Without Pay Leave বা Extra Ordinary Leave। Leave Rules নিয়ে আলোচনার আজকে নবম পর্ব। আজকের বিষয় Without Pay Leave (উইদাউট পে লিভ) বা Extra Ordinary Leave (EOL)। তার সঙ্গে Dies Non , ব্রেক সার্ভিস, অ্যানুয়াল ইনক্রিমেন্ট এবং 10/20/18 বছরের বেনিফিট এর সঙ্গে সম্পর্ক। Without Pay Leave এর সঙ্গে বেতন, ইনক্রিমেন্ট , Retirement Benefits ইত্যাদি অঙ্গাঙ্গীভাবে সম্পর্কিত। এই ছুটি নিয়ম মেনে না নিলে এবং নিয়মানুযায়ী রেকর্ড না হলে চাকরি জীবনে অহেতুক জটিলতা সৃষ্টি হয়। তাই এই ব্যাপারে সব কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে পরিষ্কার করার চেষ্টা করলাম। 

—————————————————————————————–

১) প্রশ্ন – কোয়ালিফাইং সার্ভিস কাকে বলে ?

উত্তরক)DCRB স্কিম, 1981 অনুযায়ী একজন কর্মীর চাকরি জীবনের যে দিনগুলি তাঁর ইনক্রিমেন্ট , পেনশন , 10/18/20 বছরের বেনিফিট হিসাবের ক্ষেত্রে বিবেচনা করা হয় সেই দিনগুলিকে নিয়ে হয় একজনের কোয়ালিফাইং সার্ভিস। সমস্ত অ্যাটেনডেন্স এর দিনগুলি, সমস্ত ছুটির দিনগুলি, (নন মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ এর দিনগুলি ছাড়া), সাসপেনশন এর সময়ের দিনগুলি (যদি কোর্ট বা উপযুক্ত কর্তৃপক্ষ সেগুলিকে কোয়ালিফাইং সার্ভিসের মধ্যে ধরা হবে বলে নির্দেশ দেয় ) কোয়ালিফাইং সার্ভিসের মধ্যেই পড়ে।

খ) কোয়ালিফাইং সার্ভিসের মধ্যে পড়বে না সাসপেনশন এর দিনগুলি (যদি সেগুলি কোয়ালিফাইং সার্ভিসের মধ্যে পড়বে এমন কোনো কোর্ট অর্ডার বা ডিপার্টমেন্টাল অর্ডার না থাকে), মেডিকেল গ্রাউণ্ড ছাড়া অন্য কোনো গ্রাউন্ডে উইদাউট পে লিভ এর দিনগুলি, Unauthorised Absence এর দিনগুলি, Dies Non এর দিনগুলি।

২) প্রশ্ন – ব্রেক সার্ভিস কী ?

উত্তর – ব্রেক সার্ভিস মানে চাকরির ছেদ। অর্থাৎ ব্রেক সার্ভিসের আগের চাকরি আর পরের চাকরির মধ্যে Continuation থাকে না। স্বাভাবিকভাবেই ইনক্রিমেন্ট, 10/20/18 বছরের বেনিফিট, Retirement Benefits এগুলির জন্য কোয়ালিফাইং সার্ভিস হিসাব করার ক্ষেত্রে ব্রেকের আগের চাকরি হিসাবের মধ্যে আসে না। কর্মীর বিশাল ক্ষতি হতে পারে।

৩) প্রশ্ন – ব্রেক সার্ভিস কখন হয় ?

উত্তর – যদি কর্মী একটি চাকরি ছেড়ে দিয়ে আর একটি চাকরি গ্রহণ করেন অথবা একটি চাকরি থেকে বরখাস্ত হয়ে অন্য চাকরি গ্রহণ করেন তাহলে দুটি চাকরির মধ্যে Continuation থাকে না। একে ব্রেক সার্ভিস বলে। অথবা উপযুক্ত কর্তৃপক্ষ বা কোর্টের আদেশে যদি কারোর চাকরি একটা বিশেষ সময়ে ছেদ বলে অর্ডার জারি হয় এবং পরবর্তীকালে আবার তিনি চাকরিতে বহাল হন কিন্তু পূর্বের ছেদের আগের সময়টাকে সামগ্রিকভাবে চাকরির অংশ হিসাবে না ধরার অর্ডার থাকে তাহলেও ব্রেক সার্ভিস হবে। মনে রাখতে হবে উইদাউট পে লিভ মানে ব্রেক সার্ভিস নয়।

৪) প্রশ্ন – ব্রেক সার্ভিস Condonation কী ?

