ভেঙে দেওয়া হলো সমস্ত স্পন্সরড স্কুলের ম্যানেজিং কমিটিগুলিকে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার মনোনীত সমস্ত প্রেসিডেন্ট ও PIE দের প্রত্যাহার করে নিল রাজ্যের সমস্ত স্পন্সরড স্কুলের ম্যানেজিং কমিটি থেকে। অর্থাৎ স্কুলগুলিতে আজ থেকে ম্যানেজিং কমিটির অস্তিত্ব থাকছে না। এমসির জায়গায় স্কুলগুলিতে DDO নিয়োগ করার নির্দেশ দেওয়া হলো স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে জারি করা আজকের অর্ডারে, যার মেমো নং – 582-SE /S তারিখ – 14/05/2026। দুইদিন আগেই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটি অর্ডার হয়েছিল যেটাতে Home and Hill Affairs ডিপার্টমেন্টের একটি অর্ডার ফরোয়ার্ড করে নমিনেশন Cancellation এর কথা বলেছিল। অনেকেই অর্ডারটা দেখে কনফিউশন এর মধ্যে পড়েছিলেন। কেউ বলছিলেন ওটাই এমসি dissolve করার অর্ডার। কেউ বলছিলেন এটা আমাদের স্কুলগুলির ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি বলেছিলাম এই অর্ডারের দ্বারাই এমসি শেষ হয়ে গেল না। তবে এমসির নমিনেশন ক্যান্সেল হবে। এমসিও থাকবে না। কিন্তু এই অর্ডারের দ্বারাই সেটা হবে না। এরপর এই ব্যাপারে আরো Specific Order আসবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। আজকে সেটাই হলো। স্পষ্ট অর্ডার এল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে।

আসুন দেখি এই অর্ডারের পরে ঠিক কী কী ঘটতে চলেছে।  

——————————————————————

১) প্রশ্ন – আজকের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অর্ডারে ঠিক কী বলা হয়েছে ?

উত্তর – আজকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যে অর্ডার (মেমো নং – 582-SE/S, তারিখ – 14/05/2026) মূলত দুটি কথা বলেছে —

i) স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট Management of Sponsored Institutions Rules, 1972 এর প্রভিশন অনুযায়ী তাদের মনোনীত প্রেসিডেন্ট ও দুইজন PIE কে (যদিও PIE দের মনোনীত করে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অনুমোদন সাপেক্ষে) রাজ্যের স্পন্সরড স্কুলগুলোর ম্যানেজিং কমিটি থেকে প্রত্যাহার করে নিচ্ছে। সোজা কথায় এক্সিস্টিং এমসি গুলি ভেঙে দিয়ে স্কুলগুলোকে আজ থেকেই এমসি হীন করে দেওয়া হলো। আজকের পরে ঐ এমসি গুলি দ্বারা কোনো মিটিং বা কোনো সিদ্ধান্ত গৃহীত হতে পারবে না।

ii) তাহলে এমসি তো ভেঙে গেল। এখন স্কুল চলবে কী করে ?

উত্তর – সেই জন্যই তো এই অর্ডারেই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আর একটা নির্দেশ জারি করে জানিয়ে দিল যে জেলার ডি আই রা সব স্পন্সরড স্কুলে DDO নিয়োগ করবেন যত তাড়াতাড়ি সম্ভব।

২) প্রশ্ন – এইভাবে DDO তো নিয়োগ হলো। এই DDO এর আন্ডারে স্কুলগুলো কতদিন চলবে ?

উত্তর – ততদিন পর্যন্ত চলবে যতদিন চলার অর্ডার থাকবে DDO নিয়োগের অর্ডারে। অনেক আগেই এমসি ভ্যালিডিটি, DDO, অ্যাডমিনিস্ট্রেটর ইত্যাদি নিয়ে আমি পোস্ট করেছিলাম। সেখানে বলেছিলাম যে এমসির অনুপস্থিতিতে এডুকেশন ডিপার্টমেন্ট এর নির্দেশে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন স্কুলে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করতে পারেন। অ্যাডমিনিস্ট্রেটর কোনো সরকারি অফিসার হয়ে থাকেন। অ্যাডমিনিস্ট্রেটর এর ক্ষমতা এমসির সমতুল। অর্থাৎ এমসি যা করতে পারে অ্যাডমিনিস্ট্রেটর সেইগুলি সবই করতে পারেন। কিন্তু অনেক সময়ই ডিরেক্টরেট থেকে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হতে দেরি হয়। অথচ এমসি নেই। এই অবস্থায় স্কুলে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়। বিশেষ করে স্কুলের দৈনন্দিন খরচ চালানোর ক্ষেত্রে। এইরকম পরিস্থিতিতে এমসি গঠন হওয়া বা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হওয়ার আগে পর্যন্ত আপৎকালীন পরিস্থিতিতে স্কুল চালানোর জন্য ডি আই কর্তৃক DDO নিয়োগ করা হয়। এই ব্যাপারে পোস্ট করেছিলাম আগে। সেখান থেকেই পরবর্তী প্রশ্ন ও উত্তরগুলি তুলে দিলাম সবার জ্ঞাতার্থে।

