Student Teacher Ratio বা ছাত্র শিক্ষক অনুপাত। বর্তমানেএটা একটা বহু চর্চিত বিষয়। এর মাধ্যমেই নির্ধারিত হবে কোন স্কুলে কত টিচার থাকবে। কোনও স্কুল থেকে একজন টিচার ট্রান্সফার পাবেন কি না। কোন স্কুলে তিনি ট্র্যান্সফার হয়ে যেতে পারবেন। এমনকি কোন পরিস্থিতিতে একটি স্কুল থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার এর মাধ্যমে সারপ্লাস টিচারকে অন্যত্র পাঠানো হবে (Rationalisation)। তবে শুধু অনুপাত নয় এই ক্ষেত্রে স্টাফ প্যাটার্ন একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। সেটাকেও মাথায় রাখতে হবে। এই সংক্রান্ত সমস্ত ব্যাপারগুলি নিয়ে RTE Act, 2009 ও বিভিন্ন Govt Order এর আলোকে আলোচনা করা হল।
—————————————————————————————————————-
১) প্রশ্ন – বর্তমানে স্কুলগুলিতে কোন হিসাবে টিচার দেওয়া হয় ?
উত্তর –
i) বর্তমানে স্কুলগুলিতে টিচাররা আছেন স্টাফ প্যাটার্ন অনুযায়ী। নরমাল সেকশনের (ক্লাস V থেকে X) স্টাফ প্যাটার্ন দেওয়া হয়েছিল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মেমো নং – 670-SE (S), তারিখ – 04/09/1998 দ্বারা। এই স্টাফ প্যাটার্ন অনুযায়ী ছাত্র সংখ্যা যত কমই হোক একটা স্কুলের নরমাল সেকশনে (ক্লাস V থেকে X পর্যন্ত) নিম্নলিখিত টিচিং স্টাফ থাকবেন –
ক) পূর্ণ সময়ের হেডমাষ্টার -1 জন।
খ) ল্যাঙ্গুয়েজ গ্রুপ ( বাংলা, ইংরাজি, সংস্কৃত/ আরবী ইত্যাদি) – 4 জন টিচার।
গ) সোশ্যাল সায়েন্স (ইতিহাস ও ভূগোল)- 2 জন টিচার
ঘ) সায়েন্স ও ম্যাথ গ্রুপ (ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স ও বায়ো সায়েন্স) – 3 জন টিচার।
ঙ) ওয়ার্ক ও ফিজিক্যাল এডুকেশন (ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশন) – 2 জন টিচার।
মোট -12 জন টিচার।
ii) এরপর ক্লাস ইউনিট বাড়লে অ্যাডিশনাল পোস্টে অতিরিক্ত টিচার দেওয়া হতো
iii) HS এর জন্য সাবজেক্ট পারমিশন অনুযায়ী টিচার পোস্ট দেওয়া হতো।
২) প্রশ্ন – ছাত্র শিক্ষক অনুপাত নিয়ে RTE Act, 2009 এর নিয়মটা কী রকম ?