উত্তর – ব্রেক সার্ভিস Condonation মানে ব্রেক সার্ভিসটাকে মকুব করে দেওয়া । অর্থাৎ ব্রেক সার্ভিস থাকলেও সেটা নেই ধরে নিয়ে ব্রেক সার্ভিসের দিনগুলির আগের ও পরের চাকরির দিনগুলিকে কোয়ালিফাইং সার্ভিসের মধ্যে গণ্য করা।এর অর্থ হচ্ছে ব্রেক সার্ভিস Condoned হলে ঐ ব্রেক সার্ভিসের জন্য কর্মীর কোনও ক্ষতি হবে না। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে ব্রেক সার্ভিস Condoned হলে ব্রেক সার্ভিসের আগে পরের দিনগুলি কোয়ালিফাইং সার্ভিসের মধ্যে ধরা হলেও ব্রেক সার্ভিসের দিনগুলি কিন্তু কোয়ালিফাইং সার্ভিসের মধ্যে ধরা হবে না।

৫) প্রশ্ন – ব্রেক সার্ভিস Condonation কি অটোমেটিক হয় ?

উত্তর – হ্যাঁ , হয়। এডুকেশন ডিপার্টমেন্টের মেমো নং – 85 Edn (S) , তারিখ – 28/01/1981 ও মেমো নং – 890 Edn (S), তারিখ – 30/05/1985 অনুযায়ী 12 মাসের কম ব্রেক সার্ভিস থাকলে সেটা অটোমেটিক Condoned হবে। স্কুল কর্তৃপক্ষ সেটা এমসি রেজোলিউশন করে সার্ভিসবুকে তুলতে পারেন। তবে ইদানীং Continuation ও Pay Protection এর জন্য ডি আই এর কাছে আবেদন করতে হচ্ছে। তিনি সেটা DSE তে পাঠাবেন। সেখান থেকে অনুমোদিত হওয়ার পর Continuation ও Pay Protection পাওয়া যাবে।

৬) প্রশ্ন – ব্রেক সার্ভিস যদি অটোমেটিক Condoned না হয় অর্থাৎ 12 মাসের বেশি ব্রেক সার্ভিস থাকে তাহলে সেটা কি কোনও কর্তৃপক্ষের দ্বারা Condoned করা যায় ?

উত্তর — হ্যাঁ সেটাও করা যায়। তবে GO No – 7068 GA, তারিখ – 22/05/1969 অনুযায়ী সেটার জন্য উপযুক্ত ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে ডি আই এর মাধ্যমে DSE তে আবেদন পাঠাতে হবে স্কুল থেকে। এই ব্যাপারে যদি DSE অর্ডার জারি করে তাহলে 12 মাসের বেশি ব্রেক সার্ভিসও মকুব হয়ে যাবে।

৭ ) প্রশ্ন – Dies Non কথাটির অর্থ কী ?

উত্তর – Dies Non কথাটার অর্থ হলো চাকরি জীবনের এক বা একাধিক এমন দিন যেগুলোকে চাকরির অংশ হিসাবে ধরা হবে না। অর্থাৎ কোয়ালিফাইং সার্ভিস এর মধ্যে ঐ দিনগুলি অন্তর্ভুক্ত হবে না। Dies Non এর দিনগুলির জন্য কোনও বেতন পাওয়া যাবে না। কোনও বেনিফিট এর জন্য এগুলোকে হিসাবের মধ্যে আনা যাবে না। যদিও Dies Non হলে ব্রেক সার্ভিস হয় না অর্থাৎ পূর্বের চাকরির ধারাবাহিকতা বজায় থাকে। উল্লেখ্য ইদানীং বন্ধের দিন অনুপস্থিত থাকলে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে Dies Non করার অর্ডার জারি করা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে।

৮) প্রশ্ন – উইদাউট পে লিভ নিলে কি ব্রেক সার্ভিস হয় ?

