



উচ্চ মাধ্যমিক-দ্বাদশ শ্রেণি-বাংলা
চতুর্থ সেমিস্টার -হলুদ পোড়া গল্প
‘হলুদ পোড়া’ – মানিক বন্দ্যোপাধ্যায়:
গল্পের প্রশ্ন উত্তর, বিষয়বস্তু, নামকরণের সার্থকতা, চরিত্র আলোচনা
Published on: October22
উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের নতুন সিলেবাসে বাংলা প্রথম ভাষা গুরুত্বপূর্ণ গল্প পাঠ্য মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ পোড়া’ – ছোট গল্পটি। আজকের আমরা এটি নিয়েই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব – ছাত্রছাত্রীদের সুবিধার জন্য বলে রাখি এই গল্প থেকে ৫ নম্বরের একটি বড় প্রশ্ন আসবে। আজকের এই নোটগুলি ভালোভাবে ফলো করলে,ছাত্রছাত্রীরা সহজেই এই পাঁচ নম্বর খুব সহজেই পেয়ে যাবে।
সবার প্রথমে পাঠের গল্পটি অবশ্যই ভালো করে একবার রিডিং পড়তে হবে, এটি একটি ভৌতিক গল্প – তাই অবশ্যই পড়তেও ভালো লাগবে – গল্পটা ভালো করে পড়া হয়ে গেলে তারপর এই নোটস বা প্রশ্ন উত্তর আলোচনাগুলো দেখলে বেশি কার্যকরি হবে। সবার প্রথমে আমরা লেখক পরিচিতি আলোচনা করব, তারপর বিষয়বস্তু, নামকরণের সার্থকতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন।

বোর্ড: বিষয়বস্তু
1‘হলুদ পোড়া’ – মানিক বন্দ্যোপাধ্যায় (লেখক পরিচিতি)
2 ‘হলুদ পোড়া’ সম্পূর্ণ গল্পের বিষয়বস্তু (সংক্ষিপ্ত সার)
2.1 ‘হলুদ পোড়া’ গল্পের মুখ্য চরিত্র আলোচনা
3 ‘হলুদ পোড়া’ গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।

‘হলুদ পোড়া’ – মানিক বন্দ্যোপাধ্যায়
(লেখক পরিচিতি)
মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী বাঙালি কথাসাহিত্যিক। তাঁর প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়, তবে তিনি মানিকডাকনামেই পরিচিত ছিলেন।
তিনি ১৯০৮ সালের ১৯ মে বর্তমান ভারতের ঝাড়খণ্ডের দুমকাশহরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে। পিতা ছিলেন সরকারি কর্মকর্তা।
ছাত্রজীবনে তিনি গণিত বিষয়ে পড়াশোনা করলেও বন্ধুদের সাথে বাজি ধরে লেখা তাঁর প্রথম গল্প ‘অতসী মামী’ ১৯২৮ সালে ‘বিচিত্রা’পত্রিকায় প্রকাশিত হওয়ার পর সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি হয়।
তিনি বাংলা সাহিত্যে মানুষের অন্তর্জীবন, মনোলোক বিশ্লেষণ এবং সমাজ বাস্তবতার অনুসন্ধানে শক্তিমত্তা দেখিয়েছেন। তাঁর বিখ্যাত রচনাগুলির মধ্যে ‘পদ্মানদীর মাঝি’ এবং ‘পুতুলনাচের ইতিকথা’ অন্যতম।
‘হলুদ পোড়া’ তাঁর রচিত একটি ছোটগল্প, যা ১৯৪৫ খ্রিস্টাব্দে (১৩৫২ বঙ্গাব্দ) প্রকাশিত হয়েছিল।

‘হলুদ পোড়া’ সম্পূর্ণ গল্পের বিষয়বস্তু
(সংক্ষিপ্ত সার)
গল্পের শুরু হয় কার্তিক মাসে হঠাৎ ঘটে যাওয়া দুটো খুনের ঘটনাকে ঘিরে। প্রথমে খুন হন বলাই চক্রবর্তী—তিনি ছিলেন এক মধ্যবয়স্ক/মাঝ-বয়সি যোয়ান মদ্দ পুরুষ। তিন দিন পর খুন হয়শুভ্রা, ষোল-সতের বছরের এক ভীরু স্বভাবের মেয়ে। এই দুটি মৃত্যুর মধ্যে সম্পর্ক কী?—তা নিয়ে গোটা গ্রাম জুড়ে নানা গুজব, সন্দেহ ও ভয়ের পরিবেশ তৈরি হয়। শুভ্রার বিবাহ হয়ে গিয়েছিল এবং বছর দেরেক সে তার শ্বশুরবাড়িতেই ছিল। পরে সাত মাসের গর্ভবতী অবস্থায় সে বাপের বাড়ি আসে, তার দাদা ধীরেন চাটুয্যের কাছে, ধীরেনের স্ত্রী ছিলেন শান্তি। আর বলাই চক্রবর্তীর মৃত্যুর পর তাঁর ভাইপো নবীন চক্রবর্তীবলাইয়ের সমস্ত সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পায়। নবীনের স্ত্রী ছিলেন দামিনী।
গ্রামের বিশ-ত্রিশ বছরের মধ্যে কেউই গুরুতর যখন হয়নি সেইখানে পরপর দু’দুটো খুন হয়ে গেছে। শুভ্রার মৃত্যুর পর পাড়ায় নানা গুজব ছড়াতে থাকে। একুশ দিন পর, এক সন্ধ্যায় দামিনীর ওপর শুভ্রার অশরীরী আত্মা ভর করে। তখন নামকরা গুণী কুঞ্জকে ডেকে আনা হয়। কুঞ্জ যখন কাঁচা হলুদ পুড়িয়ে তার নাকের কাছে ধরেন, তখন দামিনীর কণ্ঠে শোনা যায় শুভ্রার স্বীকারোক্তি— “আমি শুভ্রা.. আমায় মেরো না… বলাই খুড়ো আমায় খুন করেছে।”