উত্তর – RTE Act বলছে –
i) Class I- V এর জন্য
————————
Head Teacher বাদ দিয়ে দিয়ে প্রতি 40 জন ছাত্রের জন্য একজন টিচার থাকতেই হবে।
ii) Class VI – VIIII এর জন্য
————————–
a)এই ক্লাসগুলির জন্য সাবজেক্ট ভিত্তিক নয়, সাবজেক্ট গ্রুপ ভিত্তিক টিচার পাওয়া যাবে। নিম্নলিখিত তিনটি সাবজেক্ট গ্রুপে একজন করে টিচার অবশ্যই থাকবে তাতে ছাত্র সংখ্যা যাই হোক না কেন –
ক) Science and Math (এর মধ্যে গণিত, বায়ো সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স থাকছে) -1 জন টিচার।
খ) Social Studies ( এর মধ্যে ইতিহাস ও ভূগোল থাকছে) -1 জন টিচার।
গ) Languages (এর মধ্যে ইংরাজি, বাংলা বা অন্য কোনো তৃতীয় ভাষা থাকছে)। -1 জন টিচার।কি
b) উপরে যে তিনজন টিচারের কথা বলা হলো সেটা হচ্ছে মিনিমাম সংখ্যক টিচার যেটা সব VI থেকে VIII চালানো স্কুলে থাকবেই। কিন্তু এই স্তরে এই তিনজনের বেশি টিচারও থাকতে পারেন যদি ছাত্র শিক্ষক অনুপাত 1:35 এর বেশি হয়। সেটা তিনের উপরে যে কোনো সংখ্যায় হতে পারে।
c) যদি VI থেকে VIII এর ছাত্র সংখ্যা 100 এর বেশি হয় তাহলে এর সঙ্গে পাওয়া যাবে –
ক) একজন হেড টিচার।
খ) Health and Physical Education, Work Education ও Art Education এর একজন করে Part Time Instructor
এবার একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি একটা স্কুল যেখানে ক্লাস VI থেকে VIII এর স্টুডেন্ট সংখ্যা 180 এবং তার সঙ্গে ক্লাস V এর ছাত্র সংখ্যা 55 জন। আসুন দেখি সেখানে কতগুলি টিচার থাকতে পারেন —
ক) একজন হেড টিচার।
খ) ল্যাঙ্গুয়েজ , সায়েন্স, ও সোশ্যাল সায়েন্স এর একজন করে তিন জন টিচার।
গ) যেহেতু 180÷ 35 = 5.14 হয় তাই মোট পাঁচ জন টিচার পাবে ঐ স্কুল। তাই প্রথমের তিন জন টিচারের সঙ্গে উল্লেখিত তিনটে গ্রুপের মধ্যে যে কোনো দুটি গ্রুপের জন্য আরও দুই জন অতিরিক্ত টিচার পাওয়া যাবে।
ঘ) ক্লাস V এর জন্য যে কোনো গ্রুপের একজন টিচার।
ঙ) আর্ট, ওয়ার্ক ও ফিজিক্যাল এডুকেশন এর একজন করে পার্ট টাইম ইন্সট্রাক্টর।
iv) এবার আর একটা উদাহরণ নেওয়া যাক। ধরা যাক ক্লাস V এর ছাত্র সংখ্যা 45 এবং VI থেকে VIII ছাত্র সংখ্যা 98 । তাহলে দেখি সেই ক্ষেত্রে কতজন টিচার পাওয়া যাবে –
ক) এক্ষেত্রে ক্লাস V এর জন্য একজন টিচার।
খ) VI থেকে VIII এর জন্য তিনটি গ্রুপের তিন জন টিচার।
গ) কোনো হেড টিচার বা পার্ট টাইম ইন্সট্রাক্টর পাওয়া যাবে না।
৩) প্রশ্ন – RTE Act তো ক্লাস VIII পর্যন্ত টিচার সংখ্যা নির্ধারণ করছে তাহলে নরমাল সেকশন অর্থাৎ ক্লাস V থেকে X পর্যন্ত টিচার সংখ্যা নির্ধারণ করা হবে কীভাবে?
উত্তর – এটা বেশ জটিল প্রশ্ন। যুক্তি বলছে উপরে উল্লেখিত V -VIII লেভেলের টিচার ছাড়াও অতিরিক্ত টিচার দিতে হবে IX -X লেভেলের জন্য। এটা সাবজেক্ট ভিত্তিক হবে বলেই মনে হয়। কিন্তু কতজন টিচার কোন পদ্ধতিতে IX -X লেভেলের জন্য দেওয়া হবে সেটার জন্য কোনো অর্ডার নেই। তবে পূর্বের স্টাফ প্যাটার্ন অনুযায়ী একটি জুনিয়র হাইস্কুল যদি হাই স্কুলে উন্নীত হতো তাহলে অতিরিক্ত 6 জন টিচার পেত সেই স্কুল। এক্ষেত্রে কী হবে সেটা জানার জন্য পরবর্তী সরকারি সিদ্ধান্তের দিকে নজর রাখতে হবে।
৪) প্রশ্ন – সারপ্লাস টিচার নির্ধারণের জন্য কি কোনো নিয়ম আছে ?
