শিক্ষক দিবসে রাজ্যজুড়ে স্কুলগুলিতে হবে প্রবন্ধ প্রতিযোগিতা,

বিষয় কি? জানালো বিকাশ ভবন

এবছর শিক্ষক দিবস (Teachers’ Day 2026) উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য নতুন সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। আগামী ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে রাজ্যজুড়ে স্কুলগুলিতে হবে প্রবন্ধ প্রতিযোগিতা। ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও কল্পনাশক্তির বিকাশ ঘটাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। সম্প্রতি বিকাশ ভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই নিয়ে ঘোষণা করা হয়েছে। কোন বিষয়ের উপর প্রবন্ধ লিখতে হবে? কি কি নিয়মাবলী? সবাইকে অংশগ্রহণ করতে হবে না কি? সেই সবই স্পষ্ট করা হয়েছে। বিস্তারিত জেনে নিন।

শিক্ষক দিবসে রাজ্যজুড়ে স্কুলগুলিতে হবে প্রবন্ধ প্রতিযোগিতা

প্রতি বছরই ৫ই সেপ্টেম্বর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রখ্যাত শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তীতে দেশজুড়ে স্কুলগুলিতে শিক্ষক দিবস পালিত হয়। তবে শিক্ষক দিবস মানে কেবল প্রথাগত সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং পড়ুয়াদের নিজস্ব সৃজনশীলতা ও চিন্তাভাবনার দক্ষতা বৃদ্ধি করা। তাই এবছর এই বিশেষ দিনে রাজ্যজুড়ে পড়ুয়াদের একযোগে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

কোন বিষয়ের উপর প্রবন্ধ লিখতে হবে?

শিক্ষা দপ্তর জানিয়েছে, এবারের প্রবন্ধের বিষয় হল ‘কেমন হবে আমার বিদ্যালয়?’ একটি বিদ্যালয় কেমন হওয়া উচিত, সেখানকার পঠনপাঠন, পরিবেশ, খেলাধুলো, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক এবং সার্বিক পরিকাঠামো নিয়ে পড়ুয়াদের নিজস্ব ভাবনা কি, তা সরাসরি তুলে ধরাই এই প্রবন্ধের মূল লক্ষ্য।

বিদ্যালয় স্তরে কিভাবে চলবে প্রস্তুতি?

শিক্ষা দপ্তরের এই নির্দেশিকা পাওয়ার পর থেকেই জেলা ও ব্লক স্তরের স্কুল শিক্ষা দপ্তরগুলিতে প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বৈঠক করে প্রতিযোগিতা আয়োজনের কাজ চলছে। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের আগ্রহী সকল শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রতিটি বিদ্যালয়ে বাংলা ও অন্যান্য আঞ্চলিক ভাষার অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে বিচারক মণ্ডলী গঠন করা হবে। লেখার গভীরতা, মৌলিকত্ব, ভাষার প্রাঞ্জলতা এবং উদ্ভাবনী ধারণার ওপর ভিত্তি করে সেরা রচনাগুলি নির্বাচন করা হবে। বিদ্যালয় স্তর, ব্লক স্তর এবং জেলা স্তরে সফল প্রতিযোগীদের শিক্ষা দপ্তরের তরফে পুরস্কৃত করার পরিকল্পনাও করা হয়েছে।

 

সমস্ত জেলায় কড়া নজরদারি

বিকাশ ভবনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এর আগে গত ১৩ই আগস্ট ২০২৬ এবং ১৪ই আগস্ট ২০২৬ প্রতিযোগিতা সংক্রান্ত প্রাথমিক নির্দেশিকা জারি করা হয়েছিল।সেই ধারাবাহিকতা বজায় রেখে সমস্ত জেলার ডিআই (SE & PE)-দের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা অবিলম্বে প্রতিটি ব্লকের স্কুলগুলিতে এই প্রতিযোগিতার প্রস্তুতি খতিয়ে দেখেন। আগামী ২১ আগস্ট, ২০২৬-এর মধ্যে জেলায় জেলায় কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা বিকাশ ভবনে পাঠাতে বলা হয়েছে।

 

 

SOURCE-EXB

 ©kamaleshforeducation.in(2023)

 

 

error: Content is protected !!
Scroll to Top