উৎসশ্রী পোর্টালের মাধ্যমে আবার জেনারেল ট্র্যান্সফার শুরু হতে চলেছে। আসুন দেখি এই ট্রান্সফার এর ক্ষেত্রে নিয়মকানুনগুলি ঠিক কেমন হতে চলেছে। কয়েকটি পর্বে চলবে উৎসশ্রীর নিয়ম কানুন নিয়ে বিস্তৃত আলোচনা। আজকের আলোচনা কারা এই ট্র্যান্সফার এর যোগ্য হবেন সেটা নিয়ে। তবে বলে রাখা ভাল এটা লেখা হল বর্তমানে ইন ফোর্স Rules গুলির আলোকে। ভবিষ্যতে  কিছু পরিবর্তন হয় কি না সেদিকেও আমাদের চোখ রাখতে হবে।

=======================================================

আজ প্রথম পর্ব। 

—————————————– —

১) প্রশ্ন – সম্প্রতি কোন অর্ডারের দ্বারা এই ট্রান্সফার এর কাজ শুরু হতে চলেছে ? কী আছে সেই অর্ডারে ?

উত্তর – এডুকেশন ডিপার্টমেন্ট তার মেমো নং – 760-SED/DSE তারিখ – 30/06/2026 জারি করে জানাচ্ছে যে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে এত দিন বন্ধ থাকা সমস্ত ক্যাটাগরির ট্রান্সফার এর কাজ আবার শুরু হতে চলেছে 01/07/2026 তারিখ থেকে আগের সমস্ত নিয়ম মেনে। আগের নিয়ম বলতে মূলত General Transfer Rules, 2015 (পরবর্তী বিভিন্ন সংশোধনীসহ) এর কথা বলা হয়েছে। তবে এখানে মনে রাখতে হবে এটা একেবারেই একটা প্রাথমিক অর্ডার। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হয়ত খুব শীঘ্রই নিয়ম কানুনের কিছু পরিবর্তন আনবে বা অথবা নতুন করে detailed guidelines প্রকাশ করবে। তাই যারা ট্রান্সফার এর জন্য আবেদন করবেন ভাবছেন তাঁরা অন্তত সাত থেকে দশ দিন অপেক্ষা করে যান। তারপর অ্যাপ্লাই করবেন।

২) প্রশ্ন – কারা এই আবেদনের যোগ্য ?

উত্তর – নিম্নলিখিত , ক্ষেত্রে কর্মীগণ এই ট্র্যান্সফার পাওয়ার যোগ্য হবেন –

i) যদি আবেদনকারী বা তাঁর পুত্র/কন্যা, স্ত্রী/ স্বামী ক্যান্সার, কিডনি ফেলিওর, হার্টের রোগ, থ্যালাসেমিয়া, অঙ্গ প্রতিস্থাপন, সিরিয়াস গাইনি প্রবলেম রোগে ভোগেন যা তাঁর চলা ফেরার ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

ii) যদি আবেদনকারী 40% বা তার বেশি প্রতিবন্ধী হন।

iii) স্বামীর মৃত্যুর কারনে বা বিবাহ বিচ্ছেদের কারনে যদি কোনো মহিলা কর্মী খুব সমস্যার মধ্যে থাকেন।

iv) যদি আবেদনকারীর বয়স ৫৭ বছরের বেশি কিন্তু ৫৯ বছরের কম হয় তিনি ট্র্যান্সফার পেতে পারেন।

v) অন্য যে কোনো ভ্যালিড কারনেও ট্রান্সফার পাওয়া যেতে পারে। সেই অন্য কারণগুলি কী তা অবশ্য অর্ডারে নির্দিষ্ট করা হয়নি। তবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে সিঙ্গেল প্যারেন্ট, কর্মস্থল থেকে বাড়ির দূরত্ব ইত্যাদি কারন দেখাতে পারেন।

(স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মেমো নং – 159 SE, তারিখ – 27/02/2015 এবং 707/SE/S, তারিখ -08/09/2021)

৩) প্রশ্ন – কোন কোন শর্ত পূরণ হলে তবেই এই ট্রান্সফার পাওয়া যাবে ?

