মধ্যশিক্ষা পর্ষদে(WBBSE) শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন পেশাগত কারনে আবেদন করতে হয়। কী ভাবে সেই সমস্ত আবেদন করবেন, সঙ্গে কী কী ডকুমেন্টস দেবেন, কাকে অ্যাড্রেস করবেন, কোথায় আবেদনপত্র জমা দেবেন এই নিয়ে প্রচুর কনফিউশন আছে টিচারদের মধ্যে। অথচ এই ব্যাপারে ক্লিয়ার কনসেপশন থাকা উচিত। তাঁদের চাকরিগত স্বার্থেই। আজকে এই বিষয়গুলি নিয়েই আলোচনা করা হল। 

——————————————————

১) প্রশ্ন – WBBSE বা মধ্যশিক্ষা পর্ষদে কোন কোন বিষয়ে পারমিশন বা অনুমোদনের জন্য প্রেয়ার পাঠাতে হয় ?

উত্তর – নীচে তিন নম্বর প্রশ্নের উত্তর থেকে পরপর এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হলো। দেখে নিন।

২) প্রশ্ন – মধ্যশিক্ষা পর্ষদে কাকে অ্যাড্রেস করে এবং কোন ঠিকানায় প্রেয়ার পাঠাতে হয় ?

উত্তর – মধ্যশিক্ষা পর্ষদে যে কোনো প্রেয়ার পাঠাতে হয় পর্ষদের সেক্রেটারিকে অ্যাড্রেস করে। তবে বেশ কিছু ক্ষেত্রে সেটা পাঠাতে হয় ডি আই এর মাধ্যমে।

i ) যে আবেদনগুলি সরাসরি মধ্যশিক্ষা পর্ষদে জমা দেওয়া হয় সেগুলিতে অ্যাড্রেস করা হয় এইভাবে –

To

The Secretary, WBBSE

Nivedita Bhavan

Karunamoyee, Saltlake

Kolkata – 700091

ii) যে আবেদন গুলি ডি আই এর মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদে পাঠানো হয় সেগুলির ক্ষেত্রে অ্যাড্রেস করা হবে এইভাবে –

To

The Secretary, WBBSE

Nivedita Bhavan

Karunamoyee, Saltlake, Kolkata-700091

Through the DI of Schools (SE) –(District)

৩) প্রশ্ন – ইন সার্ভিস অবস্থায় কোনো পরীক্ষায় বসতে চাইলে কি বোর্ডের ( WBBSE) পারমিশন নিতে হয় ? যদি হয় তাহলে কী কী কাগজপত্র দিয়ে কী ভাবে বোর্ডে আবেদন করতে হবে?

উত্তর – যে কোনো পরীক্ষায় বসতে চাইলে একজন টিচার অবশ্যই বোর্ড থেকে পারমিশন নেবেন। অন্তত নিয়ম মেনে অ্যাপ্লিকেশনটা করে তার প্রমাণ রাখবেন। নাহলে ভবিষ্যতে ঝামেলায় পড়তে পারেন। বর্তমানে এরকম বহু কেস সামনে আসছে। পরীক্ষা বলতে চাকরির পরীক্ষাই হোক বা Higher Studies (কোনো সাবজেক্টে মাস্টার ডিগ্রি) এর পরীক্ষাই হোক। নিয়মটা একই। এক্ষেত্রে ক্যান্ডিডেট তাঁর HOI এর কাছে সেই পারমিশন চেয়ে আবেদন করবেন। HOI এই ব্যাপারে একটা এমসি রেজোলিউশন করে সেই ব্যাপারে বোর্ডের পারমিশন এর জন্য বোর্ডে প্রেয়ার পাঠানোর সিদ্ধান্ত নেবেন। এরপর উপরে দুই নং প্রশ্নের উত্তরে যে ভাবে ডি আই এর থ্রু দিয়ে বোর্ডে পাঠানোর কথা বলা হয়েছে সেইভাবে একটা ফরওয়ার্ডিং লেটার লিখে ডি আই এর কাছে প্রেয়ার জমা দেবেন। ডি আই সেটা বোর্ডে ফরোয়ার্ড করবেন। বোর্ড থেকে পারমিশন আসবে। না এলেও ক্ষতি নেই। অন্তত প্রেয়ারটা যাক। তার প্রমাণ থাক। উক্ত ফরওয়ার্ডিং লেটারের সঙ্গে HOI নিম্নলিখিত ডকুমেন্টস গুলি অ্যাটাচ করে দেবেন –