উত্তর — উইদাউট পে লিভ মানে ব্রেক সার্ভিস নয়। উইদাউট পে লিভও এক ধরনের ছুটি।

৯) প্রশ্ন – উইদাউট পে লিভ কি নন কোয়ালিফাইং সার্ভিস হিসাবে গণ্য হয় ?

উত্তর – মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ কোয়ালিফাইং সার্ভিস হিসাবে গণ্য হয় । কিন্তু নন মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ কোয়ালিফাইং সার্ভিস হিসাবে গণ্য হবে না যদি না তা উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা Condoned করা হয়।

১০) প্রশ্ন – উইদাউট পে লিভ কখন পাওয়া যায় ?

উত্তর — উইদাউট পে লিভ এর অপর নাম এক্সট্রা অর্ডিনারি লিভ ( সংক্ষেপে EOL ) । অন্য সমস্ত প্রাপ্য ছুটি শেষ হয়ে গেলে উইদাউট পে লিভ বা এক্সট্রা অর্ডিনারি লিভ পাওয়া যায়। অনেকে অন্য ছুটি জমা থাকা সত্ত্বেও উইদাউট পে লিভ নিয়ে নেন। এটা কিন্তু অবৈধ। সেটা হতে পারে একমাত্র যদি সেটা করার জন্য ডিপার্টমেন্টাল অর্ডার থাকে বা কোর্ট অর্ডার থাকে অথবা ছুটি জমা থাকলেও যদি বিশেষ কারনে সেই ছুটি আইনত নেওয়ার যোগ্য না হয়ে থাকে।

১১) প্রশ্ন – উইদাউট পে লিভ কতদিনের জন্য পাওয়া যায় ?

উত্তর – উইদাউট পে লিভ সর্বাধিক দুই বছরের জন্য পাওয়া যায়। একসঙ্গে কতগুলি পাওয়া যাবে বা কতবার পাওয়া যাবে তার মিনিমাম বা ম্যাক্সিমাম লিমিট কিছু নেই।

১২) প্রশ্ন – উইদাউট পে লিভ এর জন্য কি আবেদন করে অনুমোদন করাতে হয় ?

উত্তর – অবশ্যই। উইদাউট পে লিভও এক ধরনের ছুটি। এটার জন্য এমসিকে আবেদন করতে হবে। এমসি অনুমোদন করলে তবে উইদাউট পে লিভ পাওয়া যাবে। তবে এই লিভের কনডোনেশন চাইলে এমসি রেজোলিউশন ও অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টস সহ বোর্ডে প্রেয়ার পাঠাতে হবে।

১৩) প্রশ্ন – উইদাউট পে লিভ নিলে অ্যানুয়াল ইনক্রিমেন্ট এবং 10/20/18 বছরের বেনিফিট এর উপর কী রকম প্রভাব পড়ে ?

উত্তর – i ) ROPA 1998 অনুযায়ী উইদাউট পে লিভ নিলে (সেটা মেডিক্যাল বা নন মেডিকেল যে কারনেই হোক ) অ্যানুয়াল ইনক্রিমেন্ট পিছিয়ে যেত । মেডিক্যাল গ্রাউন্ডে হলে 10/ 20/18 বছরের বেনিফিট পিছিয়ে যেত না কিন্তু নন মেডিকেল গ্রাউন্ডে হলে উক্ত বেনিফিটগুলি পিছিয়ে যেত।

ii) ROPA 2009 এর Clarification অনুযায়ী মেডিক্যাল গ্রাউন্ডে উইদাউট পে লিভ নিলে অ্যানুয়াল ইনক্রিমেন্ট বা 10/20/18 বছরের বেনিফিট কিছুই পিছিয়ে যাবে না। তবে নন মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ নিলে এগুলি সবই পিছিয়ে যাবে যদি না উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক Condoned করা হয়। অবশ্য এক মাসের কম নন মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ হলেও কিন্তু অ্যানুয়াল ইনক্রিমেন্ট পিছিয়ে যাবে না।

iii) ROPA 2019 এর এই সংক্রান্ত কোনো Clarification দেয়নি। তাই এক্ষেত্রে সব সিদ্ধান্ত নিতে মূল ROPA অর্ডারটির আলোকে। এই অর্ডার অনুযায়ী বলা যায়-

