১) প্রশ্ন – কম্পেনসেটরি লিভ কাকে বলে ? এটা কখন পাওয়া যায় ?
উত্তর – এডুকেশন ডিপার্টমেন্ট এর মেমো নং – 1541-Edn (S),তারিখ- 15/12/1977 অনুসারে –
i) এটি এক ধরনের ক্ষতিপূরণের ছুটি। অর্থাৎ স্কুলের হলিডের মধ্যে বা ভ্যাকেশন এর মধ্যে কাজ করার জন্য সেই ক্ষতি অন্য দিনে পুষিয়ে দেওয়ার ছুটির নাম হলো Compensatory Leave।
ii) যদি কোনো টিচিং বা নন টিচিং স্টাফকে ভ্যাকেশন এর মধ্যে বা হলিডের মধ্যে কমপক্ষে সাত দিন কাজ করতে হয় তাহলে মোট যত দিন এরকম কাজ করেছেন তার অর্ধেক সংখ্যক দিন পরবর্তী অন্য যে কোনো সময়ে Compensatory Leave হিসাবে পাবেন উক্ত কর্মী। উদাহরণস্বরূপ ধরা যাক একজন কর্মী ভ্যাকেশন বা হলিডের মধ্যে 12 দিন কাজ করেছেন। সে ক্ষেত্রে তিনি পরবর্তী যে কোনো সময়ে 6 দিন Compensatory Leave পাবেন।
iii) এই ছুটি পূর্ণ বেতন ছুটি।
iv) এই ছুটি অনুমোদন করবেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
v) এই ছুটি সার্ভিস বুকে উঠবে।
vi) এই ছুটি অন্য কোনো ছুটির (কর্মীর নিজের প্রাপ্য ছুটি, যেটাকে লিভ বলে অভিহিত করা হয়) সঙ্গে জুড়ে নেওয়া যাবে না।
২) প্রশ্ন – Compensatory Leave কীভাবে বিভিন্ন ভ্যাকেশন বা হলিডের সঙ্গে জুড়ে নেওয়া যায় ?
উত্তর – WBBSE এর মেমো নং – 2308/G, তারিখ – 15/03/1982 বলেছে যে বিদ্যালয় কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিয়ে Compensatory Leave যে কোনো হলিডে বা ভ্যাকেশন এর সঙ্গে জুড়ে নেওয়া যায়। এখানে মনে রাখতে যে Compensatory Leave যে কোনো হলিডের সঙ্গে জুড়ে নেওয়া গেলেও কর্মীর নিজের প্রাপ্য অন্য যে কোনো ছুটি (যেমন মেডিকেল লিভ, হাফ এভারেজ পে লিভ ইত্যাদি ) যেটাকে লিভ বলা হয় তার সঙ্গে জুড়ে নেওয়া যাবে না। লিভ আর হলিডের মধ্যে তফাতটা ভালো করে মনে রাখুন।
৩) প্রশ্ন – Compensatory Leave কি একবারে না নিয়ে ভেঙে ভেঙে নেওয়া যায় ? অথবা কোনো এক বছরের প্রাপ্য Compensatory Leave কি অন্য যে কোনো বছরে কর্মী নিজের সুবিধা মতো নিতে পারবেন?
উত্তর – হ্যাঁ, বোর্ডের মেমো নং – 2308/G, তারিখ – 15/03/1982 অনুযায়ী একজন কর্মী তাঁর প্রাপ্য Compensatory Leave একবারে না নিয়ে নিজের সুবিধা মতো বারে বারে নিতে পারেন। এমনকি কোনো এক বছরের অর্জিত Compensatory Leave কর্মী নিজের সুবিধা মতো সময়ে সামনের যে কোনো বছরের যে কোনো সময়ে একবারে বা ভেঙে ভেঙে নিতে পারেন। কিন্তু এইগুলি সবই করতে হবে MC এর পূর্বানুমতি নিয়ে।
৪) প্রশ্ন – উপরে বলা হলো হলিডে বা ভ্যাকেশন এর মধ্যে কমপক্ষে সাত দিন কাজ করলে তবেই তার অর্ধেক সংখ্যক দিন Commuted Leave হিসাবে পাওয়া যায়। এই সাত দিন কি একটানা হতেই হবে ?
উত্তর – না। Leave Rules এ সেরকম কোনো শর্ত রাখা হয়নি। ভ্যাকেশন বা হলিডের মধ্যে মোট সাত দিন কাজ করলেই Compensatory Leave পাওয়া যাবে। সেই সাতদিন বা তার বেশি সংখ্যক দিন পরপর না হলেও চলবে।
৫) প্রশ্ন – বিদ্যালয়ের পালনীয় দিনগুলিতে, যেমন স্বাধীনতা দিবস, রবীন্দ্র জয়ন্তী, নেতাজীর জন্মদিন ইত্যাদি উপলক্ষে বিদ্যালয়ে এলে কোনো কর্মী কি Compensatory Leave পাবেন ?
উত্তর – না। পাবেন না। WBBSE তার মেমো নং – 2308/G, তারিখ – 15/03/1982 তে বলেছে যে এই দিনগুলিতে বিদ্যালয়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সফল করার জন্য কর্মীদের অনুরোধ করবেন স্কুল কর্তৃপক্ষ। কিন্তু এই দিনগুলিতে আসার জন্য কোনো Compensatory Leave পাওয়া যাবে না।