স্কুলে কর্মরত কর্মীদের চাকরি সংক্রান্ত রেকর্ডে নাম ও পদবী পরিবর্তনের নিয়ম।

(Change of Name and Surname)  

——————————————————

১) প্রশ্ন – কোন অর্ডারের বলে স্কুলের সমস্ত রেকর্ডে স্কুলের টিচিং ও নন টিচিং স্টাফদের নাম ও পদবী পরিবর্তন করা যায় ?

উত্তর – এই ব্যাপারে এডুকেশন ডিপার্টমেন্টের সেপারেট অর্ডার নেই। তবে সরকারি কর্মচারীদের জন্য ফিন্যান্স ডিপার্টমেন্টের যে অর্ডার আছে সেটা ধরেই Aided/ Sponsored স্কুলের স্টাফদের নাম ও পদবী পরিবর্তন করা যায়। এই ব্যাপারে ফিন্যান্স ডিপার্টমেন্টের অর্ডার ছিল মেমো নং – 1114-F, তারিখ -04/04/1966 দ্বারা। পরে ফিন্যান্স ডিপার্টমেন্ট আবার একটা অর্ডার বের করে জানিয়ে দেয় যে নাম বা পদবী পরিবর্তনের এই অর্ডার জারি করবেন সংশ্লিষ্ট কর্মীর অ্যাপয়েন্টিং অথরিটি। এই অর্ডারের মেমো নং – 10493-F , তারিখ – 04/11/1994। পরে আবার এই ফিন্যান্স ডিপার্টমেন্টের 1114-F, তারিখ -04/04/1966 মেমোর অর্ডারটিকে সাপ্রেস করে আর একটি অর্ডার প্রকাশ করে ফিন্যান্স ডিপার্টমেন্ট যার মেমো নং ছিল -3990-F, তারিখ – 04/05/2005। এটাই এই সংক্রান্ত লেটেস্ট অর্ডার। মূলত এটা ধরেই এই ব্যাপারটার সমাধা করা হয়।

২) প্রশ্ন – এই অর্ডার অনুযায়ী বিয়ে ছাড়া অন্য যে কোনো পুরুষ বা মহিলা কর্মচারীদের নামের বা পদবীর পরিবর্তন আনার জন্য কী পদ্ধতি অবলম্বন করতে হবে ?

উত্তর – বিয়ে ছাড়া অন্য যে কোনো কারনে নাম বা পদবীতে কোনো পরিবর্তন করতে হলে নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে–

i) আবেদনকারী টিচিং বা নন টিচিং স্টাফ সাদা কাগজে বিদ্যালয় প্রধানের কাছে আবেদন করবেন। আবেদনপত্রে পরিষ্কার করে লিখবেন স্কুলের নথিতে তিনি নামের পরিবর্তন করতে চান। আগে কী ছিল ও পরিবর্তনের পরে কী হবে সেটাও জানিয়ে দেবেন। আবেদনপত্রের সঙ্গে দেবেন ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নিকটে সম্পাদন করা একটা এফিডেভিট। সেই এফিডেভিটের বয়ানটা এই পোস্টের সঙ্গে দিলাম। এছাড়া দেবেন উক্ত এফিডেভিটের দ্বারা যে চেঞ্জের কথা আবেদনকারী বলেছেন সেই ব্যাপারে একটি দৈনিক সংবাদপত্রে দেওয়া বিজ্ঞাপনের পেপার কাটিং।

ii) এই আবেদনপত্র পাওয়ার পর HOI একটা এমসি মিটিং ডাকবেন। সেই মিটিংয়ে এই পরিবর্তনের ক্ষেত্রে এমসির অনাপত্তির ব্যাপারে রেজোলিউশন করা হবে। সেই রেজোলিউশনে HOI কে নির্দেশ দেওয়া হবে এই আবেদন ডি আই এর মাধ্যমে বোর্ডে (WBBSE) প্রেরণের জন্য। মনে রাখবেন বোর্ড বর্তমানে এ্যাপয়েন্টিং অথরিটি। তাই এই নাম বা পদবী পরিবর্তনের জন্য অর্ডার জারি করবে বোর্ড।

iii) HOI এরপর একটা ফরওয়ার্ডিং লেটারে অ্যাড্রেস করে লিখবেন এইভাবে –

To

The Secretary

WBBSE

Nivedita Bhavan

Karunamoyee

Saltlake City

Kolkata- 700091

Through the DI of Schools (SE) ——– ( District )

Subject — Prayer for issuance of order giving permission to change the Name/ Surname of —–, an AT/Clerk / Group D Staff of the School ।

