Without Pay Leave বা Extra Ordinary Leave

Leave Rules নিয়ে আলোচনার আজকে নবম পর্ব। আজকের বিষয় Without Pay Leave (উইদাউট পে লিভ) বা Extra Ordinary Leave (EOL)। তার সঙ্গে Dies Non , ব্রেক সার্ভিস, অ্যানুয়াল ইনক্রিমেন্ট এবং 10/20/18 বছরের বেনিফিটের সঙ্গে উইদাউট পে লিভের সম্পর্ক। Without Pay Leave এর সঙ্গে বেতন, ইনক্রিমেন্ট , Retirement Benefits ইত্যাদি অঙ্গাঙ্গীভাবে সম্পর্কিত। এই ছুটি নিয়ম মেনে না নিলে এবং নিয়মানুযায়ী রেকর্ড না হলে চাকরি জীবনে অহেতুক জটিলতা সৃষ্টি হয়। তাই এই ব্যাপারে সব কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে পরিষ্কার করার চেষ্টা করলাম। আগে আমি এই ব্যাপারে পোস্ট করেছিলাম। তবে ROPA 2009 এবং বিশেষ করে ROPA,2019 এ এই ছুটির ব্যাপারে বেশ কিছু অস্পষ্টতা আছে। তাই বিভিন্ন জায়গার গ্রাউন্ড রিয়েলিটি যতটা সম্ভব জেনে নিয়ে এবং এক্সিষ্টিং অর্ডারগুলোর ভিত্তিতে এটি একটি পরিমার্জিত পোষ্ট।  

—————————————————————————————————-

১) প্রশ্ন – কোয়ালিফাইং সার্ভিস কাকে বলে ?

উত্তর –

ক)DCRB স্কিম, 1981 অনুযায়ী একজন কর্মীর চাকরি জীবনের যে দিনগুলি তাঁর ইনক্রিমেন্ট , পেনশন , 10/18/20 বছরের বেনিফিট হিসাবের ক্ষেত্রে বিবেচনা করা হয় সেই দিনগুলিকে নিয়ে হয় একজনের কোয়ালিফাইং সার্ভিস। সমস্ত অ্যাটেনডেন্স এর দিনগুলি, সমস্ত ছুটির দিনগুলি, (নন মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ এর দিনগুলি ছাড়া), সাসপেনশন এর সময়ের দিনগুলি (যদি কোর্ট বা উপযুক্ত কর্তৃপক্ষ সেগুলিকে কোয়ালিফাইং সার্ভিসের মধ্যে ধরা হবে বলে নির্দেশ দেয় ) কোয়ালিফাইং সার্ভিসের মধ্যেই পড়ে।

খ) কোয়ালিফাইং সার্ভিসের মধ্যে পড়বে না সাসপেনশন এর দিনগুলি (যদি সেগুলি কোয়ালিফাইং সার্ভিসের মধ্যে পড়বে এমন কোনো কোর্ট অর্ডার বা ডিপার্টমেন্টাল অর্ডার না থাকে), মেডিকেল গ্রাউণ্ড ছাড়া অন্য কোনো গ্রাউন্ডে উইদাউট পে লিভ এর দিনগুলি, Unauthorised Absence এর দিনগুলি, Dies Non এর দিনগুলি।

২) প্রশ্ন – ব্রেক সার্ভিস কী ?

উত্তর – ব্রেক সার্ভিস মানে চাকরির ছেদ। অর্থাৎ ব্রেক সার্ভিসের আগের চাকরি আর পরের চাকরির মধ্যে Continuation থাকে না। স্বাভাবিকভাবেই ইনক্রিমেন্ট, 10/20/18 বছরের বেনিফিট, Retirement Benefits এগুলির জন্য কোয়ালিফাইং সার্ভিস হিসাব করার ক্ষেত্রে ব্রেকের আগের চাকরি হিসাবের মধ্যে আসে না। কর্মীর বিশাল ক্ষতি হতে পারে।

৩) প্রশ্ন – ব্রেক সার্ভিস কখন হয় ?

উত্তর – যদি কর্মী একটি চাকরি ছেড়ে দিয়ে আর একটি চাকরি গ্রহণ করেন অথবা একটি চাকরি থেকে বরখাস্ত হয়ে অন্য চাকরি গ্রহণ করেন তাহলে দুটি চাকরির মধ্যে Continuation থাকে না। একে ব্রেক সার্ভিস বলে। অথবা উপযুক্ত কর্তৃপক্ষ বা কোর্টের আদেশে যদি কারোর চাকরি একটা বিশেষ সময়ে ছেদ বলে অর্ডার জারি হয় এবং পরবর্তীকালে আবার তিনি চাকরিতে বহাল হন কিন্তু পূর্বের ছেদের আগের সময়টাকে সামগ্রিকভাবে চাকরির অংশ হিসাবে না ধরার অর্ডার থাকে তাহলেও ব্রেক সার্ভিস হবে। মনে রাখতে হবে উইদাউট পে লিভ মানে ব্রেক সার্ভিস নয়।

৪) প্রশ্ন – ব্রেক সার্ভিস Condonation কী ?