উত্তর – এই সংক্রান্ত ব্যাপারে 2017 সালে একটা অর্ডার দিয়েছিল স্কুল এডুকেশন ডিরেক্টরেট যার মেমো নং -963(23), তারিখ – 23/08/2017। এখানে ডি আই দের কাছ থেকে সারপ্লাস টিচার সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল। এটাতে যে ভাবে টিচার সংখ্যা নির্ধারণ করতে বলা হয়েছিল নীচে সেটা দিলাম–
i) 50 পর্যন্ত স্টুডেন্ট হলে :
সেই স্কুল তুলে দেওয়া হবে (Derognise)।
ii) 51- 100 পর্যন্ত স্টুডেন্ট হলে :
5 জন টিচার (Language -2, Science – 1, Hist and Geo -1, Physical Edn -1)। কোনো HM থাকবে না।
iii) 101- 250 পর্যন্ত স্টুডেন্ট হলে:
7 জন টিচার। (Language- 3, Science -2, Hist and Geo -1, Physical Education -1)।কোনো HM থাকবে না।
iii) 251- 350 পর্যন্ত স্টুডেন্ট হলে :
9 জন টিচার (Language – 3, Science -3, Hist and Geo -2, Physical Education -1) + 1 জন হেডমাস্টার।)
iv) 351- 400 পর্যন্ত স্টুডেন্ট হলে:
11 জন টিচার (Language – 4, Science -3, Hist and Geo -2, Physical Education Group -2 + 1 জন হেডমাস্টার)
v) 401-500 পর্যন্ত স্টুডেন্ট হলে:
13 জন টিচার ( Languge -4, Science -4,Hist and Geo -3, Physical Edn Group -2 + 1 জন হেডমাস্টার )।
vi) 500 এর উপরে স্টুডেন্ট সংখ্যা হলে উপরের মতো হিসাব হবে না। তার হিসাবটা একটু পৃথক। সেটা হবে নিম্নলিখিত উপায়ে –
ক) প্রথমে 1:40 অনুপাত ধরে ছাত্র সংখ্যার ভিত্তিতে টোটাল প্রাপ্য টিচার সংখ্যা নির্ধারণ করতে হবে। মনে করা যাক কোনো স্কুলে ক্লাস টেন পর্যন্ত ছাত্র সংখ্যা 1230। তাহলে সেই স্কুলে মোট টিচার থাকবে 1230 ÷ 40 = 30.75 অর্থাৎ 30 জন।
খ) এবার ঐ টোটাল টিচারকে Language : Science : Hist and Geo : Physical Edn Group = 4:4:3:2 অনুপাতে উক্ত সাবজেক্ট গ্রুপের মধ্যে ভাগ করে দিতে হবে। যেমন উপরের উদাহরণে 30 জন মোট টিচারের মধ্যে Languge গ্রুপে যাবে 30 × (4÷13) = 9.23 বা 9 জন। একইভাবে Science Group এ যাবেন 9 জন । Hist and Geo গ্রুপে যাবেন 30 ×(3÷13)= 6.92 বা 7 জন। আর Physical Education গ্রুপে যাবেন 30 × (2÷13) = 4.6 জন বা 5 জন টিচার।
এইভাবে নির্ধারণ করে দেখতে হবে কোনো গ্রুপে এর অতিরিক্ত টিচার আছেন কি না। থাকলে সেই সংখ্যক টিচার সারপ্লাস বলে গণ্য হবেন।
৫) প্রশ্ন- সারপ্লাস টিচারদের ঘাটতি থাকা স্কুলে স্থানান্তরের ব্যাপারে কখনও কি কোন পলিসি নেওয়া হয়েছিল ?