কিন্তু সমস্যা হলো—বলাই তো শুভ্রার খুনের তিন দিন আগেই মারা গেছে! ফলে রহস্য আরও গভীর হয়। দামিনীর মুখ দিয়ে শুভ্রার আত্মা বলাই চক্রবর্তীর নাম করলে গ্রামে গুজব ছড়িয়ে পড়ে। বুড়ো ঘোষাল ব্যাখ্যা করে—শুধু জ্যান্ত মানুষ গলা টিপে মারে না, অশরীরীরাও মাঝে মাঝে ক্ষতি করতে পারে। তবে কুঞ্জ গুণীর মতে, মরার পর এক বছরের মধ্যে সরাসরি মানুষ খুন করা সম্ভব নয়; তাই বলাই কারো শরীরে ভর করেই শুভ্রাকে খুন করেছে।
এইসব কথাবার্তা দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ে।ধীরেনও গুজবগুলো শোনে, কিন্তু নিজের বোনের কেলেঙ্কারির কথা বারবার শুনে সে মানসিকভাবে ভেঙে পড়ে। অগ্রহায়ণের রোদেলা দিনে, ঘাটে শুভ্রার ওঠা–নামার জন্য বানানো ধাপ, ডোবার ধারে কচুরিপানা আর চারদিকের দৃশ্য দেখে ধীরেনের মনে নানা ভাবনা জাগে। ক্ষোভ ও দুঃখে তার মন ভারাক্রান্ত হয়ে যায়।
শান্তি (ধীরেনের স্ত্রী) একসময় নিজের ধারণা প্রকাশ করলে ধীরেন তাকে ধমক দেয়। চারপাশের মানুষ তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়, এমনকি স্কুলের হেডমাস্টারও তাকে এক মাসের ছুটি নিতে বলেন। এতে ধীরেন আরও ভেঙে পড়ে, নিজেকে একঘরে মনে হয়।
ধীরেন বাড়ি ফিরে আসে এবং সারাদিন মানসিক অস্থিরতায় কাটায়। সন্ধ্যা নামতেই ভয় আরও বাড়তে থাকে। শান্তি ছেলেমেয়েদের ঘরে আটকে রাখে, এমনকি ধীরেনকেও একা বাইরে যেতে মানা করে। তাদের ভয়ের পরিবেশ এত প্রবল হয় যে অল্পতেই শান্তি আঁতকে ওঠে—একবার পেঁচার ডাক শুনে সে ভয় পেয়ে ধীরেনকে আঁকড়ে ধরে বমি করে ফেলে।
এরপর ক্ষেন্তি পিসির কথামতো একটি নতুন বাঁশ কেটে, তার আগা–মাথা পুড়িয়ে আড়াআড়িভাবে ঘাটের পথে ফেলে রাখা হয়। বিশ্বাস ছিল, অশরীরী এই বাঁশ পার হতে পারবে না। ফলে শুভ্রা যদি ঘাট থেকে বাড়ির দিকে আসতেও চায়, সে বাঁশ পর্যন্ত এসে ঠেকবে।
শান্তি সন্ধ্যার আগে সমস্ত ঘরের কাজ সেরে নেয়, তাড়াহুড়ো করে প্রদীপ জ্বালে, শাঁখ বাজায়, এমনকি রান্না-বাসনের ধরনও বদলে ফেলে—যেমন মাছ রান্না বন্ধ করে দেয়, কারণ এটোকাঁটা নাকি অশরীরীকে টানে।
ঘরে বন্দী হয়ে ধীরেন অস্থিরভাবে চিন্তায় ডুবে থাকে। সন্তানদের কথাবার্তায়ও ভয়ের ছাপ দেখা যায়—তারা বলে, “ছোটপিসি ভূত হয়েছে।” ধীরেন বলে, “ভূত নয়, পেত্নী।”
এইভাবে ধীরেন ও তার পরিবারের দিনযাপন ভয়ে-আতঙ্কে কাটতে থাকে। সন্ধ্যা নামলেই ঘরে আতঙ্ক আরও ঘনীভূত হয়ে ওঠে। সন্ধ্যা থেকে ধীরেনের পরিবারের কারও ওই আগা–মাথা পুড়িয়ে আড়াআড়িভাবে ঘাটের পথে ফেলে রাখা বাঁশ ডিঙ্গিয়ে বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল।কিন্তু একদিন আকাশে তখনও শেষ আলো মিলিয়ে যায়নি, ধীরেন ভাবে—জীবিত ও মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় হলো সন্ধ্যা। ভরসন্ধ্যাতেই যেহেতু শুভ্রা দামিনীকে ভর করেছিল, তাই ধীরেন মনে করে তার সঙ্গে শুভ্রার কথা বলার সুযোগ দেওয়া/পাওয়া উচিত। এই ভেবেই সে বাঁশ ডিঙ্গিয়ে মাঠের দিকে এগিয়ে যায়। হঠাৎ শোনা যায় হিংস্র জন্তুর গর্জনের মতো আওয়াজ। শান্তি তখন বলে ওঠে— “বাঁশটা ডিঙ্গিয়ে চলে এসো! পড়ে গেছো নাকি?”, ধীরেন উত্তর দেয়— “ডিঙ্গোতে পারছি না। বাঁশ সরিয়ে দাও।” এরপর ধীরেন তীক্ষ্ণ গলায় আর্তনাদ শুরু করে। শান্তি সঙ্গে সঙ্গেই বুঝে যায় যে কোনো অশরীরী শক্তি তাকে ভর করেছে।
তখন চারদিক থেকে গ্রামের লোকজন জড়ো হয়। আসে গুণী কুঞ্জ। মন্ত্রপাঠ, আগুনে শিকড়-পাতা পোড়ানো আর ঘণ্টাখানেকের চেষ্টা শেষে তিনি ধীরেনকে শান্ত করতে সক্ষম হন। এরপর কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকে ধরে তুই কে? জিজ্ঞাসা করলে ধীরেনের মুখ দিয়ে বেরিয়ে আসে আসল সত্য— “আমি বলাই চক্রবর্তী! শুভ্রাকে আমি খুন করেছি।” অর্থাৎ, ওই সন্ধ্যা বেলাতে বলাই চক্রবর্তীর অশরীরী আত্মা বা ভূত ধীরেনের উপর ভর করে।
‘হলুদ পোড়া’ গল্পের মুখ্য চরিত্র আলোচনা