ক) মেডিকেল বা নন মেডিকেল যে গ্রাউন্ডই হোক না কেন উইদাউট পে লিভ যতদিন নেবেন ততদিন অ্যানুয়াল ইনক্রিমেন্ট পিছিয়ে যাবে। সেই দিন সংখ্যা এক দিন হলেও পিছবে।

খ) মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ নিলে 10/18/20 বছরের বেনিফিট পিছবে না। কিন্তু নন মেডিকেল গ্রাউন্ডে যতদিন উইদাউট পে লিভ নেবেন ততদিন 10/18/20 বছরের বেনিফিট পিছিয়ে যাবে। অবশ্য এটা নিয়েও দ্বিমত আছে যা ১৫ নং প্রশ্নের উত্তরে আলোচনা করা হয়েছে।

১৪) প্রশ্ন – মেডিকেল বা নন মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ হলে বর্তমান নিয়ম অনুযায়ী অর্থাৎ ROPA, 2019 অনুসারে অ্যানুয়াল ইনক্রিমেন্ট পিছিয়ে দেওয়ার হিসাবটা কী ভাবে করা হবে ? এক্ষেত্রে সার্ভিসবুকে কী ভাবে নোট করা হবে ?

উত্তর – ROPA 2019 অনুসারে মেডিকেল বা নন মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ নিয়ে অ্যানুয়াল ইনক্রিমেন্ট পিছিয়ে যাওয়ার তিনটি ক্ষেত্র হতে পারে। সেগুলি হলো —–

ক) উইদাউট পে লিভ যদি জুলাই মাসের আগেই শেষ হয়ে গিয়ে থাকে তাহলে 1st জুলাই তে নোশনাল ইনক্রিমেন্ট হবে। কিন্তু এর প্রকৃত আর্থিক সুবিধা পিছিয়ে যাবে ঐ বছরে যতদিন Without Pay Leave নিয়েছেন ততদিন। এই পিছিয়ে যাওয়ার পদ্ধতিটি নিম্নরূপ। প্রথমেই কতদিন উইদাউট পে লিভ হয়েছে সেটা একেবারে দিন সংখ্যা ধরে ধরে গুণে নিতে হবে। সেই ভাবে যত দিন হলো ঠিক ততদিন 1st July এর পর থেকে এগিয়ে যেতে হবে। এই ভাবে গিয়ে যে তারিখে শেষ হলো সেটা কোন মাসের কত তারিখ দেখতে হবে। পিছিয়ে যাওয়া ইনক্রিমেন্ট এর আর্থিক সুবিধা পাওয়া যাবে কিন্তু সেই তারিখের পরের তারিখ থেকে। ঐ তারিখ থেকে উক্ত ইনক্রিমেন্ট ধরে স্যালারি রিকুইজিশন করতে হবে। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে আর্থিক সুবিধা পিছিয়ে গেলেও Notional Increment কিন্তু 1st জুলাই থেকেই পাওয়া যাবে। সার্ভিসবুকে সেভাবেই নোট হবে।

উদাহরণ – ধরা যাক 2007 সালের জুলাই মাস থেকে 2008 সালের জুন মাসের মধ্যে 4 মাস 10 দিন নন মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ নিয়েছেন একজন কর্মী। দেখা যাক কী ভাবে তাঁর ইনক্রিমেন্ট এর আর্থিক সুবিধা পিছিয়ে যাবে। প্রথমে উক্ত কর্মীর 2008 সালের 1st July তেই নোশনাল ইনক্রিমেন্ট হবে। কিন্তু ইনক্রিমেন্ট এর প্রকৃত আর্থিক সুবিধা 1st July থেকে 4 মাস 10 দিন ( 130 দিন) পিছিয়ে যাবে। 130 দিন পিছিয়ে যাওয়া তারিখটি হবে জুলাই 31 দিন + আগস্ট 31 দিন + সেপ্টেম্বর 30 দিন + অক্টোবর 31 দিন + নভেম্বর 7 দিন। অর্থাৎ নভেম্বরের 7 তারিখ পর্যন্ত ইনক্রিমেন্ট এর আর্থিক সুবিধা পিছিয়ে যাবে । তাই তিনি ঐ আর্থিক সুবিধা পাবেন 2008 সালের নভেম্বরের 8 তারিখ থেকে।