উত্তর – যে স্কুলে অতিরিক্ত টিচার আছে সেখান থেকে অতিরিক্ত টিচার সরিয়ে যে স্কুলে টিচারের ঘাটতি আছে সেখানে স্থানান্তরের পলিসি নেওয়া হয় 2023 সালে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেই পলিসির নাম দেওয়া হয়েছিল – “Rationalisation of Teachers in Aided/Sponsored Schools”। এই অর্ডারের মেমো নং ছিল -216 SE, তারিখ-10/02/2023। এই পলিসিতে বলা হয়েছিল –
i) সবচেয়ে বেশি excess teacher আছে এমন স্কুল থেকে সবচেয়ে বেশি টিচার ঘাটতি রয়েছে এমন স্কুলে আগে টিচার পাঠানো হবে।
ii) সারপ্লাস আছে এমন স্কুলের টিচারদের মধ্যে থেকে চাকরির অভিজ্ঞতায় নবীনদের আগে পাঠানো হবে টিচার ঘাটতি থাকা স্কুলে।
iii) Physical Handicapped টিচার/ Retirement দুই বছর বা তার কম বাকি আছে/ বাচ্চার মা -এরকম টিচারদের সবচেয়ে শেষে সারপ্লাস ট্রান্সফার করা হবে।
iv) এক্সেস টিচারদের একই ডিস্ট্রিক্ট এ অন্য কোনো স্কুলে বদলি করার চেষ্টা করা হবে।
v) প্রয়োজনে কোনো টিচারকে টেম্পোরারি কিছুদিনের জন্য অন্য স্কুলে কাজে লাগানো হতে পারে যদিও তার সার্ভিস রেকর্ডস থাকবে তার mother school এ।
vi) Male টিচারকে গার্লস স্কুলে বদলি করা যাবে না।
৬) প্রশ্ন – খুব সম্প্রতি সারপ্লাস টিচারদের বদলি নিয়ে আবার কথা বার্তা শুরু হয়েছে। এই ব্যাপারে একটা SOP এর স্ক্রিনশট ছড়িয়েছে বাজারে। সেটাতে কী আছে ?
উত্তর – এই SOP এর authenticity নিয়ে আমি নিশ্চিত নই। তবে যদি এটা ঠিক হয় তাহলে এটাতে বলা হয়েছে –
i) ছাত্র ছাত্রী শূন্য স্কুলগুলো থেকে টিচিং/নন টিচিং স্টাফদের ট্রান্সফার করে সেই সমস্ত স্কুলে পাঠানো হবে যেখানে স্টাফের ঘাটতি আছে।
ii) যে সমস্ত টিচারদের টেম্পোরারি ভাবে কোনো স্কুলে ডিপ্লয় করা হয়েছে অথচ তাঁদের সার্ভিস এখনও mother school এ বহাল আছে তাঁদের পাকাপাকি ভাবে বর্তমানে কর্মরত স্কুলে নিয়োগ করা হবে।
iii) ট্রান্সফার এর ক্ষেত্রে যিনি বর্তমান স্কুলে সবচেয়ে বেশি সিনিয়র তাঁকে আগে বিবেচনা করা হবে। এই বিবেচনা করার অর্থ তাঁকে ছাড় দেওয়া হবে, নাকি তাঁকেই আগে ট্রান্সফার করা হবে সেটা পরিষ্কার নয়।
iv) সেকেন্ডারি স্কুল থেকে শুধু ছাত্র শিক্ষক অনুপাত দেখে নয় সাবজেক্ট ভিত্তিক অতিরিক্ত টিচারদের ট্রান্সফার করা হবে। এইখানে প্রাইমারী স্কুলের চেয়ে পদ্ধতিটা আলাদা আছে। প্রাইমারি স্কুলে সাধারণ অংকের নিয়মে 1:40 করে একটি স্কুলে কত টিচার থাকবে সেটা নির্ধারণ করা হবে। প্রাইমারি স্কুলে এটা করা গেলেও সেকেন্ডারি স্কুলে এটা করা সমস্যাজনক কারন সেখানে সাবজেক্ট এর ব্যাপার আছে। তাই এই SOP তে বলছে সাবজেক্ট ভিত্তিক অতিরিক্ত টিচার নির্ধারণ করে তবেই ট্রান্সফার করা হবে।
v) এই সাবজেক্ট ভিত্তিক অতিরিক্ত টিচার নির্ধারণের ক্ষেত্রে Staff Pattern অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেকেন্ডারি স্কুলে যত কম শিক্ষার্থীই থাকুক না কেন উপরের ১ নং প্রশ্নের উত্তরে বলা স্টাফ প্যাটার্ন মেনে HM সহ ১২ জন টিচার রাখতেই হবে। এটা না হলে বিদ্যালয়ের বিষয় ভিত্তিক পঠন পাঠন ক্ষতিগ্রস্ত হবে। তাই সেকেন্ডারি স্কুলে অন্ধের মতো অংকের নিয়মে টোটাল স্টুডেন্ট ও টোটাল টিচারের অনুপাত ধরে টিচার সংখ্যা নির্ধারণ করা উচিত নয়।
vi) এই SOP দেখে মনে হচ্ছে শিক্ষা দফতর এই জিনিসটা ভালো করেই মাথায় রেখেছে। এখন প্রশ্ন হবে সাবজেক্ট ভিত্তিক অতিরিক্ত টিচার কী ভাবে নির্ধারিত হবে ?