উত্তর – শর্তগুলি হলো –

i) চাকরি Confirmed হতে হবে। মনে রাখবেন 2018 এর আগে যাঁদের জয়েনিং তাঁদের কনফারমেশন করবে এমসি আর তার পরের যাঁদের জয়েনিং তাঁদের কনফারমেশন করবে বোর্ড।

ii) বর্তমান স্কুলে বর্তমান পোস্টে কম করে পাঁচ বছর চাকরি করতে হবে। অর্থাৎ আগে কোথায় কত বছরের চাকরির অভিজ্ঞতা আছে সেটা এই হিসাবের মধ্যে ধরা হবে না। বর্তমান স্কুলে চাকরির অভিজ্ঞতাটাই শুধু এক্ষেত্রে বিবেচনা করা হবে। শুধু তাই নয় বর্তমান পোস্টে কত বছর চাকরি করছেন সেটাও বিবেচ্য। মনে করুন আপনি যে স্কুলে AT ছিলেন সেখানেই Higher Scale এ নিয়োগ পেলেন অথবা HM হিসাবে নিয়োগ পেলেন। এক্ষেত্রে কিন্তু শেষ নিয়োগের দিন থেকে পাঁচ বছরের হিসাব হবে।

(ব্যতিক্রম – এখানে উল্লেখ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মেমো নং -1123-SE/S, তারিখ -21/12/2021 অনুসারে বিশেষ গ্রাউন্ডে আবেদনকারীরা (অর্থাৎ দুই নং প্রশ্নের উত্তরে ( i) থেকে (iv) পর্যন্ত যে সমস্ত আবেদমকারীদের কথা বলা হয়েছে তাঁদের ক্ষেত্রে বর্তমান স্কুলে পাঁচ বছর চাকরি না হলেও হবে। তাঁদের সব মিলিয়ে টোটাল চাকরি পাঁচ বছর হলেই তাঁরা ট্রান্সফার এর যোগ্য হবেন)।

iii) যদি আগে কখনও ট্রান্সফার অর্ডার পেয়েও জয়েন না করে থাকেন তাহলে সেই অর্ডার ইস্যু হওয়ার তারিখ থেকে সাত বছর অতিক্রান্ত হয়ে থাকতে হবে।

iv) বর্তমান স্কুল আর যেখানে ট্রান্সফার নিচ্ছেন দুটির মধ্যে দূরত্ব কম করে ২৫ কিলোমিটার হতে হবে।

(স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মেমো নং – 159 SE, তারিখ -27/02/2015 এবং 707/SE/S, তারিখ – 08/09/2021)

৪) প্রশ্ন – কোন কোন ক্ষেত্রে একজন আবেদনকারী ট্রান্সফার এর আবেদন করলেও তাঁর আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে ?

উত্তর – নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে অর্থাৎ HOI/DI/ SSC থেকে আবেদন ফেরত আসতে পারে —

i) যদি আবেদনকারী স্কুলের সিঙ্গেল সাবজেক্ট টিচার হন।

ii) যদি আবেদনকারীকে ট্রান্সফার দিলে স্কুলের টিচার স্টুডেন্ট অনুপাত ১:৪০ এর নীচে নেমে যায়।

iii) যদি আবেদনকারীর আবেদন করার আগেই স্কুলের মোট কর্মরত টিচারদের ১০% ইতিমধ্যে ট্রান্সফার পেয়ে গিয়ে থাকেন বা তাঁদের আবেদন ফরোয়ার্ড করা হয়ে গিয়ে থাকে।

iv) যদি আবেদনকারীর বিরুদ্ধে কোনো কোর্ট কেস চলে বা ডিপার্টমেন্টাল প্রসিডিংস চালু থাকে অথবা আবেদনকারী সাসপেন্ড হয়ে থাকেন।

v) যদি কনফারমেশন না হয়ে থাকে।

vi) যদি বর্তমান স্কুলে বর্তমান পোস্টে পাঁচ বছরের বেশি চাকরি না হয়ে থাকে। (বিঃ দ্রঃ – উপরের তিন নং প্রশ্নের উত্তরে উল্লেখিত ব্যতিক্রমটা খেয়াল করবেন)।

vii) যদি আবেদনকারীর বয়স ৫৯ বছরের বেশি হয়ে থাকে।

viii) যদি আবেদনকারীর বর্তমান স্কুল ও যে স্কুলে তিনি যেতে চাইছেন সেখানকার মধ্যের দূরত্ব ২৫ কিমির কম হয়।

ix) যদি ট্রান্সফার অর্ডার পাওয়ার পরেও জয়েন না করার পর সাত বছর অতিক্রান্ত না হয়ে থাকে। এখানে উল্লেখ্য সাত বছরের হিসাবটা হবে উক্ত ট্রান্সফার অর্ডারে উল্লেখিত ডেট থেকে।