i) এমসি রেজোলিউশন। এই রেজোলিউশন হবে এই মর্মে যে উক্ত পরীক্ষায় বসার অনুমতি দিতে বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো আপত্তি নেই যেহেতু আবেদনকারী ঘোষণা করেছেন যে এই পরীক্ষায় বসার জন্য তিনি বিদ্যালয়ের পঠন পাঠনের কোনো ক্ষতি করবেন বা তাঁর কর্তব্যে কোনো অবহেলা করবেন না এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি কোনো আর্থিক বা চাকরিগত সুবিধা চাইবেন না।

ii) ক্যান্ডিডেট এর আবেদন HOI কে অ্যাড্রেস করে। এতে ক্যান্ডিডেট লিখে দেবেন যে তিনি এই পরীক্ষা দেওয়ার জন্য বা এই পড়াশোনা চালানোর জন্য স্কুলের প্রতি তাঁর কর্তব্যে কোনো অবহেলা করবেন না এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি কোনো আর্থিক বা চাকরিগত সুবিধা দাবী করবেন না।

iii) উপরে চিঠিতে যে ডিক্লারেশন দিলেন যে স্কুলের পড়াশোনার কোনো ক্ষতি করবেন না বা আর্থিক ও চাকরিগত সুবিধা দাবী করবেন না সেটাই আর একবার একটা সাদা কাগজে ডিক্লারেশন এর আকারে লিখে দেবেন। আপনি কোনো স্টাডি লিভ চান না সেটাও লিখে দেবেন এই ঘোষণা পত্রে।

iv) যে পরীক্ষায় বসতে চলেছেন সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড, পরীক্ষার সূচি ইত্যাদি।

v) SSC Recommendation, Appointment Letter, Joining Report, অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট।

vi) Confirmation Order (২০১৮ সালের পরে নিয়োগ হলে বোর্ডের অর্ডার আর ২০১৮ সালের আগের হলে এমসি রেজোলিউশন)

vii) NO Liability Certificate

viii) No Litigation Certificate

ix) MC Validity Certificate

x) Recognition Memos of the School

xi) Copy of Service Book

xii) Copy of last Pay Slip

xiii) বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিক সার্টিফিকেট

xiv) অন্যান্য শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র

xv) আধার কার্ড ও প্যান কার্ড।

৪) প্রশ্ন – কোনো বিষয়ে উচ্চ শিক্ষা (অর্থাৎ মাস্টার ডিগ্রি বা Phd ) করতে চাইলে কী ভাবে আবেদন করতে হবে ?

উত্তর – উপরের পদ্ধতিতে একই ভাবে ডি আই এর মাধ্যমে বোর্ডে আবেদন পাঠাতে হবে নিম্নলিখিত ডকুমেন্টস গুলি দিয়ে –

i) HM Forwarding Letter

ii) আবেদনকারীর আবেদন

iii) আবেদনকারীর ঘোষণা পত্র যাতে তিনি ঘোষণা করবেন যে উক্ত পড়াশোনা করার জন্য তিনি বিদ্যালয়ের তাঁর কর্তব্যে কোনো রকম গাফিলতি করবেন না এবং তিনি এই পড়াশোনার পরে কোনো আর্থিক বা চাকরিগত সুবিধা দাবী করবেন না।