উত্তর – ব্রেক সার্ভিস Condonation মানে ব্রেক সার্ভিসটাকে মকুব করে দেওয়া । অর্থাৎ ব্রেক সার্ভিস থাকলেও সেটা নেই ধরে নিয়ে ব্রেক সার্ভিসের দিনগুলির আগের ও পরের চাকরির দিনগুলিকে কোয়ালিফাইং সার্ভিসের মধ্যে গণ্য করা।এর অর্থ হচ্ছে ব্রেক সার্ভিস Condoned হলে ঐ ব্রেক সার্ভিসের জন্য কর্মীর কোনও ক্ষতি হবে না। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে ব্রেক সার্ভিস Condoned হলে ব্রেক সার্ভিসের আগে পরের দিনগুলি কোয়ালিফাইং সার্ভিসের মধ্যে ধরা হলেও ব্রেক সার্ভিসের দিনগুলি কিন্তু কোয়ালিফাইং সার্ভিসের মধ্যে ধরা হবে না।

৫) প্রশ্ন – ব্রেক সার্ভিস Condonation কি অটোমেটিক হয় ?

উত্তর – হ্যাঁ , হয়। এডুকেশন ডিপার্টমেন্টের মেমো নং – 85 Edn (S) , তারিখ – 28/01/1981 ও মেমো নং – 890 Edn (S), তারিখ – 30/05/1985 অনুযায়ী 12 মাসের কম ব্রেক সার্ভিস থাকলে সেটা অটোমেটিক Condoned হবে। স্কুল কর্তৃপক্ষ সেটা এমসি রেজোলিউশন করে সার্ভিসবুকে তুলতে পারেন। তবে ইদানীং Continuation ও Pay Protection এর জন্য ডি আই এর কাছে আবেদন করতে হচ্ছে। তিনি সেটা DSE তে পাঠাবেন। সেখান থেকে অনুমোদিত হওয়ার পর Continuation ও Pay Protection পাওয়া যাবে।

৬) প্রশ্ন – ব্রেক সার্ভিস যদি অটোমেটিক Condoned না হয় অর্থাৎ 12 মাসের বেশি ব্রেক সার্ভিস থাকে তাহলে সেটা কি কোনও কর্তৃপক্ষের দ্বারা Condoned করা যায় ?

উত্তর — হ্যাঁ সেটাও করা যায়। তবে GO No – 7068 GA, তারিখ – 22/05/1969 অনুযায়ী সেটার জন্য উপযুক্ত ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে ডি আই এর মাধ্যমে DSE তে আবেদন পাঠাতে হবে স্কুল থেকে। এই ব্যাপারে যদি DSE অর্ডার জারি করে তাহলে 12 মাসের বেশি ব্রেক সার্ভিসও মকুব হয়ে যাবে।

৭ ) প্রশ্ন – Dies Non কথাটির অর্থ কী ?

উত্তর – Dies Non কথাটার অর্থ হলো চাকরি জীবনের এক বা একাধিক এমন দিন যেগুলোকে চাকরির অংশ হিসাবে ধরা হবে না। অর্থাৎ কোয়ালিফাইং সার্ভিস এর মধ্যে ঐ দিনগুলি অন্তর্ভুক্ত হবে না। Dies Non এর দিনগুলির জন্য কোনও বেতন পাওয়া যাবে না। কোনও বেনিফিট এর জন্য এগুলোকে হিসাবের মধ্যে আনা যাবে না। যদিও Dies Non হলে ব্রেক সার্ভিস হয় না অর্থাৎ পূর্বের চাকরির ধারাবাহিকতা বজায় থাকে। উল্লেখ্য ইদানীং বন্ধের দিন অনুপস্থিত থাকলে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে Dies Non করার অর্ডার জারি করা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে।

৮) প্রশ্ন – উইদাউট পে লিভ নিলে কি ব্রেক সার্ভিস হয় ?

উত্তর — উইদাউট পে লিভ মানে ব্রেক সার্ভিস নয়। উইদাউট পে লিভও এক ধরনের ছুটি।

৯) প্রশ্ন – উইদাউট পে লিভ কি নন কোয়ালিফাইং সার্ভিস হিসাবে গণ্য হয় ?

উত্তর – DCRB স্কিম, 1981 অনুযায়ী মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ কোয়ালিফাইং সার্ভিস হিসাবে গণ্য হয় । কিন্তু নন মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ কোয়ালিফাইং সার্ভিস হিসাবে গণ্য হবে না যদি না তা উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা Condoned করা হয়। উল্লেখ্য বর্তমানে কিছু কিছু অফিস মেডিক্যাল গ্রাউন্ডে উইদাউট পে লিভকেও নন কোয়ালিফাইং সার্ভিস হিসাবে গণ্য করে অ্যানুয়াল ইনক্রিমেন্ট এবং 10/20/18 বছরের বেনিফিট ইত্যাদি পিছিয়ে দিতে বলছে যদি না সেই মেডিকেল গ্রাউন্ডের উইদাউট পে লিভ বোর্ড কর্তৃক Condoned হয়। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মেমো নং – 181-SE(B) তারিখ – 08/10/2009 এর ব্যাখ্যা নিয়ে একটা কনফিউশন আছে। তাই মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ নেওয়ার পরেও ইনক্রিমেন্ট বা বেনিফিট পিছিয়ে যাওয়ার কারনে ক্ষতির মুখে যাতে পড়তে না হয় সেটা নিশ্চিত করার জন্য বোর্ড থেকে সেই EOL গুলি Condoned করিয়ে নিন। এরপরেও সমাধান না হলে আমার পরামর্শ হবে কেস করুন। হয়ত ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন।

