বর্তমানে স্পন্সরড স্কুলগুলির ম্যানেজিং কমিটির ভ্যালিডিটি নিয়ে বেশ কিছু গুরুতর প্রশ্ন উঠে আসছে। স্পন্সরড স্কুলগুলোর ম্যানেজিং কমিটিগুলি কি আদৌ ভ্যালিড আছে ? নাকি প্রচুর স্কুল চলছে মেয়াদ উত্তীর্ণ ম্যানেজিং কমিটি দিয়ে ? অনেক প্রশ্ন বিভিন্ন দিক থেকে প্রতিদিন পাচ্ছি আমি। আজকের আলোচনা ম্যানেজিং কমিটির ভ্যালিডিটি (Validity of the Managing Committee of the School) নিয়ে। দেখা যাক সরকারি নির্দেশিকার আলোকে ম্যানেজিং কমিটির ভ্যালিডিটি কী রকম হয় ।
ম্যানেজিং কমিটির ভ্যালিডিটি শেষ হয়ে গেলে HOI এর কী করণীয় ? আমাদের বেশিরভাগ স্কুল যেহেতু বর্তমানে Govt Sponsored Institution এ রূপান্তরিত হয়েছে তাই স্পন্সরড ইনস্টিটিউশন এর ক্ষেত্রেই আলোচনাটা সীমাবদ্ধ রাখলাম । —

——————————————————————–
১) প্রশ্ন — একটি নতুন গঠিত ম্যানেজিং কমিটির মেয়াদ ঠিক কত দিন ?
উত্তর — Sponsored Institution Management Rules, 1972 অনুসারে স্বাভাবিক নিয়মে একটি নবনির্বাচিত ম্যানেজিং কমিটির মেয়াদ কার্যকর থাকে তার প্রথম মিটিং থেকে তিন বছর অবধি। তবে শিক্ষা দফতর বা বোর্ড নোটিফিকেশন জারি করে বিশেষ পরিস্থিতিতে (যেমন কোনও ইলেকশন এর জন্য ) এই মেয়াদ বাড়াতে পারে। আবার প্রয়োজনে শিক্ষা দফতর কোনও ম্যানেজিং কমিটিকে বেনিয়মের কারনে মেয়াদ শেষের আগেই ভেঙে (supersede) দিতেও পারে।
২) প্রশ্ন — একটি ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, কোনও এক্সটেনশন অর্ডারও নেই তারপরও কি সেই ম্যানেজিং কমিটি কাজ চালিয়ে যেতে পারে ?
উত্তর — না। মেয়াদ উত্তীর্ণ ম্যানেজিং কমিটির কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। তারপরেও যদি সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হয় সেই কাজগুলির আইনি বৈধতা থাকে না। এটা করলে সব চেয়ে গুরুতর সমস্যায় পড়তে পারেন বিদ্যালয়ের HOI। সমস্ত আর্থিক লেনদেন অবৈধ হয়ে যাবে। অভিযোগ উঠলে ফাঁসবেন তিনি।
৩) প্রশ্ন — অনেকে বলছেন স্পন্সরড ইনস্টিটিউশন এর এমসি এর মেয়াদ নাকি JIO এর প্ল্যানের মতো আনলিমিটেড ? অনেক ডি আই অফিসও নাকি একটা অর্ডার দেখিয়ে বলেছে যে সেই অর্ডার অনুযায়ী সমস্ত স্পন্সরড ইনস্টিটিউশন এর Validity ততদিন থাকবে যতদিন না পর্যন্ত নতুন কমিটি গঠিত হয় ?