বলাই চক্রবর্তী→ এক মধ্যবয়স্ক/মাঝ-বয়সি যোয়ান মদ্দ পুরুষ, যার প্রথম খুন হয়। তার অশরীরী আত্মা পরে ধীরেনের উপর ভর করে এবং সে নিজেই স্বীকার করে—“আমি বলাই চক্রবর্তী! শুভ্রাকে আমি খুন করেছি।” কুঞ্জ গুণীর মতে, সরাসরি খুন করার ক্ষমতা মরার এক বছরের মধ্যে জন্মায় না; তাই বলাই অন্য কাউকে ভর করেই শুভ্রাকে খুন করেছে।
শুভ্রা → ষোল-সতের বছরের এক ভীরু স্বভাবের মেয়ে। শুভ্রার বিবাহ হয়ে গিয়েছিল এবং বছর দেরেক সে তার শ্বশুরবাড়িতেই ছিল। পরে সাত মাসের গর্ভবতীঅবস্থায় সে বাপের বাড়ি আসে, তার দাদা ধীরেন চাটুয্যেরকাছে। বলাই চক্রবর্তী খুনের তিনদিন পরেই শুভ্রা খুন হয়, এবং পরবর্তীতে এক সন্ধ্যায় নবীনের স্ত্রী দামিনীর ওপর শুভ্রার অশরীরী আত্মা ভর করে দামিনীর কণ্ঠে শোনা যায় শুভ্রার স্বীকারোক্তি— “আমি শুভ্রা.. আমায় মেরো না… বলাই খুড়ো আমায় খুন করেছে।” তার মৃত্যুর পরে গ্রামে নানা গুজব ছড়ায়, ধীরেনের ছেলেমেয়েরা তাকে “ভূত বা পেত্নী” বলে উল্লেখ করে।
নবীন চক্রবর্তী → বলাই চক্রবর্তীর ভাইপো। বলাই খুন হওয়ার পরে তার সমস্ত সম্পত্তি নবীনের দখলে যায়। সে সহরের চল্লিশ টাকার চাকরী ছেড়ে সপরিবারে গাঁয়ে/গ্রামে এসে বসবাস করতে থাকে।
দামিনী চক্রবর্তী → নবীনের স্ত্রী। এক ভর সন্ধ্যায় তার ওপর শুভ্রার অশরীরী আত্মা ভর করে। দামিনীর কণ্ঠে শোনা যায় শুভ্রার স্বীকারোক্তি— “আমি শুভ্রা.. আমায় মেরো না… বলাই খুড়ো আমায় খুন করেছে।”
ধীরেন চাটুয্যে → শুভ্রার দাদা। ধীরেন গ্রামে একমাত্র ডাক্তার পাশ-না-করা, ফিজিক্সে অনার্স নিয়ে বি. এসসি পাস করে সাত বছর গ্রামের/স্থানীয় স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছেন। শুভ্রার স্বীকারোক্তিতে সব দোষ এসে পড়ে ধীরেন চাটুয্যের ওপর, এবং তাকে ঘিরে গ্রামে নানা কটুক্তি শুরু হয়। ধীরে ধীরে ধীরেন গ্রামে অপমান ও ব্যঙ্গের পাত্র হয়ে এবং গ্রামে একঘরে হয়ে পড়ে। একদিন আকাশে তখনও শেষ আলো মিলিয়ে যায়নি, তিনি ভাবে—জীবিত ও মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় হলো সন্ধ্যা। ভরসন্ধ্যাতেই যেহেতু শুভ্রা দামিনীকে ভর করেছিল, তাই তিনি মনে করে তার সঙ্গে শুভ্রার কথা বলার সুযোগ দেওয়া/পাওয়া উচিত। সন্ধ্যাবেলায় বাঁশ ডিঙিয়ে বেরোনোর চেষ্টা করে এবং তখন তার উপর বলাই চক্রবর্তীর আত্মা ভর করে।
শান্তি → ধীরেনের স্ত্রী। সবসময় ভয়-আতঙ্কে দিন কাটায়। সন্ধ্যার পর একা বাইরে বেরোয় না, ছেলেমেয়েকেও ঘরে আটকে রাখে। ক্ষান্তি পিসির পরামর্শে নতুন বাঁশ কেটে আগা-মাথা পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখে—যাতে অশরীরী আত্মা ঘরে প্রবেশ করতে না পারে। শেষে ঘটনাস্থলে উপস্থিত থেকে বোঝে যে ধীরেনকে অশরীরী ভর করেছে।
কুঞ্জ → গ্রামের নামকরা গুণী। দামিনী ও পরে ধীরেনকে ভূতগ্রস্ত অবস্থা থেকে মুক্ত করার চেষ্টা করে। মন্ত্রপাঠ, শিকড়-পাতা পোড়ানো, আগুনে জল ছিটানো এবং শেষে কাঁচা হলুদ পুড়িয়ে নাকে ধরার মাধ্যমে সত্য বের করে আনে।
কৈলাস ডাক্তার → এক বিশালকায় মানুষ, জমকালো চেহারা, মোটা ভুরু ও খোঁচা খোঁচা গোঁফ দাড়ি, একমাথা কাঁচাপাকা চুল। ঘুমের ওষুধ বা চিকিৎসার প্রক্রিয়ায় পারদর্শী, কিন্তু রাগে সহজে উগ্র হয়ে ওঠে, গর্জন করতে ভালোবাসে এবং অন্যদের উপর আধিপত্য দেখায়।
ক্ষেন্তিপিসি→ গ্রামের এক বৃদ্ধা মহিলা, যিনি উপায় বাতলে দেন বাঁশ কেটে আগা-মাথা পুড়িয়ে ঘাটের পথে ফেলে রাখতে। বিশ্বাস ছিল, কোনো অশরীরী এই বাঁশ ডিঙোতে পারবে না।
বুড়ো ঘোষাল → গ্রাম্য মানুষ। তিনি ব্যাখ্যা দেন—মরা মানুষও মাঝে মাঝে মানুষের ক্ষতি করতে পারে, এতে অনেকের সন্দেহ কেটে যায়। তবে তার ব্যাখ্যা কুঞ্জ গুণীকে ঘুরিয়ে সমর্থন করতে হয়, নিজের মর্যাদা রক্ষার জন্য।
পুরোহিত (পুরুতঠাকুর) → গ্রামের পুরোহিত। তিনি ধীরেনকে দোষমোচনের জন্য ক্রিয়াকর্ম করার পরামর্শ দেন এবং মাদুলি ধারণ করার নির্দেশ দেন।
মথুরবাবু → স্কুলের সেক্রেটারি। তিনিই হেডমাস্টারকে বলেন ধীরেনকে এক মাসের ছুটি দিতে।