১০) প্রশ্ন – উইদাউট পে লিভ কখন পাওয়া যায় ?

উত্তর — উইদাউট পে লিভ এর অপর নাম এক্সট্রা অর্ডিনারি লিভ (সংক্ষেপে EOL)। অন্য সমস্ত প্রাপ্য ছুটি শেষ হয়ে গেলে উইদাউট পে লিভ বা এক্সট্রা অর্ডিনারি লিভ পাওয়া যায়। অনেকে অন্য ছুটি জমা থাকা সত্ত্বেও উইদাউট পে লিভ নিয়ে নেন। এটা কিন্তু অবৈধ। সেটা হতে পারে একমাত্র যদি সেটা করার জন্য ডিপার্টমেন্টাল অর্ডার থাকে বা কোর্ট অর্ডার থাকে অথবা ছুটি জমা থাকলেও যদি বিশেষ কারনে সেই ছুটি আইনত নেওয়ার যোগ্য না হয়ে থাকে।

১১) প্রশ্ন – উইদাউট পে লিভ কতদিনের জন্য পাওয়া যায় ?

উত্তর – উইদাউট পে লিভ সর্বাধিক দুই বছরের জন্য পাওয়া যায়। একসঙ্গে কতগুলি পাওয়া যাবে বা কতবার পাওয়া যাবে তার মিনিমাম বা ম্যাক্সিমাম লিমিট কিছু নেই।

১২) প্রশ্ন – উইদাউট পে লিভ কি আবেদন করে অনুমোদন করাতে হয় ? কে এই ছুটি অনুমোদন করবেন ?

উত্তর – অবশ্যই। উইদাউট পে লিভও এক ধরনের ছুটি। এটার জন্য HOI এর মাধ্যমে এমসি/অ্যাডমিনিস্ট্রেটরকে আবেদন করতে হবে। এমসি/অ্যাডমিনিস্ট্রেটর অনুমোদন করলে তবেই উইদাউট পে লিভ পাওয়া যাবে। তবে এই লিভ বোর্ড কর্তৃক অনুমোদন / Condonation করিয়ে নেওয়া উচিত। এমসি/অ্যাডমিনিস্ট্রেটর রেজোলিউশন ও অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টস সহ ডি আই এর মাধ্যমে বোর্ডে প্রেয়ার পাঠাতে হবে। আমার পরামর্শ হবে উইদাউট পে লিভ হলে এমসি/অ্যাডমিনিস্ট্রেটর কর্তৃক অনুমোদনের পরে এই ছুটি বোর্ডের Condonation করিয়ে নেবেন। তাতে ইনক্রিমেন্ট বা অন্যান্য বেনিফিটের উপর এই ছুটির কোনো প্রভাব পড়বে না। ক্ষতির হাত থেকে বাঁচবেন।

১৩) প্রশ্ন – উইদাউট পে লিভ নিলে অ্যানুয়াল ইনক্রিমেন্ট এবং 10/20/18 বছরের বেনিফিট এর উপর কী রকম প্রভাব পড়ে ?

উত্তর – i ) ROPA 1998 এবং DTA Memo No- DT/0/8/1-05/1649, তারিখ – 27/09/2005 অনুযায়ী যে কোনো কারনে উইদাউট পে লিভ নিলে অ্যানুয়াল ইনক্রিমেন্ট পিছিয়ে যাবে। তার সঙ্গে 10/20/18 বছরের বেনিফিটও পিছিয়ে যাবে।

ii) ROPA 2009 এর Clarification (Memo No – 181-SE (B), তারিখ – 08/10/2009) অনুযায়ী মেডিক্যাল গ্রাউন্ডে উইদাউট পে লিভ নিলে অ্যানুয়াল ইনক্রিমেন্ট বা 10/20/18 বছরের বেনিফিট কিছুই পিছিয়ে যাবে না। তবে নন মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ নিলে এগুলি সবই পিছিয়ে যাবে যদি না উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক Condoned করা হয়। অবশ্য এক মাসের কম নন মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ হলে কিন্তু অ্যানুয়াল ইনক্রিমেন্ট পিছিয়ে যাবে না। আগেই বলেছি সম্ভব হলে উইদাউট পে লিভ বোর্ড কর্তৃক অনুমোদন/ Condoned করাতে হবে। সেটা করানো থাকলে মেডিকেল গ্রাউন্ডের উইদাউট পে লিভের ক্ষেত্রে অ্যানুয়াল ইনক্রিমেন্ট বা 10/18/20 বছরের বেনিফিট পিছিয়ে যাবে না। Condonation না হলে সব কিছু পিছিয়ে যাবে।