উত্তর — এটি আসলে এডুকেশন ডিপার্টমেন্ট এর একটি অর্ডারের (মেমো নং — 1071 SE , তারিখ – 11/09/2019 ) এর ভুল ব্যাখ্যা। ঐ অর্ডারটিতে বলেছে যে নতুন এমসি গঠনের জন্য নমিনেশন হয়ে যাওয়ার পর অর্থাৎ ডিপার্টমেন্ট ও ডিরেক্টরেট থেকে প্রেসিডেন্ট, PIE, ও অন্যান্য Nominated মেম্বারদের নাম এসে যাওয়ার পর অনেক ক্ষেত্রে কমিটি গঠনের জন্য কিছুটা সময় লাগে। সেই সময়ের জন্য পূর্বের কমিটি ভ্যালিড থাকবে। অর্থাৎ যে স্কুলগুলিতে নতুন কমিটি গঠনের জন্য প্রেসিডেন্ট ও PIE দের নাম এসে গেছে কিন্তু কোনো কারনে নতুন কমিটি গঠনের কাজ সম্পূর্ণ করা যায়নি সেই স্কুলগুলির ক্ষেত্রে পুরনো কমিটি ভ্যালিড থাকবে যতদিন না পর্যন্ত নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। যে স্কুলগুলোর কমিটির মেয়াদ শেষ হয়েছে কিন্তু ডিপার্টমেন্ট থেকে বা ডিরেক্টরেট থেকে প্রেসিডেন্ট ও PIE নমিনেটেড হয়নি তাদের ক্ষেত্রে এই অর্ডার প্রযোজ্য হবে এমন কথা এখানে বলা হয়নি। ঘটনা হচ্ছে বেশিরভাগ স্কুলে প্রেসিডেন্ট ও PIE দের নাম আসেনি বলেই নতুন কমিটি গঠন করা যায়নি। তাদের ক্ষেত্রে কিন্তু পুরোনো কমিটি ভ্যালিড থাকবে মোটেও এমন নয় ব্যাপারটা। এখানে কোনও আনলিমিটেড Validity এর কথা বলেনি। এবার অনেকেই বলবেন তাহলে ডি আই অফিস বা শিক্ষা দফতরে খোঁজ নিতে গেলে ওনারা তো 2019 সালের উক্ত অর্ডারটা দেখিয়ে বলছেন যে সব স্কুলের কমিটি এটা অনুযায়ী ভ্যালিড। হ্যাঁ, ওনারা বলছেন। তবে সেটা মৌখিকভাবে বলছেন। কেউ একথা লিখে দেবে না। সোজা কথায় ভুল বোঝানো চলছে। ওনারা বিশেষ কিছু কারনে ( কারন জানিতে চাহিয়া লজ্জা দিবেন না) নতুন কমিটি গঠনের জন্য প্রেসিডেন্ট ও PIE দের নাম পাঠাতে পারছেন না। তাই নিজেদের অক্ষমতার দায় HOI এর ঘাড়ে চাপিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে এই বেনিয়ম নিয়ে কোনও রকম অভিযোগ উঠলেই ওনারা পাল্টি খেয়ে বলবেন HOI ব্যাটাই চোর। উনি অবৈধ এমসি দিয়ে কাজ চালিয়েছেন। HOI তো MC Validity Certificate দিয়েছেন, তাই আমরা বিভিন্ন কাজ করেছি। আমাদের না জানালে আমরা কী ভাবে জানবো ? ব্যস, খেল খতম। তাই HOI দের সতর্ক থাকতে হবে।
৪) প্রশ্ন – বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে তাহলে HOI এর কী করা উচিত? স্কুল চলবে কী ভাবে ?
উত্তর — ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে স্কুল পরিচালনার ভার তুলে দেওয়া হবে অ্যাডমিনিস্ট্রেটর বা DDO কে। কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই ডি আই এর নিকট আবেদন করতে হবে নতুন কমিটি গঠনের নিমিত্ত প্রেসিডেন্ট ও PIE দের নাম পাঠানোর জন্য উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়ে। এই চিঠির কপি দেবেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এর প্রিন্সিপাল সেক্রেটারি ও কমিশনার অফ স্কুল এডুকেশনকে। প্রয়োজনে একাধিকবার চিঠি দেবেন। Received এর প্রমাণ রাখবেন বা স্পিড পোস্টে পাঠাবেন বা মেল করবেন। যদি কোনো কারনে পূর্বের কমিটির মেয়াদ শেষ হয়ে যায় তখন দ্রুত ডি আই এর কাছে আবেদন করুন DDO নিয়োগ করার জন্য। DDO পেয়ে গেলেই তারপর আবেদন করুন Administrator নিয়োগের জন্য।
৫) প্রশ্ন — অ্যাডমিনিস্ট্রেটর কে নিয়োগ করেন ? অ্যাডমিনিস্ট্রেটর ঠিক কী কী কাজ করতে পারে ?