সম্পর্ক
বলাই চক্রবর্তী (কাকা) → নবীন চক্রবর্তী (ভাইপো)
দামিনী → নবীনের স্ত্রী, অর্থাৎ বলাইয়ের ভাইপোর বউ।
শুভ্রা (বোন) → ধীরেন চাটুয্যে (দাদা)
শান্তি → ধীরেনেরস্ত্রী, অর্থাৎ শুভ্রার ভ্রাতৃবধূ।

‘হলুদ পোড়া’ গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।
হলুদ পোড়া গল্পের ৫ নম্বরের প্রশ্ন উত্তর
Holud Pora 5 Marks Question Answer
HS 4th Semester Bangla
১. ছোট গল্প হিসেবে ‘হলুদ পোড়া’ গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা কর।
★★★ সংসদ নমুনা প্রশ্ন অথবা, ‘হলুদ পোড়া’ ছোট গল্পটির ‘নামকরণের সার্থকতা’ বিশ্লেষণ কর। ★
➤ উত্তর ➨ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ পোড়া’ গল্পটি লোককথা ও ভৌতিক আবহে মোড়া এক সার্থক ছোটগল্প। কার্তিক মাসে তিন দিনের ব্যবধানে বলাই চক্রবর্তী ও শুভ্রার খুন দিয়ে গল্প শুরু হয়, যা মুহূর্তেই পাঠককে রহস্যের মধ্যে টেনে নেয়। একুশ দিন পর দামিনীর ওপর শুভ্রার আত্মা ভর করলে গুণী কুঞ্জ কাঁচা হলুদ পুড়িয়ে নাকে ধরে, আর শোনা যায় “বলাই খুড়ো আমায় খুন করেছে।” অথচ বলাই আগেই মৃত! ফলে রহস্য আরও গভীর হয় এবং গুজবে ধীরেন অপমানিত হন। শেষে পোড়া বাঁশ ডিঙিয়ে যাওয়া ধীরেনের ওপর ভর হলে আবার হলুদ পোড়ায় তাঁর মুখে শোনা যায় “আমি বলাই চক্রবর্তী! শুভ্রাকে আমি খুন করেছি।”
গল্পের শুরু ও শেষ, দুই রহস্য উন্মোচনেই ‘হলুদ পোড়া’ কেন্দ্রীয় ভূমিকা নেয়, তাই নামকরণ সার্থক। একমুখী কাহিনি, তীব্র নাটকীয়তা, কুসংস্কার ও মনস্তত্ত্বের নিপুণ মিশ্রণ এবং চমকপ্রদ সমাপ্তি গল্পটিকে সার্থক ছোটগল্পে পরিণত করেছে।
২. ‘হলুদ পোড়া’ গল্পে “বাঁশ” প্রতীকের তাৎপর্য কী? লেখক কেন এটিকে অশরীরীর বাধা হিসেবে দেখিয়েছেন?
➤ উত্তর ➨ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ পোড়া’ গল্পে বাঁশ কেবল একটি বস্তু নয়, এটি জীবিত ও অশরীরীর মধ্যে সীমারেখার প্রতীক। শুভ্রার মৃত্যুর পর আতঙ্কিত শান্তি ক্ষেন্তি পিসির পরামর্শে নতুন বাঁশ কেটে তার আগা-মাথা পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখে। লোকবিশ্বাস অনুযায়ী, অশরীরী আত্মা এই পোড়া বাঁশ ডিঙোতে পারে না। তাই সন্ধ্যার পর পরিবারের কারও এটি পার হওয়া নিষেধ ছিল।
লেখক বাঁশকে অশরীরীর বাধা হিসেবে দেখিয়েছেন গ্রামীণ মানুষের নিরাপত্তা-চিন্তা ও ভয়ের রূপ তুলে ধরতে। চরম মুহূর্তে ধীরেন যখন বলেন “ডিঙ্গোতে পারছি না। বাঁশ সরিয়ে দাও।”, তখন বাঁশটিই প্রমাণ করে দেয় যে তাঁর ওপর অশরীরী ভর করেছে। এভাবে বাঁশ গল্পে কুসংস্কারের শক্তিকে প্রতিষ্ঠা করে এবং ভৌতিক আবহকে আরও ঘনীভূত করে।
৩. “জীবিত ও মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় হলো সন্ধ্যা।” — উক্তিটি গল্পে কী প্রেক্ষাপটে বলা হয়েছে? এর মাধ্যমে ধীরেনের মানসিক অবস্থার পরিচয় কীভাবে পাওয়া যায়?
➤ উত্তর ➨ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ পোড়া’ গল্পে দামিনীর ওপর ভর করে শুভ্রার আত্মা বলাইয়ের নাম নেওয়ার পর গ্রামে গুজব ছড়ায় এবং শুভ্রার দাদা ধীরেন অপমান ও ব্যঙ্গের পাত্র হয়ে ওঠেন। তাঁর মন ভরে ওঠে ক্ষোভ ও বিষাদে। এক সন্ধ্যায় তিনি ভাবেন, যেহেতু ভর সন্ধ্যাবেলাতেই শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল, তাই সন্ধ্যাই মৃতের সঙ্গে যোগাযোগের শ্রেষ্ঠ সময়। এই ভেবে তিনি শুভ্রাকে সুযোগ দিতে পোড়া বাঁশ ডিঙিয়ে এগিয়ে যান।
এই উক্তি ধীরেনের মানসিক পতনের পরিচয় দেয়। ফিজিক্সে অনার্স পাশ করা যে মানুষটি একসময় এসবকে “দুর্বুদ্ধি” বলতেন, তিনিই এখন মৃতের সঙ্গে যোগাযোগ চাইছেন। বোঝা যায়, শোক ও সামাজিক অপমান তাঁর যুক্তিবাদী মনকে ভেঙে দিয়েছে এবং তিনি অন্ধবিশ্বাসের কাছে আত্মসমর্পণ করেছেন।
৪. “আমি বলাই চক্রবর্তী! শুভ্রাকে আমি খুন করেছি।” — এই স্বীকারোক্তির মাধ্যমে গল্পে কী নাটকীয় পরিণতি ঘটে?
