এখন সব কিছুতেই টেট এর ভূত দেখছি আমরা। অথচ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়কে এড়িয়ে চলছি অনেকেই। এতদিন বিষয়গুলিকে খুব হালকা ভাবে নিলেও এবার সময় হয়েছে চাকরি সংক্রান্ত সব কিছুকেই হালকা করে সিরিয়াসলি নেওয়ার। কেউ জানে না কোন সেকশন, কোন অ্যাপয়েন্টমেন্ট লেভেল, কোন সাল থেকে নিয়োগপ্রাপ্ত, কোন পে স্কেলের টিচারকে টেট দিতে হবে আর কাকে দিতে হবে না। এই সংক্রান্ত বাজারে যা ঘুরছে সব গল্প কথা। সবচেয়ে অনিশ্চয়তার মধ্যে আছে নরমাল সেকশন টিচারদের ভাগ্য (পে স্কেল যাই হোক না কেন)। এই নরমাল সেকশনের টিচারদের আপার প্রাইমারিতে থ্রো করা নিয়ে বিতর্ক হয়েছে সবচেয়ে বেশি। নরমাল সেকশনের টিচার যাতে নরমাল সেকশন তকমাটাই রাখতে পারেন সেই উদ্দেশ্যে কিছুটা উদ্যোগ নিয়েছিল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। স্কুল এডুকেশন ডিরেক্টরেট তার মেমো নং 279-SC /Apt/DSE, তারিখ – 25/02/2026 দ্বারা একটা অর্ডার জারি করে। সেই অর্ডারে বলা হয় নরমাল সেকশনের টিচারদের একাডেমিক সেকশন নরমাল সেকশনই থাকবে। সেটা করে নেওয়ার জন্য ডি আই দের নির্দেশ দেওয়া হয়েছিল। অনেক জেলাতেই ডি আই রা তারপর এই আপডেটেশনের উদ্যোগ গ্রহণ করেন। স্কুলগুলো তারপর এই আপডেটেশন করার জন্য ডি আই অফিসে প্রেয়ার দিয়েছিল। তখন ডি আই অফিস থেকে সেকশন আপডেট করে দিয়েছিল। আসলে এই আপডেটেশনের মাধ্যমে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে Appointment Level টা ঠিক করে দেওয়া। অর্থাৎ নরমাল সেকশনের টিচারদের অ্যাপয়েন্টমেন্ট লেভেল যাতে উৎসশ্রী পোর্টালে Normal Section হিসাবেই দেখায় সেটা নিশ্চিত করাই ছিল এই আপডেটেশনের আসল উদ্দেশ্য। যে সমস্ত স্কুল এই কাজটা করেছিল তাদের নরমাল সেকশনের টিচারদের Appointment Level বর্তমানে উৎসশ্রী পোর্টালে Normal Section বলেই দেখাচ্ছে। আর যে সমস্ত স্কুল এই কাজটা করেনি তাদের টিচারদের Appointment Level এখনও “Not Applicable” রূপে দেখাচ্ছে। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল। কিন্তু অনেক জায়গাতেই এটা করা হয়নি বলে শোনা যাচ্ছে। আসুন দেখি এই কাজটা ঠিক কীরকম। এক্ষেত্রে ঠিক কী করতে হবে সংশ্লিষ্ট টিচার বা স্কুলের HOI কে। –
——————————————————————————————————
১) প্রশ্ন – অ্যাকাডেমিক সেকশন আপডেটের এই পরিস্থিতি কেন তৈরি হয়েছিল ?
উত্তর – 2016 সালের গেজেট নোটিফিকেশন অনুযায়ী টিচারদের তিনটি সেকশনে ভাগ করা হয়। সেগুলি হলো আপার প্রাইমারি, IX -X ও XI -XII । অর্থাৎ পূর্বতন নরমাল সেকশনকে ভেঙে আপার প্রাইমারি ও IX -X দুইটি ভাগে ভাগ করা হয়। সেই অনুযায়ী ROA প্রস্তুতির অর্ডার হয় এবং সেটা পোর্টালে আপলোড করতে বলা হয়। কিন্তু এই ব্যাপারে টিচারদের মধ্যে মারাত্মক ক্ষোভের সৃষ্টি হয়। নরমাল সেকশনের টিচাররা আপার প্রাইমারিতে যাবে না। আন্দোলন শুরু হয়। এই ব্যাপারে অনেক অর্ডার তখন পরপর আসে। যাইহোক সেই ব্যাপারে তখন আমার পোস্ট ছিল। তাই আর বিস্তারিত যাচ্ছি না। এরপর একটি কোর্ট কেসের পরিপ্রেক্ষিতে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট মেমো নং -1197-SE/S, তারিখ – 13/09/2022 জারি করে জানিয়ে দেয় যে নরমাল সেকশনের টিচাররা সবাই নরমাল সেকশনেই থাকবে। কেউ আপার প্রাইমারিতে যাবে না। সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন উৎসশ্রী পোর্টালে টিচারদের একাডেমিক সেকশন আপডেট করার উদ্দেশ্যে অর্ডার জারি করে যার মেমো নং – 279-SC/Apt/DSE-25099, তারিখ -25/02/2026। এই অর্ডার অনুযায়ী বর্তমানে টিচারদের অ্যাকাডেমিক সেকশন নির্ধারিত হবে ও উৎসশ্রী পোর্টালে আপডেট করা হবে। সেই উদ্দেশ্যেই ডি আই অফিসগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এই অর্ডারে।
২) প্রশ্ন – ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের উপরোক্ত অর্ডারে ঠিক কী বলা হয়েছে ?