iii) স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ROPA 2019 এর এই সংক্রান্ত কোনো Clarification দেয়নি। তাই এক্ষেত্রে সব সিদ্ধান্ত নিতে হবে ROPA 2019 এর মূল অর্ডার, ROPA 2009 এর Clarification (Memo No – 181-SE (B) তারিখ – 08/10/2009) এবং এই সংক্রান্ত ফিন্যান্স ডিপার্টমেন্টের একটি Clarification (Memo No- 6471-F, তারিখ – 02/12/2019 এর ভিত্তিতে। এই অর্ডারগুলি অনুযায়ী বলা যায় যে উইদাউট পে লিভ থাকলে অ্যানুয়াল ইনক্রিমেন্ট এবং 10/18/20 বছরের বেনিফিটগুলি উপরের প্যারাতে উল্লেখিত 2009 ROPA এর মতো একই পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।

১৪) প্রশ্ন – উইদাউট পে লিভ হলে বর্তমান নিয়ম অনুযায়ী অর্থাৎ ROPA, 2009 বা ROPA, 2019 অনুসারে অ্যানুয়াল ইনক্রিমেন্ট পিছিয়ে দেওয়ার হিসাবটা কী ভাবে করা হবে ? এক্ষেত্রে সার্ভিসবুকে কী ভাবে নোট করা হবে ?

উত্তর-

i) একটা বছরের জুলাই থেকে পরের বছরের জুন পর্যন্ত নেওয়া মোট উইদাউট পে লিভগুলির এফেক্ট পড়বে পরের জুলাই এর অ্যানুয়াল ইনক্রিমেন্ট এর উপরে। এই সংখ্যাটা প্রথমেই হিসাব করে নিতে হবে। এখানে সংখ্যাটা যত দিন হবে পরের অ্যানুয়াল ইনক্রিমেন্ট ঠিক তত দিন পিছবে।

ii) উইদাউট পে লিভ এর সংখ্যা এক মাস পর্যন্ত হলে পরের অ্যানুয়াল ইনক্রিমেন্ট এর উপরে তার কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ সে ক্ষেত্রে পরবর্তী জুলাই এর এক তারিখেই অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাবেন।

iii) কিন্তু যদি উইদাউট পে লিভ এক মাসের বেশি থেকে এগারো মাস পর্যন্ত হয় এবং সেই উইদাউট পে লিভ যদি জুলাই মাসের আগেই শেষ হয়ে গিয়ে থাকে তাহলে 1st জুলাইতে নোশনাল ইনক্রিমেন্ট হবে। কিন্তু এর প্রকৃত আর্থিক সুবিধা পিছিয়ে যাবে যতদিন Without Pay Leave নিয়েছেন ততদিন।

এই পিছিয়ে যাওয়ার পদ্ধতিটি নিম্নরূপ : –

প্রথমেই কতদিন উইদাউট পে লিভ হয়েছে সেটা একেবারে দিন সংখ্যা ধরে ধরে গুণে নিতে হবে। সেই ভাবে যত দিন হলো ঠিক ততদিন 1st July এর পর থেকে এগিয়ে যেতে হবে। এই ভাবে গিয়ে যে তারিখে শেষ হলো সেটা কোন মাসে পড়ছে দেখতে হবে। পিছিয়ে যাওয়া ইনক্রিমেন্ট এর আর্থিক সুবিধা পাওয়া যাবে সেই মাসের এক তারিখ থেকে। ঐ মাসের এক তারিখ থেকেই ইনক্রিমেন্ট ধরে স্যালারি রিকুইজিশন করতে হবে। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে আর্থিক সুবিধা পিছিয়ে গেলেও Notional Increment কিন্তু 1st জুলাই থেকেই পাওয়া যাবে। সার্ভিসবুকে সেভাবেই নোট হবে।

উদাহরণ – ধরা যাক 2007 সালের জুলাই মাস থেকে 2008 সালের জুন মাসের মধ্যে 4 মাস 10 দিন উইদাউট পে লিভ নিয়েছেন একজন কর্মী। দেখা যাক কী ভাবে তাঁর ইনক্রিমেন্ট এর আর্থিক সুবিধা পিছিয়ে যাবে। প্রথমে উক্ত কর্মীর 2008 সালের 1st July তেই নোশনাল ইনক্রিমেন্ট হবে। কিন্তু ইনক্রিমেন্ট এর প্রকৃত আর্থিক সুবিধা 1st July, 2008 থেকে 4 মাস 10 দিন (130 দিন) পিছিয়ে যাবে। 130 দিন পিছিয়ে যাওয়া তারিখটি হবে জুলাই 31 দিন + আগস্ট 31 দিন + সেপ্টেম্বর 30 দিন + অক্টোবর 31 দিন + নভেম্বর 7 দিন। অর্থাৎ নভেম্বরের 7 তারিখ পর্যন্ত ইনক্রিমেন্ট এর আর্থিক সুবিধা পিছিয়ে যাওয়ার কথা। কিন্তু যেহেতু অ্যানুয়াল ইনক্রিমেন্ট সর্বদা মাসের এক তারিখ থেকেই প্রাপ্য তাই এক্ষেত্রে তাঁর প্রকৃত অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে 2008 সালের নভেম্বর মাসের এক তারিখ থেকেই।