এক্ষেত্রে সার্ভিস বুকের ঐ বছরের রো তে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট এর ঘরে লিখতে হবে 01/07/2007 আর ডেট অফ টারমিনেশন এর ঘরে লিখতে হবে 30/06/2008। এরপর পরের রো তে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট এর ঘরে লিখতে হবে 01/07/2008 আর বেসিক পে লিখতে হবে একটা ইনক্রিমেন্ট দিয়ে। কিন্তু এখানে যে বেসিক পে লেখা হবে ঠিক তার নীচে লাল কালিতে লিখে দিতে হবে , ” Notional up to 07/11/2008 due to availing 130 days EOL from — to –“।

খ ) যদি উইদাউট পে চলতে চলতে লিভ জুলাই মাসের এক তারিখ পেরিয়ে যায় তাহলে সেই জুলাই মাসের এক তারিখেই নোশোনাল ইনক্রিমেন্ট পাওয়া যাবে কিন্তু ইনক্রিমেন্ট এর আর্থিক সুবিধা পাওয়া যাবে ঐ উইদাউট পে লিভ যে দিন শেষ হচ্ছে তার সঙ্গে উইদাউট পে লিভ এর দিন সংখ্যা যোগ করলে সেটা যে মাসের যে তারিখ হচ্ছে তার পরের দিন থেকে।

উদাহরণ – ধরা যাক একজন কর্মী 20/06/2008 থেকে 16/08/2008 পর্যন্ত উইদাউট পে লিভ নিয়েছেন অর্থাৎ টোটাল উইদাউট পে লিভ নিয়েছেন নিয়েছেন 58 দিন। অর্থাৎ উইদাউট পে লিভ অ্যানুয়াল ইনক্রিমেন্ট এর দিন অর্থাৎ জুলাই এর এক তারিখকে অতিক্রম করে গেছে। এক্ষেত্রে 01/07/2008 এ নোশনাল ইনক্রিমেন্ট পাওয়া যাবে কিন্তু তিনি ইনক্রিমেন্ট এর আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য হবেন 16/08 /2008 এর পর থেকে 58 দিন এগিয়ে গেলে যে মাসের যে তারিখ হচ্ছে তার পর দিন থেকে।এখানে 58 দিন এগিয়ে গিয়ে পাওয়া যাচ্ছে 2008 সালের অক্টোবর মাসের 13 তারিখ । সুতরাং পিছিয়ে যাওয়া ইনক্রিমেন্ট এর আর্থিক সুযোগ পাওয়া যাবে 2008 সালের 14 অক্টোবর থেকে।

এক্ষেত্রে সার্ভিস বুক লিখতে হবে এইভাবে –

প্রথমে একটা Increment দেওয়া হবে 01/07/2008 এ। সেখানে যে বেসিক হচ্ছে তার ঠিক নীচে লিখে দিতে হবে “Notional up to 13/10/2008 due to taking EOL of 58 days on other than medical ground from — to –“

গ) যদি উইদাউট পে লিভ একবছরের বেশি হয়ে যায় তাহলে সেই বছরের অ্যানুয়াল ইনক্রিমেন্ট ( নোশোনাল বা অ্যাকচুয়াল ) পাওয়া যাবে না। অর্থাৎ একটা অ্যানুয়াল ইনক্রিমেন্ট সম্পূর্ণভাবে লস হয়ে যাবে। সে ক্ষেত্রে পরের বছরের 1st জুলাইতে আবার অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাবেন।

উদাহরণ — ধরা যাক একজন কর্মী 31/12/2007 থেকে নন মেডিকেল গ্রাউন্ডে এক বছর পাঁচ মাস উইদাউট পে লিভ নিয়েছেন। সেক্ষেত্রে তিনি 2008 সালের জুলাই মাসের ইনক্রিমেন্ট পাবেন না। তবে 2009 এর জুলাই মাসের ইনক্রিমেন্ট পাবেন।

এক্ষেত্রে সার্ভিস বুক লেখার সময় Date of Appointment এর ঘরে 01/07/2007 লেখা হবে আর Date of termination এর ঘরে 30/06/2008 এর পরিবর্তে 30/06/2009 লিখতে হবে। Reason এর ঘরে লিখতে হবে “Increment (Increment on 01/07/2008 not allowed due to taking 17 months EOL from — to –“)

১৫) প্রশ্ন — উইদাউট পে লিভ নিলে কি 10/18/20 বছরের বেনিফিট গুলি পিছিয়ে যায় ?