নিশ্চিত করে বলা না গেলেও এমন হতে পারে যে যদি কোনো স্কুলের টোটাল স্টুডেন্ট টিচার রেশিও 1:35 এর কম হয় এবং সেখানে মিনিমাম স্টাফ প্যাটার্ন (Normal Section এ ১২ জন ) বজায় রেখে অ্যাডিশনাল পোস্টে (পরে Retention হলেও) নিয়োগপ্রাপ্ত সাবজেক্টের টিচারদের এক বা একাধিক জনকে ট্রান্সফার করতে হয় তো করা হবে। কিন্তু সে ক্ষেত্রেও এটা নিশ্চিত করতে হবে টোটাল স্টুডেন্ট টিচার রেশিও যেন কোনো ভাবেই 1:35 এর নীচে নেমে না যায়। এবং এটাও নিশ্চিত করা হবে কোনো কম এনরোলমেন্ট এর স্কুলে কোনো সাবজেক্টের টিচার যেন শূন্য না হয়ে যায়।
৭) প্রশ্ন – উপরে নিয়ম নিয়ে আলোচনা করা হলো। এবার একটা নীতির প্রশ্ন। শুধু মাত্র গাণিতিক নিয়মে স্টুডেন্ট সংখ্যার ভিত্তিতে টিচার দেওয়া ও অন্যান্য পরিকাঠামোগত সহায়তা দেওয়া কতটা যুক্তিযুক্ত ?
উত্তর – অবশ্যই বেশি এনরোলমেন্ট এর স্কুলে বেশি টিচার ও পরিকাঠামো উন্নয়নে বেশি অর্থ সাহায্য দিতে হবে। কিন্তু শুধুমাত্র ছাত্র ছাত্রীদের সংখ্যা দেখে মধ্যম থেকে কম ছাত্র সংখ্যার স্কুলগুলিকে বিষয় শিক্ষক ও পরিকাঠামো খাতে অর্থ প্রদান থেকে বঞ্চিত করলে সেটা ঐ স্কুলগুলোর মৃত্যুর কারন হয়ে দাঁড়াবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে হাজার হাজার স্কুল আছে যেখানে ছাত্র ছাত্রীর সংখ্যা ১৫০ থেকে ৩৫০ এর মধ্যে। এই স্কুলগুলো এখনও মরেনি। কিন্তু মৃতপ্রায়। বিশেষ যত্ন না নিলে অচিরেই এদের মৃত্যু হবে। বিভিন্ন কারনে এই স্কুলগুলো আজ রুগ্ন। ছাত্র কম। সব বিষয়ের শিক্ষক নেই। ভগ্নপ্রায় বিল্ডিং। অভিভাবকদের কাছে অনাকর্ষণীয় এই স্কুলগুলো। এক কথায় এই স্কুলগুলো রক্তাল্পতায় ভুগছে। এদের স্বাস্থ্য ফেরানোর জন্য রক্ত সঞ্চার করা দরকার। তার পরিবর্তে সারপ্লাস ট্রান্সফার এর নামে এদের থেকে আরো রক্ত বের করে নেওয়ার নীতি নেওয়া মোটেই ঠিক হবে না। বড় স্কুল। বেশি ছাত্র। বেশি শিক্ষক। বেশি অনুদান। অনেক ক্ষেত্রেই তেলা মাথায় তেল হয়ে যায়। সেখানে রুগ্ন স্কুলগুলোকে কম ছাত্রের অজুহাতে সমস্ত সাহায্য থেকে বঞ্চিত করা হয়। সব বিষয়ের শিক্ষক দেওয়া হয় না। পর্যাপ্ত বিল্ডিং দেওয়া হয় না। এই করতে করতে কম ছাত্রের স্কুলগুলি আরো রুগ্ন হয়ে এক সময় ছাত্র