উত্তর – এই অর্ডারে টিচারদের অ্যাকাডেমিক সেকশন আপডেটেশনের ব্যাপারে নিম্নলিখিত কথাগুলি বলা হয়েছে–
i ) DDO অর্থাৎ ডি আই এন্ড থেকে উৎসশ্রী পোর্টালে টিচারদের অ্যাকাডেমিক সেকশন আপডেট করা যাবে।
ii) WBSSC এর RLST এর মাধ্যমে যে সমস্ত টিচার নিযুক্ত হয়েছেন অর্থাৎ 2016 এর রিক্রুটমেন্ট Rules আসার আগে যাঁরা এসএসসির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তাঁদের নিয়োগ যদি নরমাল সেকশনে (পাস/অনার্স/ পিজি যে স্কেলেই হোক না কেন) হয়ে থাকে তাহলে তাঁদের নরমাল সেকশনেই দেখাতে হবে।
iii) নরমাল সেকশনের যে সমস্ত টিচার এসএসসির আগে (অর্থাৎ 1998 সালের আগে যাঁদের নিয়োগ) এমসির সিলেকশনের মাধ্যমে নিযুক্ত হয়েছিলেন তাঁরা সবাই নরমাল সেকশনেই থাকবেন।
iii) 2016 এর Recruitment Rules অনুযায়ী যে সমস্ত টিচার ফিজিক্যাল এডুকেশন ও ওয়ার্ক এডুকেশন বিষয়ে First SLST থেকে (নিয়োগ হয়েছিল 2019/2020 সালে) আপার প্রাইমারি লেভেলে নিযুক্ত হয়েছিলেন তাঁদের আপার প্রাইমারি হিসাবেই দেখাতে হবে।
iv) যে সমস্ত টিচাররা 2024 সাল বা তার পর থেকে আপার প্রাইমারি লেভেলের জন্য নিযুক্ত হয়েছেন তাঁদের আপার প্রাইমারিতেই দেখাতে হবে।
v) 2016 SLST এর IX -X লেভেলের টিচারদের জন্য কিছুই করতে হবে না। পোর্টালে যেমন আছে থাকতে দিন।
vi) HS Level বা XI -XII লেভেলের টিচারদের যেমন আছে তেমনই থাকবে। এগুলিতে হাত দেওয়ার দরকার নেই।
৩) প্রশ্ন – উপরোক্ত অর্ডারের পরিপ্রেক্ষিতে উৎসশ্রী পোর্টালে সেকশন আপডেটের জন্য সংশ্লিষ্ট টিচার বা স্কুল কর্তৃপক্ষের কী করণীয় ?
উত্তর – সংশ্লিষ্ট টিচারের তেমন কিছুই করণীয় নেই। বড়জোর HOI কে ব্যাপারটা স্মরণ করিয়ে দিতে পারেন। HOI ও কিন্তু নিজের লগ ইন থেকে এই আপডেটের কাজটা করতে পারবেন না। তাঁকে যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট ডি আই অফিসে। সেখানে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে এই আপডেটেশনের জন্য আবেদন করবেন HOI। ডি আই লগ ইন থেকে ডি আই অফিস কাজটা করে দেবে। সংশ্লিষ্ট ডি আই অফিসে গিয়েই খোঁজ নিতে হবে এই কাজের জন্য কীভাবে আবেদন করতে হবে। কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে। তাঁরা যেভাবে বলবেন HOI সেই ভাবেই অ্যাপ্লাই করবেন।
৪) প্রশ্ন – একজন টিচারের একাধিক স্কুলে চাকরি হতে পারে। কোন স্কুলের নিয়োগটা ধরে এই সেকশন বিভাজনটা করতে হবে ?