উত্তর — অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে স্কুল শিক্ষা দফতর অথবা তাদের নির্দেশে কমিশনার অব স্কুল এডুকেশন। এডুকেশন ডিপার্টমেন্ট এর গেজেট নোটিফিকেশান মেমো নং — 215 SE, তারিখ — 08/ 03/2018 অনুযায়ী একটা ভ্যালিড এমসি যা যা করতে পারে একজন অ্যাডমিনিস্ট্রেটরও ঠিক তাই তাই করতে পারেন। এমসি এর মতো অ্যাডমিনিস্ট্রেটরও একটি রেজোলিউশন খাতা মেনটেন করেন। সেখানে রেজোলিউশন লিখে সিদ্ধান্ত কার্যকর করেন তিনি। তিনি এবং HOI যুগ্মভাবে ব্যাংক একাউন্ট মেনটেন করেন। সোজা কথায় অ্যাডমিনিস্ট্রেটর হলেন ONE MAN MC।
৬) প্রশ্ন – অ্যাডমিনিস্ট্রেটর এর মেয়াদ তাহলে কত দিন ?
উত্তর – 2014 সালে স্পন্সরড ইনস্টিটিউশন এর পরিচালনা সংক্রান্ত একটি অর্ডারে শিক্ষা দফতরের উদ্ধৃতি দিয়ে WBBSE তার সার্কুলারে ( মেমো নং – 161/ ADMIN/ 14 তারিখ — 26/09/2014 ) তে বলেছিল যে নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটর বহাল থাকবেন। তবে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের যে অর্ডার আসে তাতেই সাধারনত লেখা থাকে সেই অ্যাডমিনিস্ট্রেটর কতদিন ভ্যালিড থাকবেন। সাম্প্রতিক পূর্বের কয়েকটি অর্ডারে দেখা গেছে সেটা দিয়েছে “Until Further Order “। অর্থাৎ নতুন নির্দেশ না আসা পর্যন্ত অথবা নতুন এমসি গঠিত না হওয়া পর্যন্ত সেই অ্যাডমিনিস্ট্রেটর বহাল থাকবেন।
৭) প্রশ্ন — তাহলে DDO কখন নিয়োগ হয় ? কে নিয়োগ করেন ? তার মেয়াদ কত দিন ? তার ক্ষমতা কতটুকু ?
উত্তর — ম্যানেজিং কমিটি না থাকলে তার জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর কাজ চালাতে পারেন। এখন অনেক সময় একটি MC এর মেয়াদ শেষ আর নতুন এমসি গঠন বা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্টমেন্ট এর প্রসেসটায় অনেকটা সময় লেগে যায়। সেই সময়ে স্কুলে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়। তার ফলে স্কুলে স্টাফের বেতন ও স্কুল চালনার প্রয়োজনীয় খরচ চালনার জন্য ব্যাংক অপারেট করা মুসকিল হয়ে পড়ে। এতে স্কুল ভয়ঙ্কর সমস্যায় পড়ে। এই সমস্যার কথা মাথায় রেখে ঐ অন্তর্বর্তী সময়টার জন্য স্কুলে DDO নিয়োগ করা হয়। DDO নিয়োগ দেন ডি আই। তাই খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু DDO এর ক্ষমতা সীমিত। MC বা অ্যাডমিনিস্ট্রেটর এর সমস্ত ক্ষমতা প্রয়োগ করার অধিকার তার নেই। কমিশনার অফ স্কুল এডুকেশন তাঁর মেমো নং — 1623 – GA, তারিখ – 20/07/2012 তে জানিয়ে দিয়েছেন একজন DDO যে কাজগুলি করতে পারেন সেগুলি হলো ––
ক ) স্কুলের রেগুলার স্টাফ ও প্যারা টিচারদের স্যালারি disburse করা ( এটি বর্তমানে স্কুলের হাতে নেই। তাই এই কাজটি করার দরকার পড়ে না)। তবে রেগুলার টিচার ও নন টিচিং স্টাফের স্যালারি রিকুইজিশন করতে হয় স্কুলকেই।