➤ উত্তর ➨ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ পোড়া’ গল্পে এই স্বীকারোক্তি আসে শিক্ষিত ধীরেনের মুখ দিয়ে, যখন গুণী কুঞ্জ কাঁচা হলুদ পুড়িয়ে তাঁর নাকে ধরে। এর মাধ্যমে গল্পে দুটি নাটকীয় পরিণতি ঘটে।
প্রথমত, রহস্যের সমাধান হয়। আগে দামিনীর মুখে শুভ্রার আত্মা বলেছিল, বলাই খুড়ো তাকে খুন করেছে। কিন্তু বলাই তিন দিন আগেই মৃত হওয়ায় ধোঁয়াশা তৈরি হয়েছিল। এবার বলাইয়ের আত্মা নিজেই খুনের কথা স্বীকার করায় সেই রহস্যের চূড়ান্ত উন্মোচন ঘটে।
দ্বিতীয়ত, এটি যুক্তিবাদের পরাজয় প্রতিষ্ঠা করে। যে ধীরেন কুঞ্জকে ডাকাকে “দুর্বুদ্ধি” বলেছিলেন, শেষে তাঁকেই সেই প্রক্রিয়ার শিকার হতে হয়। পোড়া বাঁশের কাছে আটকে যাওয়া আর তাঁর মুখে বলাইয়ের কণ্ঠ শোনা প্রমাণ করে, গ্রামীণ কুসংস্কারের কাছে শিক্ষিত মানুষের যুক্তিও হার মেনেছে।
৫. শুভ্রার মৃত্যুর পর গ্রামে যে ভয় ও রহস্যের আবহ তৈরি হয়, তা কীভাবে মানুষের মনোজগতের অন্ধ বিশ্বাসকে প্রকাশ করে?
➤ উত্তর ➨ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ পোড়া’ গল্পে শুভ্রা ছিল গেরস্ত ঘরের সাধারণ মেয়ে, তাই তার খুনে গ্রামের মানুষ বিস্মিত হয়। কিন্তু তারা বাস্তব কারণ না খুঁজে গুজব ও অলৌকিক ব্যাখ্যার আশ্রয় নেয়। দামিনীর মুখে মৃত বলাইয়ের নাম শোনা গেলে বুড়ো ঘোষাল ব্যাখ্যা দেয়, শুধু জ্যান্ত মানুষই কি মানুষকে মারে? এই যুক্তিহীন ব্যাখ্যাই গোটা গ্রাম মেনে নেয়।
এই অন্ধ বিশ্বাস সবচেয়ে স্পষ্ট শান্তির আচরণে। ছোটপিসি ‘পেত্নী’ হয়েছে শুনে সে আঁতকে ওঠে, ক্ষেন্তি পিসির কথায় পোড়া বাঁশ ফেলে রাখে, এমনকি এঁটোকাঁটা অশরীরীকে টানে ভেবে মাছ রান্নাও বন্ধ করে দেয়।
শেষ পর্যন্ত এই বিশ্বাস শিক্ষিত ধীরেনকেও গ্রাস করে। এভাবে লেখক দেখিয়েছেন, গ্রামীণ সমাজে যুক্তি বা বিজ্ঞান নয়, প্রজন্মের পর প্রজন্ম চলে আসা অন্ধ বিশ্বাসই মানুষের মনকে চালিত করে।

মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
৬. “বাঁশটা ডিঙিয়ে চলে এসো! পড়ে গেছো নাকি?” — এই সংলাপের মাধ্যমে গল্পে কোন গুরুত্বপূর্ণ মুহূর্তের সূচনা ঘটে? ব্যাখ্যা করো।
➤ উত্তর ➨ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ পোড়া’ গল্পে এই সংলাপটি গল্পের চরম মুহূর্তের সূচনা করে। অপমানিত ও একঘরে ধীরেন এক সন্ধ্যায় শুভ্রাকে সুযোগ দেওয়ার কথা ভেবে পোড়া বাঁশ ডিঙিয়ে ঘাটের দিকে যান। কিছুক্ষণ পর শোনা যায় হিংস্র জন্তুর গর্জনের মতো আওয়াজ। স্ত্রী শান্তি স্বামীকে স্বাভাবিক ভেবে বলে, “বাঁশটা ডিঙিয়ে চলে এসো! পড়ে গেছো নাকি?” কিন্তু ধীরেন বিকৃত গলায় উত্তর দেন, “ডিঙ্গোতে পারছি না। বাঁশ সরিয়ে দাও।”
এই উত্তরেই শান্তির আর সন্দেহ থাকে না যে ধীরেনকে অশরীরী ভর করেছে। এরপর গ্রামে হৈচৈ পড়ে যায়, কুঞ্জ গুণী আসে এবং হলুদ পোড়ার মাধ্যমে ধীরেনের মুখ দিয়ে বলাইয়ের খুনের স্বীকারোক্তি বেরিয়ে আসে। অর্থাৎ, এই সংলাপটি গল্পকে যুক্তির জগৎ থেকে অলৌকিক রহস্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়।
৭. গল্পে ধীরেন চাটুয্যের ওপর গ্রামবাসীর কটূক্তি ও অবিশ্বাস কিসের ইঙ্গিত দেয়?