উত্তর – এটা সব সময় করতে হবে উক্ত টিচারের প্রথম চাকরিতে জয়েনিং এর উপর ভিত্তি করে। সেটা বর্তমান স্কুল নাও হতে পারে।
৫) প্রশ্ন – ট্রান্সফার হয়ে আসা বা যাওয়া টিচারদের ক্ষেত্রে এই কাজটা কোন স্কুল করবে ?
উত্তর – সংশ্লিষ্ট টিচার বর্তমানে যে স্কুলে কর্মরত রয়েছেন সেই স্কুলের HOI কাজটা করবেন।
৬) প্রশ্ন – যাঁরা বর্তমানে HM হিসাবে কর্মরত তাঁদের কি কোনো তথ্য দিতে হবে ? অথবা তাঁদের কোনো ডকুমেন্টস জমা করতে হবে ?
উত্তর – না। HM দের জন্য এই কাজটা করার দরকার নেই। HM কোনো নির্দিষ্ট সেকশনের মধ্যে পড়েন না। স্টাফ প্যাটার্ন অনুযায়ী HM নিজেই একটা গ্রুপ। কিন্তু AHM বা TIC কে তাঁদের AT হিসাবে Appointment অনুযায়ী সেকশনে ফেলতে হবে কারন AHM একটা Officiating Post এবং TIC একটা টেম্পোরারি Arrangement।
৭) প্রশ্ন – স্কুল থেকে এই সেকশন আপডেটেশনের প্রেয়ার পাওয়ার পর ডি আই অফিস ঠিক কী কাজ করবে ?
উত্তর – এই আপডেটেশনটা HOI লগ ইনে ফ্রিজ করা থাকলেও ডি আই লগ ইনে খোলা আছে। সুতরাং ডি আই অফিস স্কুলগুলি থেকে প্রেয়ার পাওয়ার পর সংশ্লিষ্ট স্কুলের সমস্ত যোগ্য টিচারদের অ্যাকাডেমিক সেকশন উপরের পদ্ধতি ফলো করে আপডেট করে দেবে। মনে রাখুন এটাকে অ্যাকাডেমিক সেকশন আপডেটেশন বলে অভিহিত করলেও আসলে যেটা আপডেট হবে সেটা হচ্ছে Appointment Level। মনে রাখবেন এই Appointment Level টাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে।
৮) প্রশ্ন – ডি আই অফিসে এই আপডেটেশনের পরে স্কুলের লগ ইন থেকে উৎসশ্রী পোর্টালে কী চেঞ্জ দেখতে পাওয়া যাবে?
উত্তর – আপডেটেশনের আগে যদি আপনি স্কুল লগ ইন থেকে উৎসশ্রী পোর্টাল খুলে দেখেন তো দেখবেন সেখানে Apppointment Level এর ঘরে No Data Found দেখাচ্ছে। ডি আই অফিসে আপডেট করে দেওয়ার কয়েকদিন পরে Appointment Level এর ঘরে দেখতে পাবেন সংশ্লিষ্ট টিচারের APPOINTMENT LEVEL দেখাচ্ছে হয় Normal Section অথবা Upper Primary অথবা HS এর মধ্যে যে কোনো একটা। আপনি যদি নরমাল সেকশনের টিচার হিসাবে প্রথম নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনার Appointment Level দেখাবে Normal Section। এটা দেখতে পেলে জানবেন যে অ্যাকাডেমিক সেকশনের আপডেটেশনের কাজ ঠিক ঠাক ভাবে সম্পূর্ণ হয়েছে।
৯) প্রশ্ন – নন টিচিং স্টাফদের ক্ষেত্রে কি এই কাজ করতে হবে ?
উত্তর – না। নন টিচিং দের জন্য এসব কিছু করতে হবে না।
১০) প্রশ্ন – এই আপডেটেশনের মাধ্যমে Appointment Level আপডেট করে নরমাল সেকশন করে দিলেই কি আমাকে আর টেট দিতে হবে না?
উত্তর – সত্যি কথা বলতে কী এই প্রশ্নের উত্তর আপাতত কোনও রক্ত মাংসের মানুষ দিতে পারবে না। কাকে টেট দিতে হবে আর কাকে দিতে হবে না এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় AI দিয়ে বানিয়ে যে সমস্ত রঙ বেরঙের পোস্টার ঘুরছে ওসব কবির কল্পনা। ওগুলি কে গুরুত্ব দেওয়ার কিছু নেই। এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য ডিপার্টমেন্টাল ক্ল্যারিফিকেশন লাগবে। এমনকি কোর্টের ক্ল্যারিফিকেশনও লাগতে পারে। আপাতত ওয়েট করুন। হালকা করে টেট এর পড়াশোনা করুন। আর চাপমুক্ত থাকুন।

SOURCE-SMR