খ) SSA গ্রান্ট, ক্যাপিটাল গ্রান্ট, লাইব্রেরি বা ল্যাবরেটরি গ্রান্ট ইত্যাদি দৈনন্দিন খরচ চালানোর ফান্ডগুলি থেকে খরচ করতে পারেন ।
গ) তিনি ও HOI যুগ্মভাবে ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করবেন। কিন্তু অন্য কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা DDO এর নেই।
তাই DDO থাকলে স্কুল কর্তৃপক্ষের কাজ হবে দ্রুত যাতে স্কুলে নতুন ম্যানেজিং কমিটি গঠিত হয় সেই ব্যাপারে উপরে উল্লেখিত পদ্ধতিতে উদ্যোগ নেওয়া। অথবা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের ব্যাপারে উদ্যোগ নেওয়া।
৮) প্রশ্ন — অ্যাডমিনিস্ট্রেটর বা DDO হিসাবে কারা নিয়োগ পান ?
উত্তর — সাধারনত সার্কেলের SI কে এই দায়িত্ব দেওয়া হয়। তবে কখনও কখনও কোনও AI বা অন্য কোনো সরকারি অফিসারও এই দায়িত্ব পেতে পারেন।
৯ ) প্রশ্ন — তাহলে এমসি এর মেয়াদ শেষ হওয়ার সময় HOI কে ঠিক কী করতে হবে ?
উত্তর —
ক ) যখন কমিটির মেয়াদ শেষ হয়ে আসবে তার অন্তত দুই মাস আগে HOI চিঠি করে ডি আই কে জানিয়ে দিন যে তাঁর স্কুলের এমসি এর মেয়াদ কবে শেষ হচ্ছে । সেই চিঠিতেই অনুরোধ করুন নতুন এমসি গঠনের জন্য যেন নমিনেটেড প্রেসিডেন্ট , PIE এবং অন্যান্য সদস্যদের নাম উপযুক্ত কর্তৃপক্ষের নিকট থেকে স্কুল যাতে যথা সময়ে পেয়ে যায় সেই ব্যবস্থা নিতে। এই চিঠির forwarded copy কপি মেল করে দিন Principal Secretary, School Education Department , কমিশনার অফ স্কুল এডুকেশন আর বোর্ডের সেক্রেটারিকে।
খ ) যদি এই চিঠির পরও নমিনেশন আসতে দেরি হয় বা নমিনেশন এলেও কোনও বিশেষ পরিস্থিতিতে এমসি গঠন করা যাচ্ছে না তাহলে আবার ডি আই এর কাছে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের জন্য আবেদন করুন। কপি দিন উপরে উল্লেখিত কর্তৃপক্ষগণকে।
গ) যদি অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগেও দেরী হয় তাহলে ডি আই এর কাছে DDO নিয়োগের জন্য আবেদন করুন।
১০) প্রশ্ন — শেষ সামগ্রিক ( সব স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য ) এমসি এক্সটেনশন এর অর্ডার কোনটি ছিল ? তাতে কোন দিন পর্যন্ত সব স্কুলের এমসি ভ্যালিড থাকবে বলা হয়েছিল ?
উত্তর — WBBSE তার মেমো নং – 195/SEC/23, তারিখ – 15/06/2023 দ্বারা স্কুলের এমসি গুলির সামগ্রিক এক্সটেনশন করেছিল 13/09/2023 তারিখ পর্যন্ত। ওই অর্ডারেই নির্দেশ দিয়েছিল যে সব স্কুলের MC Validity শেষ হয়েছে তারা 13/07/23 থেকে 13/09/23 তারিখের মধ্যে MC গঠন প্রক্রিয়া সম্পন্ন করবে। এটিই কিন্তু শেষ এক্সটেনশন অর্ডার যা সব স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য। এরপর যেটা দেখিয়ে অলিখিতভাবে চলছে সেটার ভরসায় থাকা ঠিক হচ্ছে না।
১১ ) প্রশ্ন — অতি সম্প্রতি বোর্ড তার মেমো নং 5097/01/ 24/G, তারিখ – 02/12/2024 দ্বারা স্কুলের ম্যানেজিং কমিটির সম্পর্কে ঠিক কী বলেছিল ?