iv) এমসি রেজোলিউশন যাতে এমসি এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করবে যে যেহেতু আবেদনকারী ঘোষণা করেছেন যে তিনি এই উচ্চশিক্ষা লাভ করার পর কোনো আর্থিক বা চাকরিগত সুবিধা দাবী করবেন না তাই এই অনুমতি দিতে স্কুল কর্তপক্ষের কোনো আপত্তি নেই যদি বোর্ড ( WBBSE) এই অনুমতির অনুমোদন দেয়। এই রেজোলিউশনেই সিদ্ধান্ত নেওয়া হবে যে এই বিষয়ে অনুমোদনের জন্য ডি আই এর মাধ্যমে বোর্ডে প্রেয়ার পাঠানো হবে। এই দায়িত্ব দেওয়া হবে বিদ্যালয়ের HOI কে।

v) যে কোর্সে ভর্তি হয়েছেন সেটার অ্যাডমিশান স্লিপ, ফিস কার্ড, পরীক্ষার সূচি ইত্যাদি

vi) এরপর তিন প্রশ্নের উত্তরে পয়েন্ট (v) থেকে (xv) পর্যন্ত সমস্ত ডকুমেন্টস

৫) প্রশ্ন – পাসপোর্ট ও ভিসার জন্য বোর্ড থেকে NOC পেতে গেলে কীভাবে আবেদন করতে হবে ?

উত্তর – আবেদনকারী HOI এর কাছে সাদা কাগজে আবেদন করবেন যে তিনি পাসপোর্ট ও ভিসার জন্য NOC চান। কী উদ্দেশ্যে এটা চাইছেন সেটাও বলে দেবেন। HOI সেই আবেদন পাওয়ার পর একটা এমসি রেজোলিউশন করবেন এবং নিম্নলিখিত ডকুমেন্টসগুলি দিয়ে উপরে উল্লেখিত পদ্ধতিতে ডি আই এর মাধ্যমে বোর্ডে সেই আবেদন ফরোয়ার্ড করবেন —

i) HM Forwarding Letter

ii) আবেদনকারীর আবেদন

iii) এমসি রেজোলিউশন যেখানে এমসি এই মর্মে সিদ্ধান্ত নেবে যে উক্ত কর্মীর দ্বারা পাসপোর্ট / ভিসার পাওয়ার ক্ষেত্রে এমসির কোনো আপত্তি নেই। এই রেজোলিউশনেই সিদ্ধান্ত নেওয়া হবে যে এই ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি/ অনুমোদন পাওয়ার জন্য ডি আই এর মাধ্যমে বোর্ডে প্রেয়ার পাঠানো হবে। সেই দায়িত্ব দেওয়া হবে HOI কে।

iv) তিন নম্বর প্রশ্নের উত্তরে পয়েন্ট (v) থেকে (xv) পর্যন্ত উল্লেখিত ডকুমেন্টস।

৬) প্রশ্ন – বোর্ড থেকে বিদেশ ভ্রমণের জন্য পারমিশন পেতে গেলে কী ভাবে আবেদন করতে হবে ?

উত্তর – আবেদনকারী টিচার তাঁর HOI এর নিকট বিদেশ ভ্রমণের পারমিশন চেয়ে আবেদন করবেন। সেই আবেদন পত্রে উল্লেখ করবেন কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত এই কারনে অনুপস্থিত থাকবেন, কী কারনে যাচ্ছেন এবং এই অনুপস্থিতির দিনগুলির জন্য কী ছুটি চান। এখানে উল্লেখ্য এই কারনে মেডিকেল গ্রাউন্ডের কোনো ছুটি পাবেন না যদি না নিজের চিকিৎসার উদ্দেশ্যে এই বিদেশ ভ্রমণ হয়। এই আবেদন পাওয়ার পর HOI একটা এমসি রেজোলিউশন করে নিম্নলিখিত ডকুমেন্টসগুলি দিয়ে ডি আই এর মাধ্যমে বোর্ডে আবেদন ফরোয়ার্ড করবেন বোর্ডের অনুমোদনের জন্য —