➤ উত্তর ➨ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ পোড়া’ গল্পে ধীরেন ছিলেন গ্রামের শিক্ষিত ও যুক্তিবাদী মানুষ। দামিনীর অবস্থাকে তিনি অসুখ বলেছিলেন। কিন্তু দামিনীর মুখে শুভ্রার আত্মা বলাইয়ের নাম নেওয়ার পর গ্রামে শুভ্রাকে ঘিরে কলঙ্কের গুজব ছড়ায়, আর তার ভার এসে পড়ে ধীরেনের ওপর। গ্রামের মানুষ তাঁকে এমনভাবে দেখতে থাকে, যেন তিনি আর তাদের সমাজের কেউ নন। স্কুলের সেক্রেটারি মথুরবাবু তাঁকে একমাসের ছুটি নিতে বলেন। লজ্জায় তিনি চেনা মানুষ এড়াতে মাঠের পথ ধরে বাড়ি ফেরেন।
এই কটূক্তি ও অবিশ্বাস ইঙ্গিত দেয়, গ্রামীণ সমাজে যুক্তির ওপর কুসংস্কারের কর্তৃত্ব কতটা প্রবল এবং গুজবের ভিত্তিতে কীভাবে মানুষকে একঘরে করা হয়। ব্যক্তির শিক্ষা ও সততা সেখানে মূল্যহীন। এই সামাজিক চাপই শেষে ধীরেনকে যুক্তি ত্যাগ করে অন্ধবিশ্বাসের পথে ঠেলে দেয়।
৮. গল্পে গুণী কুঞ্জের ভূমিকা কী? সে কীভাবে গল্পের উত্তেজনা প্রশমিত করে?
➤ উত্তর ➨ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ পোড়া’ গল্পে গুণী কুঞ্জ গ্রামীণ লোকবিশ্বাস ও কুসংস্কারের মূর্ত প্রতীক। দামিনীর ওপর শুভ্রার আত্মা ভর করলে ধীরেনের আপত্তি সত্ত্বেও গ্রামের সবাই কুঞ্জকে ডেকে আনে। সে এসেই ঘোষণা করে, “ভর সাঁঝে ভর করেছেন সহজে ছাড়বেন না!”
এরপর মন্ত্রপাঠ, জল ছেটানো, শিকড়-পাতা পোড়ানো এবং শেষে কাঁচা হলুদ পুড়িয়ে নাকে ধরে সে শুভ্রার আত্মাকে কথা বলায়, বেরিয়ে আসে বলাইয়ের নাম। পরে ধীরেনকে ভর করলেও ঘণ্টাখানেকের চেষ্টায় তাঁকে শান্ত করে একই উপায়ে আসল স্বীকারোক্তি বের করে আনে।
কুঞ্জের এই কাজকর্ম গ্রামের মানুষের কাছে হয়ে ওঠে “পরম উপভোগ্য শিহরণ”। অশরীরীর রহস্যের একটা সমাধান দেখিয়ে সে সাময়িকভাবে গ্রামের ভয় ও অস্থিরতা প্রশমিত করে, যদিও তা বাস্তব সত্যের বদলে অলৌকিক ব্যাখ্যাকেই প্রতিষ্ঠা করে।
৯. “ভর সন্ধ্যাবেলাতেই দামিনীকে শুভ্রা আশ্রয় করেছিল।” — এই ঘটনাটি গল্পের মূল রহস্য উন্মোচনে কী ভূমিকা পালন করে?
➤ উত্তর ➨ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ পোড়া’ গল্পে শুভ্রা খুন হয়েছিল সন্ধ্যায়, যখন গাঁয়ের সাঁঝের বাতি সবে জ্বলেছে। আবার ভর সন্ধ্যাবেলাতেই তার আত্মা দামিনীকে আশ্রয় করে। এই ঘটনা রহস্য উন্মোচনে দুটি ভূমিকা পালন করে।
প্রথমত, কুঞ্জের হলুদ পোড়ায় দামিনীর মুখে শুভ্রার স্বীকারোক্তি আসে, “বলাই খুড়ো আমায় খুন করেছে।” এতে গ্রামবাসী নিশ্চিত হয় যে এটি অসুখ নয়, অশরীরীর কাজ। এখান থেকেই গল্পের মূল রহস্যের সূত্রপাত।
দ্বিতীয়ত, এই ঘটনাই ধীরেনের মনে গেঁথে যায়। তিনি ভাবেন, সন্ধ্যাই জীবিত ও মৃতের সংযোগের সেরা সময়, তাই শুভ্রাকে সুযোগ দিতে পোড়া বাঁশ ডিঙিয়ে যান। তখনই তাঁর ওপর বলাইয়ের আত্মা ভর করে এবং দ্বিতীয় হলুদ পোড়ায় প্রকাশ পায় চূড়ান্ত সত্য, “আমি বলাই চক্রবর্তী! শুভ্রাকে আমি খুন করেছি।”
১০. গল্পে অশরীরী আত্মার ভর করার ঘটনাগুলি কেবল অলৌকিক নয়, মানবমনের অজানা গভীরতাকেও প্রকাশ করে — ব্যাখ্যা করো।
➤ উত্তর ➨ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ পোড়া’ গল্পে ভর করার ঘটনাগুলি কেবল ভৌতিক নয়, এগুলি মানবমনের অবচেতনের প্রকাশও বটে।
দামিনীর মুখে শুভ্রার আত্মা যখন বলে “বলাই খুড়ো আমায় খুন করেছে”, তখন তা যেন গ্রামে ছড়িয়ে থাকা গোপন সন্দেহেরই বহিঃপ্রকাশ। হলুদ পোড়ার আবহ এক রকম সম্মোহনের মতো কাজ করে, যেখানে মনের চাপা কথা বেরিয়ে আসে।
তবে মনের গভীরতা সবচেয়ে বেশি প্রকাশ পায় ধীরেনের ক্ষেত্রে। শোক, অপমান আর ক্ষোভ ও বিষাদে জর্জরিত তাঁর মন ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। সেই চরম মানসিক অবস্থায় তাঁর গলায় শোনা যায় হিংস্র জন্তুর গর্জনের মতো আওয়াজ, আর মুখ দিয়ে বেরিয়ে আসে বলাইয়ের স্বীকারোক্তি। লেখক এভাবে দেখিয়েছেন, অলৌকিকতার আবরণে আসলে প্রকাশ পায় মানুষের মানসিক চাপ, অপরাধবোধ ও অবদমিত সত্য।

হলুদ পোড়া গল্প থেকে বড় প্রশ্ন উত্তর
Class 12 4th Semester Bangla
Long Questions Answers
১১. বলাই চক্রবর্তী ও শুভ্রার হত্যাকাণ্ডের মাধ্যমে লেখক সমাজের কোন নৈতিক সংকটকে তুলে ধরেছেন?