এক্ষেত্রে সার্ভিস বুকের আগের বছরের রো তে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট এর ঘরে লিখতে হবে 01/07/2007 আর ডেট অফ টারমিনেশন এর ঘরে লিখতে হবে 30/06/2008। এরপর পরের রো তে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট এর ঘরে লিখতে হবে 01/07/2008 আর বেসিক পে লিখতে হবে একটা ইনক্রিমেন্ট দিয়ে। কিন্তু এখানে যে বেসিক পে লেখা হবে ঠিক তার নীচে লাল কালিতে লিখে দিতে হবে , “Notional up to 31/10/2008 due to availing 130 days EOL from — to –“। এই বছরের Service Termination যথারীতি 30/06/2009 তেই হবে।

iv) যদি উইদাউট পে চলতে চলতে সেটা জুলাই মাসের এক তারিখ পেরিয়ে যায় তাহলে সেই জুলাই মাসের এক তারিখেই নোশোনাল ইনক্রিমেন্ট পাওয়া যাবে। কিন্তু ইনক্রিমেন্ট এর প্রকৃত আর্থিক সুবিধা পাওয়া যাবে ঐ উইদাউট পে লিভ যে দিন শেষ হচ্ছে সেই তারিখ থেকে মোট উইদাউট পে লিভের সম সংখ্যক দিন এগিয়ে গেলে যে মাস পাওয়া যাবে সেই মাসের এক তারিখ থেকে।

উদাহরণ – ধরা যাক একজন কর্মী 20/06/2008 থেকে 16/08/2008 পর্যন্ত উইদাউট পে লিভ নিয়েছেন অর্থাৎ টোটাল উইদাউট পে লিভ নিয়েছেন নিয়েছেন 58 দিন। সুতরাং দেখাই যাচ্ছে যে এই উইদাউট পে লিভ অ্যানুয়াল ইনক্রিমেন্ট এর দিন অর্থাৎ জুলাই এর এক তারিখকে অতিক্রম করে গেছে। এক্ষেত্রে 01/07/2008 এ নোশনাল ইনক্রিমেন্ট পাওয়া যাবে কিন্তু তিনি ইনক্রিমেন্ট এর আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য হবেন 16/08 /2008 এর পর থেকে 58 দিন এগিয়ে গেলে যে মাসের যে তারিখ হচ্ছে সেই মাসের এক তারিখ থেকে। এখানে 58 দিন এগিয়ে গিয়ে পাওয়া যাচ্ছে 2008 সালের অক্টোবর মাসের 13 তারিখ । সুতরাং পিছিয়ে যাওয়া ইনক্রিমেন্ট এর আর্থিক সুযোগ পাওয়া যাবে 2008 সালের পয়লা অক্টোবর থেকে।

এক্ষেত্রে সার্ভিস বুক লিখতে হবে এইভাবে –

প্রথমে একটা Increment দেওয়া হবে 01/07/2008 এ। সেখানে যে বেসিক হচ্ছে তার ঠিক নীচে লিখে দিতে হবে “Notional up to 30/09/2008 due to taking EOL of 58 days from — to –“। এই বছরের সার্ভিস টার্মিনেশন স্বাভাবিকভাবেই 30/06/2009 তারিখেই হবে।

v) যদি উইদাউট পে লিভ একবছরের বেশি হয়ে যায় তাহলে সেই বছরের অ্যানুয়াল ইনক্রিমেন্ট (নোশোনাল হোক বা অ্যাকচুয়াল ) পাওয়া যাবে না। অর্থাৎ একটা অ্যানুয়াল ইনক্রিমেন্ট সম্পূর্ণভাবে লস হয়ে যাবে। সে ক্ষেত্রে পরের বছরের 1st জুলাইতে আবার অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাবেন।

উদাহরণ — ধরা যাক একজন কর্মী 31/12/2007 থেকে নন মেডিকেল গ্রাউন্ডে এক বছর পাঁচ মাস উইদাউট পে লিভ নিয়েছেন। সেক্ষেত্রে তিনি 2008 সালের জুলাই মাসের ইনক্রিমেন্ট পাবেন না। তবে 2009 এর জুলাই মাসের ইনক্রিমেন্ট পাবেন।

এক্ষেত্রে সার্ভিস বুক লেখার সময় Date of Appointment এর ঘরে 01/07/2007 লেখা হবে আর Date of termination এর ঘরে 30/06/2008 এর পরিবর্তে 30/06/2009 লিখতে হবে। Reason এর ঘরে লিখতে হবে “Increment (Increment on 01/07/2008 not allowed due to taking 17 months EOL from — to –“)

১৫) প্রশ্ন — ROPA 1998 অনুযায়ী উইদাউট পে লিভ নিলে কি 10/18/20 বছরের বেনিফিট গুলি পিছিয়ে যায় ? কোন পদ্ধতিতে সেটা হয় ? সার্ভিসবুকে এই পিছিয়ে যাওয়ার ব্যাপারটা কেমন ভাবে নোট করা হয় ?

