Child Care Leave (CCL) এর রোস্টার প্রস্তুতি।  

————————–

CCL এর নিয়মকানুন নিয়ে আগেই আলোচনা করা হয়েছে। আজকে এই ছুটি প্রদান করার ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের জন্য করণীয় একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হলো আবেদনকারীদের পরপর CCL প্রদানের ক্ষেত্রে রোস্টার মেনটেন করার পদ্ধতি। একটা অভিযোগ প্রায়ই শোনা যায়। সেটা হলো স্কুল কর্তৃপক্ষ নাকি CCL অনুমোদন করার সময় অনেক ক্ষেত্রেই ঠিক মতো ক্রম রক্ষা করেন না। অর্থাৎ একাধিক আবেদনকারী থাকলে পরপর নিয়ম মেনে CCL এ যাওয়ার অনুমতি দিতে প্রায়শই ব্যর্থ হন স্কুল কর্তৃপক্ষ। আবেদনকারী অনেকেই পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই সমস্যার সমাধান করার জন্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার মেমো নং – 54-SE/S, তারিখ – 16/01/2019 দ্বারা CCL অনুমোদনের জন্য একটি ROSTER মেনটেন করার কথা বলে স্কুলগুলোকে। এই অর্ডারে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে CCL অনুমোদন করতে হবে স্কুলের অ্যাকাডেমিক ও অ্যাডমিনিস্ট্রেটিভ স্বার্থ সুরক্ষিত রেখে। অর্থাৎ এক সঙ্গে যত জন চাইবেন তাদের সবাই CCL পেয়ে যাবেন এমন না হতেই পারে। এই অর্ডারেই বলছে একাধিক আবেদনকারী থাকলে স্কুল কর্তৃপক্ষ তাদের মধ্যে এক বা একাধিক জনকে CCL এ যাওয়ার অনুমতি দেবেন। বাকিদের আবার পরের ধাপে দেবেন। এই অর্ডার বলছে এই পরপর ছাড়ার কাজটা সুষ্ঠ ভাবে করার জন্য একটা ROSTER REGISTER মেনটেন করবেন স্কুল কর্তৃপক্ষ। এই খাতা অনুযায়ী পরপর CCL পাবেন আবেদনকারীরা। অর্থাৎ যিনি আগে অ্যাপ্লিকেশন দিয়েছেন তিনি যদি এই ছুটি পাওয়ার যোগ্য হন এবং তাঁর আবেদন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয় তাহলে তিনি আগে CCL পাবেন। তারপর আবেদনের ডেট অনুযায়ী পরপর বাকিরা সুযোগ পাবেন। এটাকেই আমরা CCL এর রোস্টার বলতে পারি। এই খাতা ঠিক ভাবে মেনটেন করা হলে অনেক সমস্যা মিটে যাবে। স্টাফের ক্ষোভ থাকবে না। HOI চাপমুক্ত থাকবেন। CCL নিয়ে কোর্ট কেস হলে HOI এটাকে কোর্টে প্রডিউস করতে পারেন তাঁর স্বচ্ছ কাজের প্রমাণস্বরূপ। কিন্তু কোনো Govt Order এ এই CCL ROSTER এর ফরম্যাট দেওয়া হয়নি। এতে অনেকেরই খুব সমস্যা হয়। আমি এই পোস্টের সঙ্গে একটা মডেল ফরম্যাট দেওয়া  হল। সাথে দেওয়া হল এই রোস্টার মেনটেন করার ডিটেইলস নির্দেশিকা।

—————————————————-

১) কলাম 1 : একটি স্কুলে যত CCL এর অ্যাপ্লিকেশন জমা পড়বে সেগুলির একটা করে সিরিয়াল নাম্বার পড়বে এই ঘরে। এটা হলো Application Serial Number। এটা মেনটেন করা হবে অ্যাকাডেমিক ইয়ার বা ক্যালেন্ডার ইয়ার ভিত্তিক। অর্থাৎ 2026 সালে প্রথম যে CCL Application টা জমা পড়েছে স্কুল কর্তৃপক্ষ সেটার সিরিয়াল নাম্বার লিখবেন 01/2026। তারপর দ্বিতীয়টা 02/2026। মনে করা যাক 2026 সালে মোট 30 টি CCL এর অ্যাপ্লিকেশন জমা পড়েছে তাহলে 2026 সালের শেষ সিরিয়াল নাম্বার টি হবে 30/2026। এইভাবে 2026 শেষ হয়ে যাওয়ার পর এই পেজটি আর ব্যবহার করা হবে না। 2027 সালের জন্য অন্য পেজ থেকে সিরিয়াল নাম্বার শুরু হবে। সেখানে 2027 সালের প্রথম CCL Application টির সিরিয়াল নাম্বার হবে 01/2027। তারপর 02/2027 ….. । এই ভাবে চলতে থাকবে।

২) কলাম 2 : অ্যাপ্লিকেশন যে দিন HOI হাতে পাচ্ছেন সে দিনের ডেট বসাতে হবে এখানে।

৩) কলাম 3 : এখানে আবেদনকারীর নাম ও Designation লিখতে হবে।

৪) কলাম 4 : এই অ্যাপ্লিকেশন হাতে পাওয়ার দিন পর্যন্ত ঐ আবেদনকারী তাঁর সমগ্র চাকরি জীবনে মোট কত দিন CCL নিয়েছেন সেটার সংখ্যা লিখতে হবে এই ঘরে।