➤ উত্তর ➨ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ পোড়া’ গল্পে দুটি খুনের মাধ্যমে লেখক গ্রামীণ সমাজের নৈতিক সংকট, বিশেষত যুক্তির প্রতি অবিশ্বাস ও গুজবের কাছে আত্মসমর্পণকে তুলে ধরেছেন।
বলাই ছিল এমন মানুষ, যার অপমৃত্যু আশেপাশের গ্রামের লোকেরা প্রত্যাশা করেছিল; অর্থাৎ তার জীবনেই অনৈতিকতা ছিল। অন্যদিকে শুভ্রার খুন ছিল রহস্যময়। কিন্তু খুনের বাস্তব কারণ খোঁজার বদলে গ্রামবাসী কুঞ্জ গুণীর দ্বারস্থ হয়; ধীরেনের আপত্তি কেউ শোনে না।
মৃত বলাই কীভাবে খুন করল, এই প্রশ্নে বুড়ো ঘোষাল অশরীরীর ব্যাখ্যা দেয়। এভাবে সমাজ খুনের দায় মানুষের বদলে ভৌতিক শক্তির ওপর চাপিয়ে দায়মুক্ত হতে চায়। আবার সেই গুজবের জেরেই ধীরেন অপমানিত হন, স্কুল থেকে ছুটি নিতে বাধ্য হন। গল্পটি দেখায়, এই সমাজে সত্য ও ন্যায়বিচারের চেয়ে অন্ধ বিশ্বাস ও লোকলজ্জাই নৈতিকতা ঠিক করে।
১২. ‘হলুদ পোড়া’ গল্প অবলম্বনে ধীরেন চাটুয্যের চরিত্রের বিশ্লেষণ করো।
➤ উত্তর ➨ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ পোড়া’ গল্পে ধীরেন চাটুয্যে যুক্তিবাদ ও অন্ধবিশ্বাসের সংঘাতের প্রতীক। ফিজিক্সে অনার্স নিয়ে বি.এসসি পাশ ধীরেন গ্রামের স্কুলে পড়াতেন। শুরুতে তিনি ছিলেন বিজ্ঞানমনস্ক; দামিনীর অবস্থাকে অসুখ বলে কুঞ্জকে ডাকাকে “দুর্বুদ্ধি” বলেছিলেন। গ্রামের উন্নতির জন্য তিনি লাইব্রেরি ও তরুণ সমিতি গড়েছিলেন, যদিও সংসারের চাপে সেই উৎসাহ পরে কমে যায়।
বোন শুভ্রার মৃত্যু তাঁকে গভীর শোক ও অস্থিরতায় ফেলে। তার ওপর কলঙ্কের গুজবে তিনি সমাজে অপদস্থ হন, স্কুল থেকে ছুটি নিতে বাধ্য হন, নিজেকে তাঁর জীবন্ত ব্যঙ্গের মতো মনে হয়। ক্রমাগত অপমানে তাঁর যুক্তিবাদী মন ভেঙে পড়ে; তিনি বিশ্বাস করতে শুরু করেন, সন্ধ্যাই মৃতের সঙ্গে যোগাযোগের সময়। শেষে তাঁর মুখেই শোনা যায় বলাইয়ের স্বীকারোক্তি। ধীরেন তাই সামাজিক চাপের সামনে শিক্ষিত মানুষের অসহায়তার প্রতীক।
১৩. ‘হলুদ পোড়া’ গল্প অবলম্বনে ধীরেন চাটুয্যের স্ত্রী শান্তির চরিত্রটি বিশ্লেষণ করো। গ্রামীণ পরিবেশের ভয় ও কুসংস্কার তার চরিত্রে কীভাবে প্রতিফলিত হয়েছে?
➤ উত্তর ➨ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ পোড়া’ গল্পে ধীরেনের স্ত্রী শান্তি গ্রামীণ ভয় ও লোকবিশ্বাসের প্রতিভূ। সে এক সাধারণ গ্রাম্য গৃহবধূ, যার মন সম্পূর্ণ অন্ধবিশ্বাসে আচ্ছন্ন।
শুভ্রার খুনের পর শান্তি তীব্র আতঙ্কে দিন কাটায়। ছোটপিসি পেত্নী হয়েছে শুনে সে আঁতকে ওঠে, এমনকি পেঁচার ডাক শুনে ভয়ে ধীরেনকে আঁকড়ে ধরে বমি করে ফেলে। ভয়ের মধ্যেও সে সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তাই সন্ধ্যার পর ছেলেমেয়েদের ঘরে আটকে রাখে।
তার কুসংস্কার ফুটে ওঠে নানা আচরণে। ক্ষেন্তি পিসির কথায় সে পোড়া বাঁশ ঘাটের পথে ফেলে রাখে, আর এঁটোকাঁটা অশরীরীকে টানে ভেবে মাছ রান্না বন্ধ করে দেয়। শিক্ষিত স্বামীর যুক্তির বদলে সে লোকাচারকেই বেশি মানে। শেষে ধীরেনের মুখে “বাঁশ সরিয়ে দাও” শুনে সে নিশ্চিত হয় যে তাঁকে অশরীরী ভর করেছে, যা তার বিশ্বাসকে আরও দৃঢ় করে।
১৪. ‘হলুদ পোড়া’ গল্প অনুসারে বলাই চক্রবর্তী ও ধীরেনের বোন শুভ্রা কীভাবে খুন হয়েছিল — তা নিজের ভাষায় বর্ণনা কর।
➤ উত্তর ➨ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ পোড়া’ গল্পে কার্তিক মাসে তিন দিনের ব্যবধানে দুটি খুন হয়, অথচ বিশ-ত্রিশ বছরে গ্রামে কেউ গুরুতর জখমও হয়নি।
প্রথমে খুন হয় বলাই চক্রবর্তী, এক মাঝবয়সি জোয়ান মদ্দ পুরুষ। গাঁয়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটি মরা গজারি গাছের নিচে তার দেহ পাওয়া যায়, মাথা ফাটা অবস্থায়। ধারণা করা হয়, লাঠির আঘাতে তাকে মারা হয়েছে। তার চরিত্রের জন্য এমন অপমৃত্যু গ্রামের লোকেরা প্রত্যাশাই করেছিল।
