঁদের পুনরায় যাচাইয়ের প্রয়োজন হবে না। তবে, যেসব ক্ষেত্রে তথ্য অসম্পূর্ণ বা অসঙ্গত, সেগুলি স্থানীয় স্তরে খতিয়ে দেখা হবে। মুখ্য নির্বাচন আধিকারিক জানান, প্রত্যেক বৈধ ভোটার চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হবেন, এতে কোনও ত্রুটি থাকবে না।

*****

SSS/RS/28.10.25/……

(রিলিজ আইডি: 2183585)

SOURCE-PIB

©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top