উত্তর — এই ক্ষেত্রে 1998 থেকে থেকে 2019 ROPA একই নিয়ম। মেডিক্যাল গ্রাউন্ডে উইদাউট পে লিভ নিলে 10/20/18 বছরের বেনিফিট পিছিয়ে যাবে না। কিন্তু নন মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ নিলে এই বেনেফিটগুলি যত দিন উইদাউট পে লিভ নিয়েছেন ঠিক তত দিন পিছিয়ে যাবে। এখানে একটা কথা উল্লেখ্য ROPA 2019 এর অর্ডারে বলা হয়েছে যে উইদাউট পে লিভ মেডিকেল গ্রাউন্ডে না হলে এই বেনেফিটগুলি পিছিয়ে যাবে। তার মানে আমরা ধরতেই পারি যে মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ হলে বেনিফিটগুলি পিছবে না। কিন্তু কিছু কিছু ডি আই অফিস বলছে যে যেহেতু ROPA 2019 তে পরিষ্কার করে বলা হয়নি যে মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ হলে বেনিফিট পিছবে না তাই যে কোনও গ্রাউন্ডে উইদাউট পে লিভ নিলেই এই বেনিফিটগুলি পিছিয়ে যাবে। অর্থাৎ তাঁদের কথা মতো মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ হলেও বেনিফিট পিছিয়ে যাবে। যেহেতু 2019 ROPA তে এই সংক্রান্ত CLARIFICATION দেয়নি তাই অনেক টিচার এইভাবে বঞ্চিত হচ্ছেন। ভুক্তভোগীরা চাইলে প্রতিকার চেয়ে উচ্চতর কর্তৃপক্ষের নিকট আবেদন করতে পারেন অথবা কোর্টে মামলা করতে পারেন। অথবা ঝামেলায় না যেতে চাইলে ওনাদের কথা মতো মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ হলেও বেনিফিট পিছিয়ে নিতে পারেন। তবে আমার মতে ROPA 2019 অনুযায়ী মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ নিলে 10/18/20 বছরের বেনিফিট পিছিয়ে যাবে না। এবার সিদ্ধান্ত আপনার।

১৬) প্রশ্ন — ROPA 2009 ও ROPA 2019 অনুসারে নন মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ নিলে ঠিক কী ভাবে 10/18/20 বছরের বেনিফিটগুলি পিছিয়ে যায় ? 

উত্তর — এক্ষেত্রে প্রথমেই দিন ধরে ধরে দেখে নিতে হবে মোট কতদিন নন মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ হয়েছে। এরপর যেদিন তাঁর ঐ বেনিফিট স্বাভাবিক নিয়মে প্রাপ্য ছিল সেই দিনের সঙ্গে উইদাউট পে লিভ এর দিনসংখ্যা যোগ করে দেখতে হবে সেটা কোন মাসের কত তারিখে গিয়ে পৌঁছচ্ছে। যে মাসের যে তারিখে পৌঁছচ্ছে সেই তারিখের ঠিক পরের দিন থেকে এই বেনিফিট এর আর্থিক সুবিধা পাওয়া যাবে। এটা অবশ্য সেই তারিখেই না নিয়ে পরবর্তী ইনক্রিমেন্ট এর লস রুখতে কর্মী সেটা সামনের জুলাই মাসের এক তারিখ থেকে নিতে চেয়েও অপশন দিতে পারেন। তখন সেই জুলাইতে স্বাভাবিক অ্যানুয়াল ইনক্রিমেন্ট ও পিছিয়ে যাওয়া বেনিফিট দুটোই একসঙ্গে পাবেন।