i) HM Forwarding Letter

ii) উপরে উল্লেখিত সমস্ত তথ্য দিয়ে আবেদনকারীর আবেদন

iii) অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট

iv) পাসপোর্ট ও ভিসার কপি ও ফ্লাইটের টিকিটের কপি (যদি থাকে )

v) উপরে তিন নম্বর প্রশ্নের উত্তরে পয়েন্ট (v) থেকে পয়েন্ট (xv) পর্যন্ত উল্লেখিত সমস্ত ডকুমেন্টস

৭) প্রশ্ন – ২০১৮ সালের পরে যাঁদের নিয়োগ তাঁদের সার্ভিস কনফারমেশন এর জন্য আবেদন কী ভাবে বোর্ডে পাঠাতে হবে ? কী কী ডকুমেন্টস দিতে হবে ?

উত্তর – পার্মানেন্ট পোস্টে দুই বছরের সার্ভিস কমপ্লিট হওয়ার পর একজন টিচার সাদা কাগজে HOI এর কাছে আবেদন করবেন তাঁর সার্ভিস কনফারমেশন এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে। এই আবেদন পাওয়ার পর HOI একটা এমসি রেজোলিউশন করে নিম্নলিখিত ডকুমেন্টসগুলি দিয়ে ডি আই এর মাধ্যমে বোর্ডে আবেদন করবেন এই কনফারমেশন অর্ডার পাওয়ার জন্য —

i) HM Forwarding Letter

ii) আবেদনকারীর আবেদন।

iii) এমসি রেজোলিউশন । এই রেজোলিউশনে পরিষ্কার করে উল্লেখ করা হবে উক্ত টিচার পার্মানেন্ট পোস্টে জয়েন করেছিলেন অথবা অ্যাডিশনাল পোস্টে জয়েন করেছিলেন কিন্তু ইতোমধ্যেই সেই পোষ্ট এর Retention করা হয়েছে ডি আই এর মাধ্যমে। রেজোলিউশনে উল্লেখ করতে হবে তাঁর জয়েনিং ডেট কবে এবং কবে তাঁর দুই বছরের সন্তোষজনক সার্ভিস সম্পূর্ণ হয়েছে এবং কবে থেকে তাঁর সার্ভিস কনফারমেশন এর জন্য এমসি রেকমেন্ড করছে। এই রেজোলিউশনেই উল্লেখ করা হবে যে এডুকেশন ডিপার্টমেন্ট এর গেজেট নোটিফিকেশন মেমো নং – 214 SE, তারিখ – 08/03/2018 অনুযায়ী এই কনফারমেশন অর্ডার পাওয়ার জন্য ডি আই এর মাধ্যমে বোর্ডে আবেদন পাঠানো হবে। সেই দায়িত্ব দেওয়া হবে স্কুলের HOI কে।

iv) Additional Post হলে Post Retention Order

v) Medical ও পুলিশ ভেরিফিকেশন এর রিপোর্ট ( জেরক্স হলেও চলবে )। এরকম রিপোর্ট না থাকলে আবেদনকারী সাদা কাগজে একটা ডিক্লারেশন দেবেন যে তাঁর PV ও মেডিকেল হয়ে গেছে কিন্তু তিনি রিপোর্ট হাতে পাননি। এরকম ডিক্লারেশন দিয়েও কাজ চলবে।

vi) তিন নম্বর প্রশ্নের উত্তরে পয়েন্ট (v) থেকে (xv) পর্যন্ত উল্লেখিত সমস্ত ডকুমেন্টস।

৮) প্রশ্ন – স্টাডি লিভ অনুমোদনের জন্য কী ভাবে বোর্ডের কাছে আবেদন করতে হয় ?