(স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মেমো নং – 159-SE/S, তারিখ -27/02/2015, মেমো নং -707-SE/ S তারিখ 08/09/20210এবং মেমো নং – 1123-SE/S, তারিখ – 21/12/2021

৫) প্রশ্ন – উপরে কয়েকটি ক্ষেত্রের কথা বলা হলো যেসব ক্ষেত্রে আবেদনকারীর আবেদন বাতিল হতে পারে। সব ক্ষেত্রেই কী উক্ত কারণগুলির জন্য আবেদন বাতিল হয়ে যাবে ?

উত্তর – না। সব ক্ষেত্রে এই রেস্ট্রিকশনগুলি কার্যকর হবে না। ১০ শতাংশের নিয়ম/ স্টুডেন্ট টিচার অনুপাতের নিয়ম/সিঙ্গেল সাবজেক্ট টিচারের নিয়ম/বর্তমান স্কুলে পাঁচ বছরের মিনিমাম চাকরির নিয়ম সেই সমস্ত আবেদনকারীর জন্য প্রযোজ্য হবে না যে সব কর্মী নিজের বা নিজের Spouse ও চিলড্রেনদের মেডিকেল গ্রাউন্ডে (কয়েকটি নির্দিষ্ট রোগের ক্ষেত্রেই পাওয়া যাবে যেগুলির কথা উপরে বলেছি) আবেদন করেছেন, অথবা যদি নিজেকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড দেখিয়ে আবেদন করেছেন অথবা যদি ডিভোর্সী বা স্বামীহারা মহিলা কর্মী আবেদন করে থাকেন অথবা যদি ৫৭ বছরের বেশি কিন্তু ৫৯ বছরের কম বয়সী কর্মী এই ট্র্যান্সফার এর জন্য আবেদন করে থাকেন। এনারা বিশেষ ক্যাটাগরির মধ্যে পড়েন।

মনে রাখুন এই বিশেষ গ্রাউন্ডগুলি ছাড়া অন্য গ্রাউন্ডে (Other Grounds) যাঁরা আবেদন করেছেন তাঁদের ক্ষেত্রে কিন্তু সবগুলি রেস্ট্রিকশন প্রযোজ্য হবে।

আবার বিশেষ গ্রাউন্ডে আবেদন করা ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু ৪ নং প্রশ্নের উত্তরের iv, v,vii,viii,ix,পয়েন্টে উল্লেখিত শর্তগুলি প্রযোজ্য হবে। এই ক্ষেত্রগুলোতে তাঁরাও ছাড় পাবেন না।

৬) প্রশ্ন – উপরে বলা হলো সিঙ্গেল সাবজেক্ট টিচার যদি বিশেষ গ্রাউন্ডে আবেদন না করেন তাহলে তাঁর আবেদন প্রত্যাখ্যান করা হবে। ব্যাপারটা কি সত্যিই তাই ?

উত্তর – না। এই নিয়মটা একটু পরিবর্তন হয়েছে পরবর্তী সময়ে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মেমো নং – 66(25)-CSE/2021, তারিখ -22/09/2021 দ্বারা। এটাতে বলা হয়েছে —

i) সিঙ্গেল সাবজেক্ট টিচার অনলাইনে আবেদন করবেন।

ii) এইরকম একটি আবেদন পেলেই স্কুল কর্তৃপক্ষ সেটা রিজেক্ট করবে না। ইন ফ্যাক্ট অনলাইনে আবেদন পাওয়ার পর আপাতত তাঁরা অনলাইনে কিছুই করবেন না। এরকম আবেদন পেলে তাঁরা ডি আই কে হার্ডকপি দিয়ে লিখিতভাবে জানিয়ে দেবেন যে এই রকম একটা আবেদন হয়েছে। তাই এই ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা যেন তিনি গ্রহণ করেন।