উত্তর —

i) ROPA 1998 এবং তার Clarification (DTA Memo No DT/0/8/1-05/1649, তারিখ – 27/09/2005) অনুযায়ী যে কোনো কারনে উইদাউট পে লিভ নিলে চাকরির শুরু থেকে সেই বেনিফিট এর দিন পর্যন্ত টোটাল যত দিন উইদাউট পে লিভ হয়েছে প্রাপ্য দিন থেকে সেই বেনিফিট তত দিন পিছিয়ে গিয়ে পাওয়া যাবে।

উদাহরণস্বরূপ ধরা যাক একজন টিচারের চাকরিতে জয়েনিং এর তারিখ 15/04/1990। সুতরাং সাধারণ নিয়মে তাঁর 10 বছরের বেনিফিট পাওয়ার কথা 15/04/2000 তারিখ থেকে। মনে করা যাক এই সময়ের মধ্যে তিনি 35 দিনের উইদাউট পে লিভ নিয়েছেন। সুতরাং তাঁর দশ বছরের বেনিফিট পিছিয়ে যাবে 16/04/2000 থেকে 35 দিন । অর্থাৎ তিনি দশ বছরের বেনিফিট পাবেন 21/05/2000 তারিখ থেকে।

এই ক্ষেত্রে সার্ভিসবুক লেখা হবে এই ভাবে –

ক) Date of Appointment এর ঘরে লেখা হবে 01/04/2000 আর Date of Termination of Service এর ঘরে ডেট দেওয়া হবে 20/05/2000। এই রো তে যা বেসিক হবে সেটা লেখা হবে। Reason for Termination এর ঘরে লেখা হবে “10 Years benefit. It was due on 16/04/2000 but deferred to 21/05/2000 for taking 35 days’ EOL from —- to ——.

খ) এর পরের রো তে Date of Appointment এর ঘরে ডেট দেওয়া হবে 21/05/2000 । এখানে 10 বছরের জন্য একটা অতিরিক্ত ইনক্রিমেন্ট দিয়ে যা বেসিক হয় সেটা বসবে। Date of Termination of Service হবে 31/03/2001। Reason লেখা হবে “Increment”।

গ) পরের বছর 01/04/2001 থেকে স্বাভাবিক নিয়মে সার্ভিসবুক লেখা হতে থাকবে।

১৬) ROPA, 2009 এবং ROPA, 2019 অনুযায়ী উইদাউট পে লিভ নিলে কি 10/18/20 বছরের বেনিফিটগুলি পিছিয়ে যাবে ?

উত্তর – ROPA 2009 এর Clarification (Memo No- 181-SE (B) তারিখ – 08/10/2009 অনুযায়ী বলা যায় মেডিক্যাল গ্রাউন্ডে উইদাউট পে লিভ নিলে 10/20/18 বছরের বেনিফিট পিছিয়ে যাবে না। কিন্তু নন মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ নিলে এই বেনিফিটগুলি যত দিন উইদাউট পে লিভ নিয়েছেন ঠিক তত দিন পিছিয়ে যাবে। এখানে একটা কথা উল্লেখ্য ROPA 2019 এর অর্ডারে বলা হয়েছে যে উইদাউট পে লিভ মেডিকেল গ্রাউন্ডে না হলে এই বেনেফিটগুলি পিছিয়ে যাবে। তার মানে আমরা ধরতেই পারি যে মেডিকেল গ্রাউন্ডে উইদাউট পে লিভ হলে বেনিফিটগুলি পিছবে না। তবে মেডিকেল গ্রাউন্ডের উইদাউট পে লিভ কিন্তু বোর্ড কর্তৃক Condoned করতে হবে। তবেই বেনিফিটগুলি পিছবে না। নাহলে মেডিকেল গ্রাউন্ডের লিভ হলেও পিছিয়ে যাবে।

১৭) প্রশ্ন — ROPA 2009 ও ROPA 2019 অনুসারে উইদাউট পে লিভ নিলে ঠিক কোন পদ্ধতিতে 10/18/20 বছরের বেনিফিটগুলি পিছিয়ে যায় ?  