উত্তর – স্টাডি লিভ এক ধরনের স্পেশাল লিভ। এই লিভ পাওয়ার জন্য বোর্ডের অনুমোদনের প্রয়োজন আছে। স্টাডি লিভ বোর্ডের অনুমোদিত না হলে ( ডেপুটেশনে বি এড বা NSOU থেকে যে ODL মোডে ডিপার্টমেন্টের উদ্যোগে যে BEd করানো হয়েছিল সেটা ছাড়া ) কিন্তু প্রবলেম আছে। স্টাডি লিভ একধরনের স্পেশাল লিভ। এটা পাওয়া যায় কোনো পরীক্ষা দেওয়ার এক সপ্তাহ আগে থেকে পরীক্ষার দিনগুলির জন্য। এই লিভ পেতে গেলে আবেদনকারী HOI এর নিকট আবেদন করবেন। HOI তারপর একটা এমসি রেজোলিউশন করে নিম্নলিখিত ডকুমেন্টসগুলি দিয়ে সরাসরি বোর্ডে আবেদন পাঠিয়ে দেবেন । ডি আই এর মাধ্যমে আবেদন করার দরকার নেই। যে ডকুমেন্টস গুলি দেবেন সেগুলি হলো –

i) HM Forwarding Letter

ii) আবেদনকারীর আবেদন। এটাতে তিনি পরীক্ষার সূচি দিয়ে পরিষ্কার করে আবেদন করবেন কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত ছুটি চাইছেন।

iii) এমসি রেজোলিউশন। এই রেজোলিউশনে লেখা হবে কোন কোর্সের পরীক্ষা। কোন ইউনিভার্সিটির কোন সেশনের কোর্স । কত তারিখে শুরু আর কবে পরীক্ষা শেষ। কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত স্টাডি লিভ অনুমোদনের সুপারিশ করছে এমসি। এটাতেই লেখা হবে এই ছুটি অনুমোদনের জন্য বোর্ডে প্রেয়ার পাঠানো হবে। সেই দায়িত্ব স্কুলের HOI কে দেওয়া হলো।

iv) উক্ত পরীক্ষার সূচি

v) কোর্সে ভর্তির প্রমাণ

vi) কোর্সটি করার জন্য ডি আই এর Prior Permission ( যদি থাকে )

vii) তিন নম্বর প্রশ্নের উত্তরে পয়েন্ট (v) থেকে পয়েন্ট (xv) পর্যন্ত উল্লেখিত সমস্ত ডকুমেন্টস।

৯) প্রশ্ন – স্পেশাল লিভ ইন এক্সেপশনাল সার্কামস্টেন্সেস ( Special Leave in Exceptional Circumstances) বোর্ডের অনুমোদনের জন্য কী ভাবে আবেদন করতে হবে ?

উত্তর – Special Leave in Exceptional Circumstances একটি স্পেশাল লিভ। এটা পাওয়া যায় হাত পা ভেঙে প্লাস্টার হলে , ক্যান্সার বা অন্য কোনো জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী থাকলে এবং অন্য কোনো ছুটি জমা না থাকলে। এটা ১৮ মাস পর্যন্ত পাওয়া যেতে পারে। সবেতন বা বিনা বেতনে হতে পারে। এই ছুটির অনুমোদন কিন্তু বোর্ড থেকে হতে হবে। এই ছুটির জন্য আবেদনকারী টিচার তাঁর সমস্ত মেডিকেল ডকুমেন্টস দিয়ে HOI এর নিকট আবেদন করবেন। HOI তখন একটা এমসি রেজোলিউশন করে নিম্নলিখিত ডকুমেন্টসগুলি দিয়ে সরাসরি বোর্ডে আবেদন পাঠিয়ে দেবেন। ডি আই এর মাধ্যমে যাওয়ার দরকার নেই। যে ডকুমেন্টসগুলি দিতে হবে সেগুলি হলো –