iii) ডি আই ব্যাপারটা কমিশনার অফ স্কুল এডুকেশনকে (CSE) দ্রুত জানিয়ে দেবেন।

iv) এরপর CSE এর পরামর্শক্রমে ডি আই চেষ্টা করবেন আশেপাশের স্কুল থেকে একই সাবজেক্টের কোনো টিচারকে লোকাল অ্যারেঞ্জমেন্ট করে ঐ স্কুলে সপ্তাহে কয়েকদিন ক্লাস করার উদ্দেশ্যে নিয়ে আসার জন্য। এই ব্যবস্থা হবে টেম্পোরারি। এটা চলবে যতদিন না পর্যন্ত ঐ স্কুলে পার্মানেন্ট টিচার আসছেন।

v) ডি আই এরকম অ্যারেঞ্জমেন্ট করতে পারলে সেটা স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন এবং নির্দেশ দেবেন ঐ ট্রান্সফার এর আবেদন অনলাইনে ফরোয়ার্ড করতে।

vi) ডি আই এর কাছ থেকে এরকম নির্দেশ পাওয়ার পর স্কুলের HOI সেই আবেদন ডি আই এন্ডে ফরোয়ার্ড করে দেবেন।

vii) সবকিছু ঠিক থাকলে ডি আই সেটা ফরোয়ার্ড করবেন এসএসসি কে। এসএসসি বোর্ডকে। আর বোর্ড ট্রান্সফার অর্ডার জারি করবে।

৭) প্রশ্ন – উপরে বলা হলো একটা স্কুলের সর্বোচ্চ ১০% টিচার স্কুল থেকে ট্রান্সফারের জন্য স্কুল কর্তৃপক্ষের নিকট থেকে NOC পেতে পারেন। এই ১০% টা কি মোট Sanctioned Post এর ১০% না টোটাল যত টিচার সেই মুহূর্তে স্কুলে আছেন তার ১০% ?

উত্তর – যত টিচার সেই মুহূর্তে আছেন তার ১০%। Sanctioned Post কত সংখ্যক সেটা বিবেচ্য নয়।

৮) প্রশ্ন – এই ১০% এর হিসাব কে করবেন ? কখন করবেন ?

উত্তর – স্কুল কর্তৃপক্ষ কোনো কর্মীকে ট্রান্সফারের জন্য NOC দেওয়ার আগে এই ১০% এর হিসাব করবেন। অর্থাৎ স্কুল থেকে ১০% এর বেশি টিচারকে ছাড়বেন না স্কুল কর্তৃপক্ষ। (মেমো নং 159-SE/S তারিখ -27/02/2015)

৯) প্রশ্ন – কোন মাপকাঠির ভিত্তিতে ১০% কে বেছে নেবেন স্কুল কর্তৃপক্ষ ?

উত্তর – স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মেমো নং- 159-SE/S তারিখ -27/02/2015 অনুসারে আগে নিয়ম ছিল বয়স ভিত্তিক সিনিয়রিটির বেসিসে ১০% কে বেছে নেবেন স্কুল কর্তৃপক্ষ। অর্থাৎ আবেদনকারীদের মধ্যে বয়সে সবচেয়ে বেশি সবার আগে সুযোগ পাবেন। তারপর বয়স অনুযায়ী বাকিরা সুযোগ পাবেন ১০% এর মধ্যে আসার জন্য। কিন্তু পরে নিয়মটির সংশোধন করা হয় স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মেমো নং -1123-SE/S তারিখ – 21/12/2021 দ্বারা। এই অর্ডারে বলা হয় স্কুল কর্তৃপক্ষ 10% কে বেছে নেবেন একটা স্কোরের ভিত্তিতে। নীচের প্রশ্নের উত্তরে সেই স্কোর তৈরির নিয়মটা দেওয়া হলো।

১০) প্রশ্ন – একটি স্কুলে মোট স্টাফের সর্বাধিক ১০% কে ট্রান্সফার দেওয়ার জন্য বেছে নেওয়া যায়। অথবা একটাই ভ্যাকেন্সিতে একাধিক আবেদনকারী থাকলে সেই পোস্টের জন্য একজনকে বেছে নেবে SSC। এরজন্য একটা স্কোর শিট বানিয়ে সর্বাধিক স্কোরের ভিত্তিতে আবেদনকারীদের বেছে নেওয়া হয়।

এই স্কোরিং এর নিয়মটা কীরকম ?