উদাহরণ — ধরা যাক একজন কর্মীর 10/18/20 বছরের সার্ভিস সম্পূর্ণ হচ্ছে 03/03/2021 তারিখে। তাই তাঁর ওই বেনিফিট প্রাপ্য ছিল 04/03/2021 তারিখ থেকে। কিন্তু তিনি নন মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ নিয়েছিলেন মোট 75 দিন। তাহলে দেখা যাক কীভাবে তাঁর উক্ত বেনিফিট পিছিয়ে যাবে। 05/03/2021 থেকে শুরু করে ঠিক 75 তম দিন পর্যন্ত এগিয়ে গিয়ে দেখতে হবে কোন মাসের কত তারিখে পৌঁছচ্ছে। এক্ষেত্রে যেমন মার্চ মাসে 27 দিন + এপ্রিল মাসে 30 দিন + মে মাসে 18 দিন পর্যন্ত গেলে 18/05/2021 তারিখ পাওয়া যাচ্ছে। সুতরাং ঐ কর্মীর এই বেনিফিট প্রাপ্য হচ্ছে ঠিক তার পরের দিন অর্থাৎ 19/05/2021 থেকে । চাইলে আইওএসএমএস এ স্যালারি রিকুইজিশন করার সময় এই তারিখেই (19/05/2021 ) এই বেনিফিট এর ইফেক্ট ডেট দিতে পারেন। কিন্তু মে মাসে বেনিফিট নিলে 2021 এর জুলাই মাসের ইনক্রিমেন্ট পাবেন না। তাই তিনি স্কুল কর্তৃপক্ষের কাছে অপশন দেবেন 1st জুলাই 2021 থেকে অ্যানুয়াল ইনক্রিমেন্ট এবং এই বেনিফিট একসঙ্গে নেবেন বলে। সেক্ষেত্রে জুলাই এর এক তারিখেই ডাবল ইনক্রিমেন্ট অর্থাৎ অ্যানুয়াল ইনক্রিমেন্ট ও পিছিয়ে যাওয়া বেনিফিট একসঙ্গে পাবেন।

এক্ষেত্রে Service Book এর সংশ্লিষ্ট সংশ্লিষ্ট বছরের ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট এর তারিখ হবে 01/07/2020 আর টার্মিনেশন হবে 30/06/2021 এ। এর পরে একটা ইনক্রিমেন্ট দিয়ে পরের রো তে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট হবে 01/07/2021 আর ডেট অফ টারমিনেশন অফ সার্ভিস হবে 01/07/2021 তারিখেই। এই রো এর Reason এর কলমে লিখবেন অ্যানুয়াল ইনক্রিমেন্ট। এর ঠিক নীচেই আবার একটা ইনক্রিমেন্ট দিয়ে একটা রো তৈরি হবে। এটাতে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট হবে 01/07/2021 আর ডেট অফ টারমিনেশন লিখবেন 30/06/2022 । এখানে Reason লিখবেন – ” Completed 18 years satisfactory service on 04/03/2021. But 18 years Benefit became admissible w.e.f. 19/05/2021 as the incumbent took EOL of 75 days on other than medical ground from —- to —-. But this benefit was allowed from 01/07/2021 as per Option exercised by the incumbent.”

১৭) প্রশ্ন – উইদাউট পে লিভ মানে তো বিনা বেতনে ছুটি। অর্থাৎ এই দিনগুলির জন্য বেতন পাওয়া যায় না। তাহলে যে মাসে উইদাউট পে লিভ নেওয়া হয়েছে সেই মাসের বেতন কী ভাবে নির্ধারিত করা হবে ?

উত্তর – উইদাউট পে লিভ এর দিনগুলির জন্য বেতন পাওয়া যায় না। তাই মাস ধরে ধরে আলাদা আলাদা করে হিসাব করা হয় যে উইদাউট পে লিভ নেওয়ার জন্য কোন মাসে কত Basic, DA, HRA, MA প্রাপ্য ছিল এবং এই ছুটি না নিলে অর্থাৎ পূর্ণ বেতন হলে কত প্রাপ্য হতো। এই দুটি বেতনের পার্থক্যই হলো Overdrawn Amount। এই Amount ফেরত দিতে হবে। এটার একটা তুলনামূলক স্টেটমেন্ট বানাতে হবে। এটাকে বলে Due Drawn Statement। এর নির্দিষ্ট ফরম্যাট আছে। সেটাতে এই স্টেটমেন্ট বানাবেন। এই ধরনের হিসাব করার একটা উদাহরণ নীচে দিলাম –