শূন্য হয়ে মরতে বসে। এই নীতির পরিবর্তনের ব্যাপারে অবিলম্বে উদ্যোগ নেওয়া দরকার। নাহলে অদূর ভবিষ্যতে হাজার হাজার সরকার পোষিত বিদ্যালয় স্রেফ উঠে যাবে। এটা মনে করার কোনো কারন নেই যে কম ছাত্র সংখ্যার স্কুলগুলো দলে দলে উঠে গেলেও এখন যে স্কুলগুলিতে বেশি ছাত্র ছাত্রী আছে সেগুলি রম রম করে চলবে। সেটা হবে না। হতে পারে না। আশে পাশে বহু স্কুল যখন উঠে যাবে তখন এটা নিয়ে ব্যাপক মিডিয়া প্রচার হবে। চারদিকে গেল গেল রব উঠবে। জনমানসে এই ধারণা বদ্ধমূল হয়ে যাবে যে সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থা শেষ। সেই প্রচারে প্রভাবিত হয়ে অভিভাবকরা সামান্য সামর্থ্য থাকলেই সন্তানকে আর সরকারি বিদ্যালয়ে পাঠাবেন না। এখন যে স্কুলগুলিতে প্রচুর ছাত্র ছাত্রী আছে বলে মনে হচ্ছে তাদেরও ছাত্র সংখ্যা কমবে দ্রুত। এক সময় তারাও রুগ্ন হতে হতে শেষ যাত্রার দিকে এগিয়ে যাবে। এক কথায় সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থা চরম সংকটের মধ্যে পড়ে যাবে।
এই হতাশাজনক অবস্থার মাঝে দাঁড়িয়ে চার পাঁচ বছর আগে কেন্দ্রীয় সরকারের একটা দারুণ ইতিবাচক পরিকল্পনা দেখেছিলাম। SSM এর মাধ্যমে কিছু কম ছাত্রের স্কুলকে “Identified School” বলে চিহ্নিত করা হয়েছিল। সব ব্লকেই। শুনেছিলাম সেই স্কুলগুলোকে বিশেষ আর্থিক প্যাকেজ দিয়ে ঘুড়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হবে। এর জন্য নাকি বিপুল পরিমাণ অর্থ সাহায্য বরাদ্দ হয়েছিল। সেই পরিকল্পনার অল্প কিছু কাজ দেখতে পেলেও আমাদের রাজ্যে তেমন কিছু লক্ষ্যণীয় পরিবর্তন দেখিনি। জানি না সেই অর্থ আদৌ রাজ্যে এসেছিল কি না। এলেও তার যথাযথ ব্যবহারের উদ্যোগ রাজ্যের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কি না। তবে রুগ্ন স্কুলগুলোকে বাঁচানোর জন্য পরিকল্পনাটা খুব ভালো ছিল। কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে অনুরূপ পরিকল্পনা গ্রহণ করার জন্য। শেষ আবেদন হবে যে স্কুলে টিচার নেই সেখানে টিচার দিন। কিন্তু কোনো স্কুলকে বঞ্চিত করে নয়। শুধু ছাত্র শিক্ষক অনুপাত নয় স্টাফ প্যাটার্ন মেনে সমস্ত সেকেন্ডারি স্কুলে যেন প্রয়োজনীয় সংখ্যক সাবজেক্ট ভিত্তিক টিচার থাকে। –