উত্তর – এই অর্ডারে বোর্ড যে কথাগুলি বলেছিল সংক্ষেপে সেগুলি হলো —
ক) যে সমস্ত স্কুলে 2022 সালের আগে এমসি তে Nominated প্রেসিডেন্ট ও অন্যান্য মেম্বারদের নাম পাঠানো হয়েছিল কিন্তু নানা কারনে এমসি গঠিত হতে পারেনি এবং এক্সটেনশন এর মাধ্যমে পূর্বতন এমসি কাজ চালিয়ে যাচ্ছে সেই স্কুলগুলিতে অবিলম্বে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করতে হবে। স্কুলের কাছ থেকে রিপোর্ট পেয়ে ডি আই সেই রিপোর্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠালেই সেই স্কুলে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে।
খ) তবে উপরোক্ত অর্ডারটা সেই স্কুলগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে না যেখানে এমসি গঠন নিয়ে কোর্ট কেস চলছে। সেখানে কোর্টের নির্দেশ অনুযায়ী কাজ হবে।
গ) এই অর্ডারের সঙ্গে একটি রিপোর্টিং ফরম্যাট দেওয়া হয়েছিল। সেই ফরম্যাটে স্কুলগুলো থেকে তাদের MC Validity সংক্রান্ত ব্যাপারে ডি আই রিপোর্ট নিয়ে সেই রিপোর্ট পাঠাবেন উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট। এটা খুবই ভালো ও আইনসঙ্গত অর্ডার ছিল। এমসি ভ্যালিডিটি শেষ হলে নতুন এমসি গঠিত হবে বা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হবে। এটাই ঠিক ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে এই অর্ডারটা পরবর্তী সময়ে তুলে নেওয়া হয় বোর্ডের আর একটা অর্ডার দিয়ে যার মেমো নং – 162/01/ 25/G , তারিখ – 24/01/2024 দ্বারা।
১২) প্রশ্ন – উপরের অর্ডারটা ( 5097/1/G তারিখ – 02/12/2024) কেন Cancelled করা হলো ?
উত্তর – বড়ই জটিল প্রশ্ন।এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। আমার ধারণা থেকে বলতে পারি আসলে ডিপার্টমেন্টের অসহায়তার বহিঃপ্রকাশ এই অর্ডারগুলি। প্রথম অর্ডারটা আইনের দিক থেকে ঠিকই ছিল। এমসি রিকনস্টিটিউট না করতে পারলে অ্যাডমিনিস্ট্রেটর দিতে হবে। আসলে রাজ্য জুড়ে অসংখ্য স্কুল এমসি Reconstitute করতে পারছে না কারন এমসি তে President ও PIE দিতে পারছে না যথাক্রমে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ও ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন। আবার সমস্ত ইনভ্যালিড কমিটির জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর দিতে হলে এক একজন AI বা SI কে এতগুলি করে স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করতে হবে যে ওনারা জাস্ট পাগল হয়ে যাবেন। তাই পরের অর্ডারে প্রথম অর্ডারটাকে Cancelled করে ধোঁয়াশা রাখল। এরপর মৌখিকভাবে সমস্ত জায়গায় বলে রাখল 2019 সালের অর্ডারটা নাকি আনলিমিটেড ভ্যালিডিটি দিয়েছে এমসিকে। এইভাবে স্কুল গুলিকে বুঝিয়ে সুঝিয়ে Danger End এ রেখে কাজ চালিয়ে যাচ্ছে । খুব বড় একটা হৈচৈ না হলে এটা চলতেই থাকবে। হৈ চৈ হলে বলির পাঁঠা হবেন HOI। কীভাবে হবেন সেটা আগেই বলেছি।
১৩) প্রশ্ন – অনেক স্কুলেই এমসির মেয়াদ আগেই শেষ হয়েছে । তা সত্ত্বেও সেখানে আগের এমসি কাজ করে যাচ্ছে। এটা তো ঠিক নয়। সেই এমসির সিদ্ধান্তের ভিত্তিতে HOI অনেক কাজও করেছেন। তাহলে কি এর দায়ে HOI সমস্যায় পড়তে পারেন ?