৩) প্রশ্ন — অ্যাডমিনিস্ট্রেটর কে নিয়োগ করেন ? অ্যাডমিনিস্ট্রেটর ঠিক কী কী কাজ করতে পারে ?

উত্তর — অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে স্কুল শিক্ষা দফতর অথবা তাদের নির্দেশে কমিশনার অব স্কুল এডুকেশন। এডুকেশন ডিপার্টমেন্ট এর গেজেট নোটিফিকেশান মেমো নং -215 SE, তারিখ — 08/ 03/2018 অনুযায়ী একটা ভ্যালিড এমসি যা যা করতে পারে একজন অ্যাডমিনিস্ট্রেটরও ঠিক তাই তাই করতে পারেন। এমসির মতোই অ্যাডমিনিস্ট্রেটরও একটি রেজোলিউশন খাতা মেনটেন করেন। সেখানে রেজোলিউশন লিখে সিদ্ধান্ত কার্যকর করেন তিনি। তিনি এবং HOI যুগ্মভাবে ব্যাংক একাউন্ট মেনটেন করেন। সোজা কথায় অ্যাডমিনিস্ট্রেটর হলেন ONE MAN MC।

৪) প্রশ্ন – অ্যাডমিনিস্ট্রেটর এর মেয়াদ তাহলে কত দিন ?

উত্তর – 2014 সালে স্পন্সরড ইনস্টিটিউশন এর পরিচালনা সংক্রান্ত একটি অর্ডারে শিক্ষা দফতরের উদ্ধৃতি দিয়ে WBBSE তার সার্কুলারে ( মেমো নং – 161/ ADMIN/ 14 তারিখ — 26/09/2014 ) তে বলেছিল যে নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটর বহাল থাকবেন। তবে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের যে অর্ডার আসে তাতেই সাধারনত লেখা থাকে সেই অ্যাডমিনিস্ট্রেটর কতদিন ভ্যালিড থাকবেন। সাম্প্রতিক পূর্বের কয়েকটি অর্ডারে দেখা গেছে সেটা দিয়েছে “Until Further Order “। অর্থাৎ নতুন নির্দেশ না আসা পর্যন্ত অথবা নতুন এমসি গঠিত না হওয়া পর্যন্ত সেই অ্যাডমিনিস্ট্রেটর বহাল থাকবেন।

৫) প্রশ্ন — তাহলে DDO কখন নিয়োগ হয় ? কে নিয়োগ করেন ? তার মেয়াদ কত দিন ? তার ক্ষমতা কতটুকু ?

উত্তর — ম্যানেজিং কমিটি না থাকলে তার জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর কাজ চালাতে পারেন। এখন অনেক সময় এমন হয় যে একটি MC এর মেয়াদ শেষ আর নতুন এমসি গঠন বা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্টমেন্ট এই প্রসেসটার মাঝে অনেকটা সময় লেগে যায়। সেই সময়ে স্কুলে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়। তার ফলে স্কুলে স্টাফের বেতন ও স্কুল চালনার প্রয়োজনীয় খরচ চালনার জন্য ব্যাংক অপারেট করা মুসকিল হয়ে পড়ে। এতে স্কুল ভয়ঙ্কর সমস্যায় পড়ে। এই সমস্যার কথা মাথায় রেখে ঐ অন্তর্বর্তী সময়টার জন্য স্কুলে DDO নিয়োগ করা হয়। DDO নিয়োগ দেন ডি আই। তাই খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু DDO এর ক্ষমতা সীমিত। MC বা অ্যাডমিনিস্ট্রেটর এর সমস্ত ক্ষমতা প্রয়োগ করার অধিকার তার নেই। কমিশনার অফ স্কুল এডুকেশন তাঁর মেমো নং — 1623 – GA, তারিখ – 20/07/2012 তে জানিয়ে দিয়েছেন একজন DDO যে কাজগুলি করতে পারেন সেগুলি হলো —