ক) মনে করা যাক একজন কর্মীর বেসিক পে 40000 টাকা। তিনি 20 নভেম্বর থেকে 29 নভেম্বর পর্যন্ত পর্যন্ত মোট 10 দিন উইদাউট পে লিভ নিয়েছেন। অর্থাৎ নভেম্বর মাসে তিনি পূর্ণ বেতন পাবেন ( 30- 10) = 20 দিনের জন্য। বাকি দিনগুলির(10 দিন )জন্য কোনো বেতন পাবেন না।

খ) এখন নভেম্বর মাসে পূর্ণ স্যালারি নেওয়া হয়ে গেছে। অর্থাৎ তিনি বেসিক পে নিয়েছেন 60000 টাকা, DA নিয়েছেন 60000× 18%= 10800 টাকা, HRA নিয়েছেন 60000×12% = 7200 টাকা , MA = 500 টাকা গ্রস স্যালারি= 78500 টাকা। কিন্তু ঐ মাসে 10 দিন উইদাউট পে লিভ থাকার জন্য বেসিক প্রাপ্য হচ্ছে – (60000 ÷ নভেম্বর মাসের দিন সংখ্যা × তাঁর পূর্ণ বেতনের দিন সংখ্যা )। অর্থাৎ এক্ষেত্রে নভেম্বর মাসে তিনি বেসিক হিসাবে পাবেন (60000÷ 30) × 20 = 40000 টাকা। এবার উক্ত প্রাপ্য বেসিক 40000 টাকার উপর নভেম্বর মাসের প্রাপ্য DA হবে (40000 × 18%) = 7200 টাকা। HRA হবে (40000×12%) = 4800 টাকা। এবং MA প্রাপ্য হবে (500÷30) × 20 = 333 টাকা এবং প্রাপ্য গ্রস স্যালারি= 52333। সুতরাং নভেম্বর মাসে টোটাল Overdrawn হচ্ছে (78500-52333)= 26167 টাকা । এই টাকাটা উপরোক্ত পদ্ধতিতে ফেরত দিতে হবে।

১৮) প্রশ্ন – উইদাউট পে লিভ হয়ে গেছে অথচ পূর্ণ বেতন নেওয়া হয়ে গেছে, অর্থাৎ Overdrawn হয়ে গেছে। কী ভাবে ঐ Overdrawn Amount ফেরত দিতে হবে ?

উত্তর – দুই ভাবে ফেরত দিন।

ক) যে মাসে উইদাউট পে লিভ হচ্ছে সেই মাসের স্যালারি রিকুইজিশন যদি তখনও করা না হয়ে থাকে তাহলে স্যালারি রিকুইজিশন থেকে পার্ট স্যালারি করে Overdrawan Amount ফেরত দিয়ে দিন। Acquittance রোল ও সার্ভিসবুকে প্রয়োজনীয় নোট দিন। 

খ) যদি সেই মাসের রিকুইজিশন করা হয়ে গিয়ে থাকে তাহলে পরের মাসের রিকুইজিশন থেকে পার্ট স্যালারি করে ফেরত দিতে যাবেন না। অহেতুক জটিলতা বাড়বে। উপরে উল্লেখিত Overdrawn Amount চার কপি TR 7 চালানে লিখে, Due Drawn Statement ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ডি আই অফিসে যান সেগুলিতে Countersign করানোর জন্য। Countersign হয়ে গেলে ঐ চারটে TR 7 চালান ট্রেজারি লিংকড ব্যাংকে নিয়ে গিয়ে ঐ Overdrawn Amount এর টাকা জমা দিয়ে দিন। ব্যাংক রিসিভ করে দুই কপি TR 7 চালান ফেরত দেবে। সেই চালান নং ও ডেট উল্লেখ করে সার্ভিস বুকে ও Acquittance রোলে প্রয়োজনীয় নোট দেবেন HOI। এক কপি চালান ক্যান্ডিডেট কে দিয়ে দেবেন। এক কপি ঐ কর্মীর ফাইলে সংরক্ষণ করবেন।-  

 SOURCE-SMR

©Kamaleshforeducation.in (2023)

error: Content is protected !!
Scroll to Top