উত্তর — এমসি তে Govt Nominee ( President ও PIE ) না এলে এমসি গঠনের ক্ষেত্রে HOI এর কিছু করার থাকে না। অনেকে বলবেন বিধায়কের কাছে যান। ওনার কাছে অ্যাপ্লাই করুন যাতে এমসি তে প্রেসিডেন্ট ও PIE দের নাম আসে। কিন্তু আমার মনে হয় অফিসিয়ালি HOI এর এটা করার কথা নয়। বিধায়কের পাঠানো নাম এমসি তে আসবে এটা একটা অলিখিত প্রথা যা বর্তমানে চলছে। Management Rules এ এরকম কোনো কথা নেই। তাই লিখিতভাবে বিধায়কের কাছে যাওয়ার HOI এর কথা নয়। স্কুলের স্বার্থে যেতে পারেন। তবে সেটা হবে আনঅফিসিয়ালি। HOI এর উচিত কাজ হবে স্কুলের MC কোন তারিখ পর্যন্ত ভ্যালিড সেটা জানিয়ে ভ্যালিডিটি শেষ হওয়ার অন্তত দুই মাস আগে ডি আই কে লিখিত ভাবে জানানো সেই সঙ্গে নতুন এমসি গঠনের জন্য Govt Nominee দের নাম যাতে যথাসময়ে এসে যায় তার ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা। কাজ না হলে এই ধরনের ইণ্টিমেশন একাধিকবার দিতে হবে। এগুলির কপি দিতে হবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ও কমিশনার অফ স্কুল এডুকেশনকে। হার্ডকপি Received করানো সম্ভব না হলে মেল করুন বা স্পিড পোস্টে চিঠি পাঠান। কিন্তু ইন্টিমেশনের প্রমাণ অবশ্যই রাখুন। মনে রাখবেন ভবিষ্যতে আপনার ঘাড়েই বন্দুকটা রাখা হতে পারে। আপনাকেই দায়ী করা হতে পারে অবৈধ এমসি দিয়ে কাজ চালানোর দায়ে। তখন নিজেকে বাঁচানোর জন্য এগুলি আপনার হাতিয়ার হতে পারে। যদিও এমসি গঠনের জন্য Govt Nominee দের নাম না এলে HOI কে এই ব্যাপারে আইনত দায়ী করা কঠিন। HOI দের অতিরিক্ত দুশ্চিন্তা করার দরকার নাই। তবুও ভবিষ্যতে MC Validity নিয়ে সতর্ক থাকবেন। এমসির আনলিমিটেড ভ্যালিডিটি আছে ধরে নিয়ে নিশ্চিন্ত থাকবেন না।
১৪) প্রশ্ন – এখন বর্তমান এমসি দিয়ে যদি কাজ চালাতেই হয় তাহলে কী সতর্কতামূলক ব্যবস্থা নেবেন HOI ?
উত্তর – বর্তমানে যদি আগের এমসি দিয়ে কাজ চালাতেই হয় তাহলে যখনই কোনো কাগজপত্রের সঙ্গে “MC VALIDITY CERTIFICATE” দেবেন সেখানে লিখে দেবেন – ” The existing MC has completed its three years’ term from its first meeting w.e.f. – . But the new MC could not be constituted as the names of President, PIEs and other Govt Nominees to the MC have not been sent from the competent authorities. As per oral instructions from the DI Office the existing MC is still functioning following the guidelines as laid down in the School Education Department ‘s Memo No – 1071 SE , dated- 11/09/2019 ”