উত্তর – নিয়মটা হলো এইরকম –

i) 31/12/2005 পর্যন্ত বর্তমান স্কুল এবং আগের স্কুলের টোটাল যত বছর চাকরি করেছেন ×2 মার্কস। এখানে গুণফল 20 এর বেশি হলেও সর্বোচ্চ মার্কস 20 ই পাবেন। এর সঙ্গে 31/12/2005 থেকে এখন পর্যন্ত প্রতি সম্পূর্ণ বছরের জন্য 1 মার্ক করে পাবেন।

এখানে একটা কথা মনে রাখতে হবে। 31/12/2005 এর আগে যদি কোনো সময়ে এক মাসের বেশি কিন্তু এক বছরের কম চাকরি হয়ে থাকে তাহলে সেই সময়টার জন্য পাবেন 1 মার্ক। আর যদি এরকম হয় 31/12/2005 এর পরে কোনো সময়ে তাহলে পাবেন 1/2 (হাফ) মার্ক।

ii) মহিলা আবেদনকারীর যদি 10 বছরের নীচে বাচ্চা থাকে তাহলে পাবেন 5 মার্কস আর যদি বাচ্চার বয়স হয় 10 বছরের বেশি তাহলে পাবেন 3 মার্কস।

iii) স্বামী/ স্ত্রীর কর্মস্থল যদি আবেদনকারীর কর্মস্থল থেকে 50 এর বেশি থেকে 100 কিমি হয় তাহলে পাবেন 1 মার্ক, যদি 100 কিমির বেশি থেকে 200 কিমি হয় তাহলে পাবেন 2 মার্কস, যদি 200 কিমির বেশি থেকে 500 কিমি হয় তাহলে পাবেন 3 মার্কস, যদি 500 কিমির বেশি হয় তাহলে পাবেন 5 মার্কস।

iv) আবেদনকারীর বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রতি 50 কিমির জন্য 1 মার্ক করে পাবেন। মনে রাখবেন 50 কিমি পূর্ণ না হলে এক মার্ক পাওয়া যাবে না। উদাহরণস্বরূপ 50 কিমি ডিসটেন্স হলে পাবেন 1, আবার 99 কিমি ডিসটেন্স হলেও পাবেন 1, যদি ডিসটেন্স 100 কিমি হয় তাহলে পাবেন 2 । এইভাবে চলবে। সার্ভিসবুকে যে অ্যাড্রেস লেখা আছে সেটা ধরেই ডিসটেন্স হিসেব হবে।

v) আবেদনকারীর বয়স 40 বছর পর্যন্ত হলে পাবেন 1 মার্ক, 41-50 বছর হলে 2 মার্ক আর 51-60 বছর হলে পাবেন 3 মার্কস। বয়স পূর্ণ বছরে ধরা হবে। মাসের হিসাব আসবে না। উদাহরণস্বরপ বলা যায় কারোর বয়স যদি হয় 45 বছর 11 মাস 45 বছর ধরে তাঁকে 2 মার্কস দেওয়া হবে।

এইভাবে (i) থেকে (v) পর্যন্ত প্রাপ্ত সমস্ত মার্কস যোগ করে টোটাল স্কোর হিসাব করা হবে। সেই স্কোরের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ ও এসএসসি অগ্রাধিকারের ভিত্তিতে ট্রান্সফার মঞ্জুর করবে।

(স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মেমো নং 159-SE, তারিখ – 27/02/2015 এবং 1123-SE/S তারিখ 21/12/2021)

১১) প্রশ্ন – উপরে বলা হলো ডিসটেন্স হিসাব করে মার্কস দেওয়া হবে। এই ডিসটেন্স কী ভাবে হিসাব হবে ? এই ডিসটেন্স সার্টিফিকেট কে দেবেন ?

উত্তর – স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার উৎসশ্রী ট্রান্সফার সংক্রান্ত FAQ তে বলে দিয়েছে Google Map এক্ষেত্রে অথেনটিক ডকুমেন্ট হবে। এটাই পোর্টালে আপলোড করতে হবে।

১২) প্রশ্ন – ১০% হিসাব করার সময় ভগ্নাংশ এলে কত ধরা হবে ?