i) HM Forwarding Letter

ii) আবেদনকারীর আবেদন যাতে আবেদনকারী মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী তারিখ উল্লেখ করে এই ছুটি সবেতন ছুটি হিসাবে পাওয়ার জন্য আবেদন করবেন।

iii) সমস্ত মেডিকেল ডকুমেন্টস। এখানে ডাক্তারের সার্টিফিকেট থাকবে যাতে ডাক্তারবাবু লিখে দেবেন কত তারিখ থেকে আবেদনকারী শয্যাশায়ী আছেন এবং আরো কত দিন থাকতে হবে।

iv) এমসি রেজোলিউশন। এই রেজোলিউশনে এমসি পরিষ্কার করে উল্লেখ করবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই ছুটির অনুমোদন সুপারিশ করা হচ্ছে। এটাতে আরো লেখা হবে যে ছুটিটি সবেতন হওয়ার জন্য সুপারিশ করা হচ্ছে। এখানে আরো সিদ্ধান্ত নেওয়া হবে যে এই ছুটির অনুমোদনের জন্য বোর্ডে প্রেয়ার পাঠানো হবে আর সেই দায়িত্ব হচ্ছে বিদ্যালয়ের HOI কে।

v) তিন নম্বর প্রশ্নের উত্তরে পয়েন্ট (v) থেকে (xv) পর্যন্ত উল্লেখিত সমস্ত ডকুমেন্টস।

১০) প্রশ্ন – Advanced Medical Leave পেতে গেলে কী ভাবে বোর্ডে আবেদন করতে হবে ?

উত্তর – Advanced Medical Leave পাওয়া যায় তখন যখন কর্মীর কোনো মেডিকেল লিভ জমা থাকে না (বিশেষ করে চাকরির প্রথম বছরে) অথচ গুরতর অসুস্থতার জন্য মেডিকেল লিভ দরকার হয়ে পড়ে। এই ছুটির জন্য একজন টিচার তাঁর HOI এর কাছে আবেদন করবেন প্রয়োজনীয় মেডিকেল ডকুমেন্টস দিয়ে। HOI একটা এমসি রেজোলিউশন করে সেই আবেদন সরাসরি বোর্ডে ফরোয়ার্ড করবেন বোর্ডের অনুমোদনের জন্য নিম্নলিখিত ডকুমেন্টসগুলি দিয়ে –

i) HM Forwarding Letter

ii) আবেদনকারীর আবেদন যাতে মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী তারিখ উল্লেখ করে আবেদনকারী এই বিশেষ ছুটি চাইবেন।

iii) সমস্ত মেডিকেল ডকুমেন্টস। এখানে ডাক্তারবাবু লিখে দেবেন যে এই সিরিয়াস অসুস্থতা জনিত কারনে কতদিন (তারিখ উল্লেখ করে) ঐ কর্মী বেড রেস্টে ছিলেন বা থাকতে হবে।

iv) এমসি রেজোলিউশন। এই রেজোলিউশন হবে এই মর্মে যে আবেদনকারীর কোনো মেডিকেল গ্রাউন্ডের লিভ জমা নেই অথচ মেডিকেল ইমার্জেন্সির কারনে তিনি অসুস্থতার ছুটি নিতে বাধ্য হয়েছেন। আজকের সভা সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে উক্ত ছুটিগুলি অ্যাডভ্যান্সড মেডিকেল লিভ হিসাবে গণ্য করা হবে যদি বোর্ডের থেকে অনুমোদিত হয়। সেই রেজোলিউশনেই সিদ্ধান্ত নেওয়া হবে যে এই প্রেয়ার বোর্ডে পাঠানো হবে। এই ব্যাপারে যাবতীয় কার্য সম্পাদন করার দায়িত্ব HOI কে দেওয়া হবে।

v) তিন নম্বর প্রশ্নের উত্তরে পয়েন্ট (v) থেকে (xv) পর্যন্ত উল্লেখিত সমস্ত ডকুমেন্টস।

১১) প্রশ্ন – Leave Rules এর বাইরে গিয়ে বিশেষ পরিস্থিতিতে বিশেষ ছুটির জন্য কি বোর্ডে আবেদন করা যায় ? কী ভাবে ?