ক ) স্কুলের রেগুলার স্টাফ ও প্যারা টিচারদের স্যালারি disburse করা (এটি বর্তমানে স্কুলের হাতে নেই। তাই এই কাজটি করার দরকার পড়ে না)। তবে রেগুলার টিচার ও নন টিচিং স্টাফের স্যালারি রিকুইজিশন করতে হয় স্কুলকেই।

খ) SSA গ্রান্ট, ক্যাপিটাল গ্রান্ট, লাইব্রেরি বা ল্যাবরেটরি গ্রান্ট ইত্যাদি দৈনন্দিন খরচ চালানোর ফান্ডগুলি থেকে খরচ করতে পারেন ।

গ) তিনি ও HOI যুগ্মভাবে ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করবেন। কিন্তু অন্য কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা DDO এর নেই। অর্থাৎ অ্যাপ্রুভাল, কনফারমেশন, ১৮ বছরের বেনিফিট, জয়েনিং, রিলিজ, পে ফিক্সেশন ইত্যাদি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা DDO এর নেই।

তাই DDO থাকলে স্কুল কর্তৃপক্ষের কাজ হবে দ্রুত যাতে স্কুলে নতুন ম্যানেজিং কমিটি গঠিত হয় সেই ব্যাপারে অথবা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হয় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া।

৬) প্রশ্ন — অ্যাডমিনিস্ট্রেটর বা DDO হিসাবে কারা নিয়োগ পান ?

উত্তর — সাধারনত সার্কেলের SI কে এই দায়িত্ব দেওয়া হয়। তবে কখনও কখনও কোনও AI বা অন্য কোনো সরকারি অফিসারও এই দায়িত্ব পেতে পারেন।

৭) প্রশ্ন – আজকের অর্ডারের পরিপ্রেক্ষিতে স্কুলে স্কুলে কী ঘটতে পারে ?

উত্তর – আজকের ঘটনার পরে যেগুলি ঘটতে পারে সেগুলি হলো–

i) ডি আই অফিস থেকে আজকের অর্ডারটা ফরোয়ার্ড করে স্কুলের HOI এর থেকে জানতে চাওয়া হবে স্কুলের ম্যানেজমেন্ট এর বর্তমান স্ট্যাটাস কী ? অর্থাৎ স্কুলের এমসি আছে কি না, থাকলে নোমিনেটেড প্রেসিডেন্ট ও PIE দের নাম কী ? অ্যাডমিনিস্ট্রেটর বা DDO আছে কি না, থাকলে তাদের মেয়াদ কতদিন ইত্যাদি।

 

ii) এরপর HOI আবেদন করবেন ডি আই এর কাছে DDO নিয়োগ করার জন্য। এই আবেদন করার দরকার নাও হতে পারে। হয়ত ডি আই সরাসরি DDO দিয়ে দেবেন।

 

iii) DI এর জারি করা DDO সংক্রান্ত অর্ডারে সম্ভবত লেখা থাকবে নতুন এমসি গঠন/ অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ না হওয়া পর্যন্ত DDO এর টার্ম ভ্যালিড থাকবে।

 

iv) HOI কে নির্দেশ দেওয়া হবে নতুন এমসি গঠনের ব্যাপারে উদ্যোগী হতে। তবে তার আগে এমসি গঠনের পদ্ধতি সম্পর্কে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অর্ডার জারি করবে। খুব সম্ভবত কেন্দ্রীয় নির্দেশের ধাঁচে এমসি গঠন করা হবে। সেই এমসিতে বেশীরভাগটা হবে অভিভাবক প্রতিনিধি যাঁদের নির্বাচনের মাধ্যমে সিলেক্ট করা হবে। এই নির্বাচনের অভিজ্ঞতা আমাদের আছে যখন আমাদের Aided স্কুলের এমসি গঠিত হতো।

 

v) তবে উপরে যে কথাগুলি বললাম সেগুলির ভিত্তি হলো পূর্বতন বিভিন্ন অর্ডার ও কিছু অনুমান। এই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে পরবর্তী Govt Order গুলি থেকে।  

 
SOURCE-SMR 

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top