উত্তর — যেদিন থেকে 10/18/20 বছরের বেনিফিট প্রাপ্য হচ্ছে প্রথমেই দেখতে হবে চাকরিতে জয়েনিং এর দিন থেকে সেই দিন পর্যন্ত মোট কতদিন উইদাউট পে লিভ হয়েছে। এরপর যেদিন তাঁর ঐ বেনিফিট স্বাভাবিক নিয়মে প্রাপ্য ছিল সেই দিনের সঙ্গে উইদাউট পে লিভ এর দিন সংখ্যা যোগ করে দেখতে হবে সেটা কোন মাসের কত তারিখে গিয়ে পৌঁছচ্ছে। যে মাসের যে তারিখে গিয়ে পৌঁছচ্ছে সেই তারিখের ঠিক পরের দিন থেকে এই বেনিফিট এর আর্থিক সুবিধা পাওয়া যাবে। এইভাবে প্রাপ্য বেনিফিট ডেট পিছিয়ে গিয়ে সেটা যদি জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে পড়ে তাহলে যে তারিখে পড়ছে সেই তারিখ থেকেই প্রাপ্য বেনিফিট নিয়ে নিন। আর যদি দেখেন পিছিয়ে গিয়ে ডেটটা জানুয়ারি থেকে জুনের মধ্যে পড়ছে তাহলে সেই তারিখ থেকে এই বেনিফিট না নিয়ে জুলাইয়ের এক তারিখ থেকে অ্যানুয়াল ইনক্রিমেন্ট ও এই বেনিফিট একসঙ্গে নিন। এতে অ্যানুয়াল ইনক্রিমেন্ট লস হবে না।

উদাহরণ — ধরা যাক একজন কর্মীর 10 বছরের সার্ভিস সম্পূর্ণ হচ্ছে 03/03/2021 তারিখে। তাই তাঁর 10 বছরের বেনিফিট প্রাপ্য ছিল 04/03/2021 তারিখ থেকে। ধরা যাক তাঁর সার্ভিস জীবনে তিনি উইদাউট পে লিভ নিয়েছিলেন মোট 75 দিন। তাহলে দেখা যাক কীভাবে তাঁর উক্ত বেনিফিট পিছিয়ে যাবে। 05/03/2021 থেকে শুরু করে ঠিক 75 তম দিন পর্যন্ত এগিয়ে গিয়ে দেখতে হবে কোন মাসের কত তারিখে পৌঁছচ্ছে। এক্ষেত্রে যেমন মার্চ মাসে 27 দিন + এপ্রিল মাসে 30 দিন + মে মাসে 18 দিন পর্যন্ত গেলে 18/05/2021 তারিখ পাওয়া যাচ্ছে। সুতরাং ঐ কর্মীর এই বেনিফিট প্রাপ্য হচ্ছে ঠিক তার পরের দিন অর্থাৎ 19/05/2021 থেকে। চাইলে আইওএসএমএস এ স্যালারি রিকুইজিশন করার সময় এই তারিখেই (19/05/2021 ) এই বেনিফিট এর ইফেক্ট ডেট দিতে পারেন। কিন্তু 2021 এর মে মাসে বেনিফিট নিলে 01/07/2021 এর অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাবেন না। তাই তিনি স্কুল কর্তৃপক্ষের কাছে অপশন দেবেন যে তিনি 1st জুলাই 2021 থেকে অ্যানুয়াল ইনক্রিমেন্ট এবং এই বেনিফিট একসঙ্গে নেবেন। সেক্ষেত্রে জুলাই এর এক তারিখেই ডাবল ইনক্রিমেন্ট অর্থাৎ অ্যানুয়াল ইনক্রিমেন্ট ও পিছিয়ে যাওয়া বেনিফিট এর ইনক্রিমেন্ট একসঙ্গে পাবেন।

এই ক্ষেত্রে Service Book লেখা হবে এই ভাবে : –

i) সংশ্লিষ্ট বছরের আগের বছরের ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট এর তারিখ হবে 01/07/2020 আর টার্মিনেশন ডেট হবে 30/06/2021 এ।

ii) পরের রো তে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট হবে 01/07/2021। এখানে একটা ইনক্রিমেন্ট দিয়ে যা বেসিক হয় সেটা বসবে। এই রো তে ডেট অফ টারমিনেশন অফ সার্ভিস হবে 01/07/2021 তারিখেই। এই রো তে Reason এর কলমে লিখবেন “Annual Increment”।

iii) এর ঠিক নীচেই আবার একটা রো তৈরি হবে। এটাতে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট হবে 01/07/2021। একটা অতিরিক্ত ইনক্রিমেন্ট দিয়ে যা বেসিক হয় সেটা এখানে লেখা হবে। এখানে ডেট অফ টারমিনেশন লিখবেন 30/06/2022 । এখানে Reason of Termination হিসাবে লিখবেন – ” Completed 10 years’ satisfactory service on 04/03/2021. But 10 Years’ Benefit became admissible w.e.f. 19/05/2021 as the incumbent took EOL for 75 days from —- to —-. But this benefit was actually allowed from 01/07/2021 as per Option exercised by the incumbent.”

১৭) প্রশ্ন – উইদাউট পে লিভ মানে তো বিনা বেতনে ছুটি। অর্থাৎ এই দিনগুলির জন্য বেতন পাওয়া যায় না। তাহলে যে মাসে উইদাউট পে লিভ নেওয়া হয়েছে সেই মাসের বেতন কী ভাবে নির্ধারিত করা হবে ?