উত্তর – ভগ্নাংশ এলে পরবর্তী পূর্ণ সংখ্যা ধরা হবে। উদাহরণ স্বরূপ ধরা একটা স্কুলে ১৭ জন টিচার আছেন। তার ১০% বলতে ১.৭ বোঝায়। এক্ষেত্রে দুই জন টিচার ট্রান্সফার পাবেন। আর একটি উদাহরণ হিসাবে ধরা যাক কোনো স্কুলে ২১ জন টিচার আছেন। তার ১০% মানে দাঁড়ায় ২.১ জন। এখানে ট্রান্সফার পাবেন ৩ জন টিচার। আবার ধরা যাক কোনো স্কুলে ৮ জন টিচার আছেন। সেখানে ট্রান্সফার পাবেন তার ১০% এর পরবর্তী পূর্ণ সংখ্যা অর্থাৎ ১ জন টিচার।

কিন্তু যদি কোনো স্কুলের Sanctioned টিচার পোস্টের সংখ্যা পাঁচ বা পাঁচের কম হয় তাহলে সেই আবেদন স্কুল কর্তৃপক্ষ প্রথমেই রিজেক্ট করবে না। ডি আই কে হার্ডকপি জমা দিয়ে ব্যাপারটা জানাবেন। ডি আই লোকাল Arrangement করে যদি কাছাকাছি কোনো স্কুল থেকে ঐ সাবজেক্টের কোনো টিচারকে সপ্তাহে কয়েক দিনের জন্য ওই স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে পারেন তাহলে তখন তিনি ট্র্যান্সফার পেতে পারেন।

১৩) প্রশ্ন – এই ১০% এর নিয়মটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য হবে ?

উত্তর – না, সব ক্ষেত্রে হবে না। আগেই বলেছি বিশেষ ক্ষেত্রগুলিতে অর্থাৎ মেডিকেল গ্রাউন্ডে, হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট দের ক্ষেত্রে, মহিলা কর্মী ডিভোর্সি হলে বা স্বামী মারা গেলে অথবা ৫৭ বছরের বেশি বয়স হলে সেই আবেদনকারীদের ক্ষেত্রে এই ১০% এর নিয়ম কার্যকর হবে না। তাঁরা ১০ % এর বেশি হলেও ট্রান্সফার পাবেন।

১৪) প্রশ্ন – ১০% এর হিসাবটা কি আগের ট্রান্সফার ধরে করা হবে ? না এই ফেজে নতুন করে হিসাব হবে ?

উত্তর – এই ব্যাপারে নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না। Clarification এর জন্য ওয়েট করতে হবে। হয়ত পোর্টাল আপডেট করার পর অর্ডার দেবে। তবে যতদূর মনে হয় এই ফেজে নতুন করেই ১০% এর হিসাব হবে কারণ General Transfer Rules,2015 প্রতি বছর প্রসেসটাকে নতুন করে শুরু করতে বলেছে।  

১৫) প্রশ্ন – হেডমাস্টার, AT, TIC, Group D, Clerk কী হিসাবে ট্রান্সফার এর জন্য আবেদন করতে পারবেন ?

উত্তর – AT, TIC, AHM রা AT পোস্টে ট্র্যান্সফার এর জন্য আবেদন করবেন। ক্লার্ক করবেন ক্লার্ক পোস্টের জন্য। গ্রূপ ডি করবেন গ্রুপ ডি পোস্টের জন্য। HM করবেন HM পোস্টের জন্য।

১৬) প্রশ্ন – HM এর ক্ষেত্রে এই ১০% এর হিসাবটা কীভাবে হবে ?

উত্তর – General Transfer Rules,2015 বলেছে টিচার বলতে AT ও HM উভয়কেই বোঝাবে। তাই বলা যায় HM এর ক্ষেত্রেও AT ধরেই ১০% এর হিসাব করতে হবে। আবার AT দের ক্ষেত্রেও HM/TIC /AHM কে ধরেই 10% এর হিসাব হবে।

১৭) প্রশ্ন – ক্লার্ক বা গ্রুপ ডি দের ক্ষেত্রে কীভাবে ১০ % এর হিসাব হবে ?

উত্তর – SSC এর FAQ অনুসারে বলা যায় যে নন টিচিং স্টাফদের জন্য ১০% এর নিয়ম প্রযোজ্য নয়। অর্থাৎ তাঁরা অ্যাপ্লাই করলে ট্রান্সফার পাবেন। কোনো হিসাব নিকাশের ব্যাপার নেই।

 

Note – উৎসশ্রীতে আবেদনের পদ্ধতি , NOC প্রদান ও অন্যান্য তথ্য নিয়ে পরবর্তী পর্ব আসছে দেখতে থাকুন। 

 

 SOURCE-SMR

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top