৫) কলাম 5 : বর্তমান ক্যালেন্ডার / অ্যাকাডেমিক ইয়ারে এখনও পর্যন্ত উক্ত আবেদনকারী কত বার (Spell) CCL নিয়েছেন সেটা লিখতে হবে এই কলামে। মনে রাখবেন একটা বছরে তিন বারের বেশি CCL দেওয়া যাবে না। আর এক বারে সবচেয়ে কম 15 দিন ও সর্বাধিক 60 দিন (বিশেষ পরিস্থিতিতে 120 দিন পর্যন্ত) পর্যন্ত CCL পাওয়া যায়।

৬) কলাম 6 : যে সন্তানের জন্য এই ছুটি চাইছেন তার নাম ও জন্মতারিখ লিখতে হবে এখানে। সেই সঙ্গে এটাও লিখতে হবে যে উক্ত সন্তান আবেদনকারীর প্রথম না দ্বিতীয় সন্তান। এখানে উল্লেখ্য সর্বাধিক দুই জন পর্যন্ত সন্তানের আঠারো বছর বয়স পর্যন্ত CCL পাওয়া যায়।

৭) কলাম 7 : আবেদনকারী কী কারনে CCL চাইছেন সেটা (অ্যাপ্লিকেশন অনুযায়ী) সংক্ষেপে লিখতে হবে এখানে।

৮) কলাম 8 : আবেদনকারী কত দিনের জন্য CCL এর জন্য আবেদন করেছে সেই সংখ্যাটা লিখতে হবে এই ঘরে।

৯) কলাম 9 : কত দিনের জন্য CCL Sanctioned করা হলো সেই সংখ্যাটা লিখতে হবে এখানে এবং যে MC বা Administrator Resolution দ্বারা এই অনুমোদন দেওয়া হলো তার নাম্বার ও ডেট লিখতে হবে এখানে। যদি অ্যাপ্লিকেশনটি Reject করা হয় তাহলে এখানে “REJECTED” বলে লিখতে হবে। সেই সঙ্গে যে রেজোলিউশন দ্বারা এই আবেদনটি REJECT করা হলো তার NO ও DATE লিখতে হবে। আর REJECTION এর কারনটাও সংক্ষেপে লিখতে হবে।

১০) কলাম 10 : এটি “ROSTER SERIAL NUMBER” লেখার ঘর। এটিই সবচেয়ে ইম্পর্ট্যান্ট ঘর। এটার সিরিয়াল নাম্বারটাই রোস্টার নাম্বার যেটা ধরে আবেদনকারীদের পরপর CCL এ যাওয়ার অনুমতি দেবেন স্কুলের HOI। মনে রাখতে হবে কলাম 1 এর সিরিয়াল নাম্বারের চেয়ে এই সিরিয়াল নাম্বার কিন্তু আলাদা। কলাম 1 এ ছিল অ্যাপ্লিকেশন এর সিরিয়াল নাম্বার। যত অ্যাপ্লিকেশন জমা পড়েছিল সব গুলিরই সিরিয়াল নাম্বার দিতে হয়েছিল ওখানে, তাতে সেই অ্যাপ্লিকেশন অনুযায়ী ছুটি Sanctioned হোক বা না হোক। কিন্তু এই কলাম 9 এর রোস্টার সিরিয়াল নাম্বারটা হবে শুধুমাত্র Sanctioned Application এর ক্ষেত্রে। মনে রাখতে হবে যত অ্যাপ্লিকেশন হবে সবই MC/ Administrator দ্বারা Sanctioned হবে এমন কোনো কথা নেই। যে অ্যাপ্লিকেশনগুলি MC/ Administrator রিজেক্ট করে দেবেন তার কোনো রোস্টার সিরিয়াল নাম্বার এখানে বসবে না। সে ক্ষেত্রে এই ঘরে “Not Applicable” লিখে দিতে হবে। কিন্তু যদি অ্যাপ্লিকেশনটি Sanctioned হয় তাহলে এখানে একটা “Roster Serial Number” লিখতে হবে। কোনো নির্দিষ্ট বছরে (ধরা যাক 2026 সালে) প্রথম যে অ্যাপ্লিকেশনটি Sanctioned হবে তার “Roster Serial Number” লেখা হবে এই ভাবে – ROSTER/CCL/01/2026। এর পরে যেটা Sanctioned হবে সেটার Roster Serial Number লেখা হবে এই ভাবে – ROSTER/CCL/02/2026। এইভাবে পরপর চলতে থাকবে।

বিশেষ করে মনে রাখবেন এই Roster Serial Number ধরেই পরপর এক বা একাধিক কর্মীকে CCL এ যাওয়ার পারমিশন দেবেন স্কুলের HOI। অর্থাৎ এখানে যার সিরিয়াল নাম্বার আগে সে আগে CCL এ যাওয়ার অনুমতি পাবে। কিন্তু সেটা হবে অবশ্যই স্কুলের অ্যাকাডেমিক ও অ্যাডমিনিস্ট্রেটিভ স্বার্থ সুরক্ষিত রেখে।

১১) কলাম 11 : কলাম 10 এ যে CCL ROSTER তৈরি করা হয়েছে সেই অনুযায়ী কি আসলেই ছুটি নিয়েছিলেন আবেদনকারী ?

উত্তর হ্যাঁ হলে “YES” , না হলে”NO” লিখতে হবে এখানে। কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার হলে “REMARKS” কলমে লিখতে হবে।

১২) কলাম 12 : কোনো বিষয়ে কিছু নোট দিতে হলে “Remarks” কলামে সেটা সংক্ষেপে লিখতে হবে। এছাড়া এই ছুটি নেওয়ার পর আর কত CCL ব্যালান্স রইলো সেটা লিখতে হবে এখানে।  

 

 SOURCE-SMR

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top