উত্তর – উইদাউট পে লিভ এর দিনগুলির জন্য বেতন পাওয়া যায় না। তাই মাস ধরে ধরে আলাদা আলাদা করে হিসাব করা হয় যে উইদাউট পে লিভ নেওয়ার জন্য কোন মাসে কত Basic, DA, HRA, MA প্রাপ্য ছিল এবং এই ছুটি না নিলে অর্থাৎ পূর্ণ বেতন হলে কত প্রাপ্য হতো। এই দুটি বেতনের পার্থক্যই হলো Overdrawn Amount। এই Amount ফেরত দিতে হবে। এটার একটা তুলনামূলক স্টেটমেন্ট বানাতে হবে। এটাকে বলে Due Drawn Statement। এর নির্দিষ্ট ফরম্যাট আছে। সেটাতে এই স্টেটমেন্ট বানাবেন।

এই ধরনের হিসাব করার একটা উদাহরণ নীচে দিলাম –

ক) মনে করা যাক একজন কর্মীর বেসিক পে 40000 টাকা। তিনি 2025 সালের 20 নভেম্বর থেকে 29 নভেম্বর পর্যন্ত পর্যন্ত মোট 10 দিন উইদাউট পে লিভ নিয়েছেন। অর্থাৎ নভেম্বর মাসে তিনি পূর্ণ বেতন পাবেন ( 30- 10) = 20 দিনের জন্য। বাকি দিনগুলির(10 দিন )জন্য কোনো বেতন পাবেন না।

খ) এখন 2025 সালের নভেম্বর মাসে পূর্ণ স্যালারি নেওয়া হয়ে গেছে। অর্থাৎ তিনি ঐ মাসের জন্য বেসিক পে নিয়েছেন 60000 টাকা, DA নিয়েছেন 60000× 18%= 10800 টাকা, HRA নিয়েছেন 60000×12% = 7200 টাকা , MA = 500 টাকা গ্রস স্যালারি= 78500 টাকা। কিন্তু ঐ মাসে 10 দিন উইদাউট পে লিভ থাকার জন্য বেসিক প্রাপ্য হচ্ছে – (60000 ÷ নভেম্বর মাসের দিন সংখ্যা × তাঁর পূর্ণ বেতনের দিন সংখ্যা )। অর্থাৎ এক্ষেত্রে নভেম্বর মাসে তিনি বেসিক হিসাবে পাবেন (60000÷ 30) × 20 = 40000 টাকা। এবার উক্ত প্রাপ্য বেসিক 40000 টাকার উপর নভেম্বর মাসের প্রাপ্য DA হবে (40000 × 18%) = 7200 টাকা। HRA হবে (40000×12%) = 4800 টাকা। এবং MA প্রাপ্য হবে (500÷30) × 20 = 333 টাকা এবং প্রাপ্য গ্রস স্যালারি= 52333। সুতরাং নভেম্বর মাসে টোটাল Overdrawn হচ্ছে (78500-52333)= 26167 টাকা । এই টাকাটা উপরোক্ত পদ্ধতিতে ফেরত দিতে হবে।

১৮) প্রশ্ন – উইদাউট পে লিভ হয়ে গেছে অথচ পূর্ণ বেতন নেওয়া হয়ে গেছে, অর্থাৎ Overdrawn হয়ে গেছে। কী ভাবে ঐ Overdrawn Amount ফেরত দিতে হবে ?

উত্তর – দুই ভাবে ফেরত দিন।

ক) যে মাসে উইদাউট পে লিভ হচ্ছে সেই মাসের স্যালারি রিকুইজিশন যদি তখনও করা না হয়ে থাকে তাহলে স্যালারি রিকুইজিশন থেকে পার্ট স্যালারি করে Over drawan Amount ফেরত দিয়ে দিন। Acquittance রোল ও সার্ভিসবুকে প্রয়োজনীয় নোট দিন। 

খ) যদি সেই মাসের রিকুইজিশন করা হয়ে গিয়ে থাকে তাহলে পরের মাসের রিকুইজিশন থেকে পার্ট স্যালারি করে ফেরত দিতে যাবেন না। অহেতুক জটিলতা বাড়বে। উপরে উল্লেখিত Overdrawn Amount চার কপি TR 7 চালানে লিখে, Due Drawn Statement ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ডি আই অফিসে যান সেগুলিতে Countersign করানোর জন্য। Countersign হয়ে গেলে ঐ চারটে TR 7 চালান ট্রেজারি লিংকড ব্যাংকে নিয়ে গিয়ে ঐ Overdrawn Amount এর টাকা জমা দিয়ে দিন। ব্যাংক রিসিভ করে দুই কপি TR 7 চালান ফেরত দেবে। সেই চালান নং ও ডেট উল্লেখ করে সার্ভিস বুকে ও Acquittance রোলে প্রয়োজনীয় নোট দেবেন HOI। এক কপি চালান ক্যান্ডিডেট কে দিয়ে দেবেন। এক কপি ঐ কর্মীর ফাইলে সংরক্ষণ করবেন। 

SOURCE-SMR

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top