উত্তর – যদি এমন কোনো বিশেষ পরিস্থিতির উদ্ভব হয় যখন বিশেষ প্রয়োজনে ছুটি নিতে হয়েছে অথচ সেই কারনে ছুটি পাওয়া যাবে এমন কথা Leave Rules এ কোথাও বলা হয়নি , তাহলে সেই বিশেষ কারন দেখিয়ে বোর্ডের বিবেচনাধীন বিশেষ ছুটির জন্য আবেদন করা যায়। বোর্ড মঞ্জুর করলে সেই ছুটি মিলতে পারে। তবে খুব Rare কারন ছাড়া এই ছুটি পাওয়া যায় না। এক্ষেত্রেও আবেদনকারী টিচার তাঁর HOI এর কাছে সমস্ত কারন জানিয়ে এবং সমস্ত ডকুমেন্টস দিয়ে আবেদন করবেন। HOI তখন নিম্নলিখিত ডকুমেন্টসগুলি দিয়ে সেই আবেদন সরাসরি বোর্ডে পাঠাবেন বোর্ডের অনুমোদনের জন্য —

i) HM Forwarding Letter

ii) আবেদনকারীর আবেদন সমস্ত বিষয়টিকে ডিটেইলস এ লিখে

iii) সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস

iv) এমসি রেজোলিউশন। এতে এমসি পরিস্কার করে লিপিবদ্ধ করবে কোন পরিস্থিতিতে কেন এই বিশেষ বিবেচনাধীন ছুটির সুপারিশ করা হচ্ছে। এতে আরো সিদ্ধান্ত নেওয়া হবে যে এই ছুটি বোর্ডের বিশেষ বিবেচনায় অনুমোদনের জন্য বোর্ডে আবেদন করা হবে। এই ব্যাপারে সমগ্র কার্যটি সম্পাদন করার দায়িত্ব দেওয়া হবে HOI কে। SHAMIM RAHAMAN, HM।

v) তিন নম্বর প্রশ্নের উত্তরে পয়েন্ট (v) থেকে পয়েন্ট (xiv) পর্যন্ত উল্লেখিত সমস্ত ডকুমেন্টস।

১২) প্রশ্ন – উপরে যা আলোচনা হলো সবেতেই দেখা গেল স্কুলের মাধ্যমে/ ডি আই এর মাধ্যমে বোর্ডে আবেদন পাঠানোর কথা বলা হলো। এখন প্রশ্ন হচ্ছে কোনো টিচার কি নিজে সরাসরি বোর্ডে আবেদন করতে পারবেন না ?

উত্তর – উপরোক্ত ছুটি বা সুবিধাগুলি চেয়ে যদি কোনো টিচার নিজেই সরাসরি বোর্ডে আবেদন করেন তাহলে সেগুলি বোর্ডের কাছে গ্রহণ যোগ্য হবে না। তবে যদি এমন হয় যে টিচার আইনত প্রাপ্য কোনো সুবিধা চেয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন কিন্তু স্কুল কর্তৃপক্ষ বা ডি আই সেটা বোর্ডে ফরোয়ার্ড করছেন না তখন উক্ত টিচার সেই আবেদনের প্রমাণ দিয়ে বোর্ডের কাছে অভিযোগ দায়ের করতে পারেন এবং সরাসরি বোর্ডের হস্তক্ষেপের জন্য অনুরোধ করতে পারেন। অনেক সময় এরকম আবেদনে কাজ হয়। বোর্ড স্কুল কর্তৃপক্ষ বা ডি আই কে নির্দেশ দেয় এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য।  

SOURCE-SMR

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top