তিন দিন পর খুন হয় ধীরেনের বোন শুভ্রা, ষোল-সতের বছরের এক রোগা, ভীরু মেয়ে, যে সাত মাসের গর্ভবতী অবস্থায় বাপের বাড়ি এসেছিল। সাঁঝের বাতি সবে জ্বলার সময় বাড়ির পিছনে ডোবার ঘাটে তাকে গলা টিপে মেরে রাখা হয়। কে বা কেন তাকে মারল, কেউ বুঝতে পারেনি। পরে দামিনীর ওপর ভর করে শুভ্রার আত্মা জানায়, তাকে বলাই খুড়ো খুন করেছে।
১৫. ‘হলুদ পোড়া’ গল্প অবলম্বনে গুণী কুঞ্জ মাঝির চরিত্রটি বিশ্লেষণ করো।
➤ উত্তর ➨ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ পোড়া’ গল্পে গুণী কুঞ্জ মাঝি গ্রামীণ লোকবিশ্বাস ও কুসংস্কারের মূর্ত প্রতীক। সে গ্রামের ঝাড়ফুঁককারী গুণী, অলৌকিক বিপদে মানুষ যার ওপর ভরসা করে। তাই দামিনীর ওপর ভর হলে শিক্ষিত ধীরেনের কথা অগ্রাহ্য করে সবাই বলে, “কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও।”
এসেই সে ঘোষণা করে, “ভর সাঁঝে ভর করেছেন সহজে ছাড়বেন না!”, যা মানুষের মনে ভয় আরও গেঁথে দেয়। মন্ত্রপাঠ, জল ছেটানো আর কাঁচা হলুদ পোড়ানো তার প্রধান পদ্ধতি। এর মাধ্যমেই সে প্রথমে দামিনীর মুখে বলাইয়ের নাম বের করে, পরে ধীরেনের মুখ দিয়ে চূড়ান্ত স্বীকারোক্তি আদায় করে।
তার ঝাড়ফুঁক গ্রামবাসীর কাছে “পরম উপভোগ্য শিহরণ” হয়ে ওঠে। ধীরেনের আপত্তি সত্ত্বেও সবাই তার সমাধানই মেনে নেয়। কুঞ্জ চরিত্রটি প্রমাণ করে, গ্রামীণ সমাজে যুক্তির চেয়ে অন্ধবিশ্বাসের শক্তিই বেশি।

WBCHSE HS Semster 4 Bengali Model Question উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা মডেল প্রশ্নগুলি
-
ছোটোগল্প হিসেবে ‘হলুদ পোড়া’ গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা কর। (৫)
-
‘হলুদ পোড়া’ গল্প অবলম্বনে নবীন চক্রবর্তী সম্পর্কে কী জানতে পারো লেখো। (৫)
-
‘গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল।’ —কোন্ ঘটনার প্রেক্ষিতে গাঁ শুদ্ধ লোক অপ্রস্তুত হয়ে রইলো? (৫)
-
‘ছি, ওসব দুর্বুদ্ধি কোরো না নবীন।’ —কে নবীনকে কোন্ দুর্বুদ্ধি থেকে বিরত করতে চেয়েছেন? এই উপদেশ থেকে বক্তার মানসিকতার কী পরিচয় পাওয়া যায়? (২+৩)
-
‘দাওয়াটি যেন স্টেজ’ —কোন্ দাওয়ার কথা বলা হয়েছে? সেখানে যে ‘ম্যাজিক’ আমদানি করা হয়েছিলো তা নিজের ভাষায় লেখো। (৫)
-
‘কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করেছিল।’ —কেন এই আয়োজন? প্রক্রিয়াটি কার্যকর করা সম্ভব হলো না কেন? (২+৩)
-
‘দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাঠে ঝুলোচ্ছি’ —কে, কাকে একথা বলেছিলেন? এই হুমকির দৃশ্যপট আলোচনা করো। (২+৩)
-
‘মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে।’ —বক্তার এমন মনোভাবের কারণ নিজের ভাষায় লেখো। (৫)
-
‘হলুদ পোড়া’ গল্প অবলম্বনে শান্তি চরিত্রটি বিশ্লেষণ করো। (৫)
অথবা, অশরীরী আত্মার উপদ্রব থেকে পরিবারকে সুরক্ষা দিতে শান্তি কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলো? (৫)
-
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘হলুদ পোড়া’ গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। (৫)
-
‘দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে।…. একটুখানি বাস্তব সত্যের খাদ্যের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায়।’ —এই মন্তব্যটিতে সমাজ মানসিকতার যে পরিচয় ফুটে উঠেছে তা ‘হলুদপোড়া’ গল্প অবলম্বনে বিশ্লেষণ করো। (৫)
-
‘হলুদ পোড়া’ গল্প অবলম্বনে ধীরেন চরিত্রটি বিশ্লেষণ করো। (৫)
-
‘বাঁশ পাততে হবে না।’ —কে, কাকে বাঁশ পাততে নিষেধ করেছে? বাঁশ পাততে নিষেধ করার পিছনে বক্তার উদ্দেশ্য কী ছিল? (১+৪)
-
‘আমি বলাই চক্রবর্তী। শুভ্রাকে আমি খুন করেছি।’ —বক্তব্যের পিছনে গ্রামীণ কুসংস্কারের আবর্তে ধীরেনের চরিত্রের বিবর্তন আলোচনা করো। (৫)
অথবা, গ্রাম্য অন্ধসংস্কারগ্রস্ত সমাজব্যবস্থার মনস্তাত্ত্বিক বিকার মানুষকে কীভাবে গ্রাস করে তা ‘হলুদ পোড়া’ গল্প অবলম্বনে আলোচনা করো। (৫)
SOURCE-EDT
©Kamaleshforeducation.in (2023)