এরপর ফরওয়ার্ডিং লেটারের বডিতে পরিষ্কার করে কর্মচারীর নাম পরিবর্তনের ব্যাপারটা উল্লেখ করবেন HOI। উক্ত কর্মীর এখন কী নাম আছেএবং পরিবর্তিত হয়ে কী হবে সেটা লিখবেন। এই চিঠির সঙ্গে অ্যাটাচ করবেন উক্ত আবেদনকারীর “Received and accepted” আবেদনপত্র , তাঁর এসএসসি রেকমেন্ডেশন এর কপি, WBBSE/ MC দ্বারা জারি করা অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি, ডি আই অ্যাপ্রুভাল, WBBSE/ MC দ্বারা জারি করা কনফারমেশন অর্ডার (যদি থাকে), জয়েনিং রিপোর্ট, MC Validity Certificate, No Litigation Certificate, সার্ভিসবুকের কপি, শেষ মাসের পে স্লিপ, আগে উল্লেখিত এফিডেভিট, দৈনিক সংবাদপত্রে দেওয়া বিজ্ঞাপনের পেপার কাটিং, এমসি রেজোলিউশন এর কপি ইত্যাদি। এটার তিনটে সেট বানাবেন। HOI দুটি সেট ফাইলে ভরে ডি আই অফিসে জমা দিয়ে তৃতীয় সেটে Received করিয়ে নিয়ে এসে স্কুলে রেখে দেবেন।

iv) ডি আই সেই আবেদন বোর্ডে পাঠিয়ে দেবেন।

v) বোর্ড এই ব্যাপারে প্রয়োজনীয় অনুমোদন বা পারমিশন দেবে।

vi) বোর্ডের অর্ডার পাওয়ার পর HOI উক্ত কর্মীর সার্ভিসবুকে যেখানে নাম লেখা আছে তার পাশে “Changed Name” হেডিং দিয়ে তার নীচে পরিবর্তিত নামটি লিখে দেবেন বোর্ডের অর্ডারের মেমো নং উল্লেখ করে। মনে রাখবেন আগের নামটা সাদা রঙ দিয়ে চাপা দেবেন না বা কেটে দেবেন না। সেটা যেমন আছে থাকুক। পাশে শুধু Changed Name টা লিখে দিন।

vi) এই নাম চেঞ্জের অর্ডারটা দিয়ে ডি আই ও বোর্ডের কাছে একটা ইন্টিমেশন দিয়ে দিন। এই ব্যাপারে ডি আই এর অনুমোদন প্রার্থনা করুন। উৎসশ্রী পোর্টালে ও IOSMS পোর্টালে যাতে চেঞ্জটা রিফ্লেক্ট করে সেটার আবেদনও জানান ডি আই কে। ডি আই প্রয়োজনে সেই আবেদন higher authority এর কাছে পাঠিয়ে দেবেন। তারপর Higher Authority এর অর্ডার পেলে সেই অনুযায়ী কাজ করুন। অর্ডার না পেলে অন্য সব নথি যেমন আছে থাকুক।

vii) এরপর থেকে যত কাজ হবে সব জায়গায় পরিবর্তিত নামটা ব্যবহার করুন। আবেদনের সঙ্গে সর্বদা নাম চেঞ্জের অর্ডার ও এফিডেভিটের কপি দিয়ে দেবেন।

৩) প্রশ্ন – বিয়ের পর মহিলাদের পদবী পরিবর্তন করে অনেকে স্বামীর পদবী গ্রহণ করেন। এক্ষেত্রে পদবী পরিবর্তনের পদ্ধতিটা ঠিক কীরকম হবে ?

উত্তর – এই ক্ষেত্রে পদ্ধতিটা অনেকটাই সরল। এক্ষেত্রে ঠিক এই ভাবে কাজগুলি পরপর করুন —

i) আবেদনকারী মহিলা কর্মী তাঁর বিয়ের পরে সাদা কাগজে HOI এর কাছে আবেদন করুন যে তিনি নিজের বিয়ের আগের পদবীর পরিবর্তন করে স্বামীর পদবী গ্রহণ করতে চান। পরিষ্কার করে লিখুন পুরো নামটা আগে কী ছিল আর এখন কী হবে। আবেদনপত্রের সঙ্গে দিন আপনার বিয়ের ম্যারেজ রেজিষ্ট্রি সার্টিফিকেট আর স্বামীর একটা পরিচয়পত্র।

ii) এরপর একটা MC Resolution করে এই পদবী চেঞ্জের ব্যাপারে এমসির কোনো আপত্তি নেই এই মর্মে একটা রেজোলিউশন করবে এমসি। সেখানেই HOI কে নির্দেশ দেবে এই ব্যাপারে Appointing Authority হিসাবে বোর্ডের কাছে এই ব্যাপারে প্রয়োজনীয় আবেদন করার জন্য।

iii) এরপর দুই নম্বর প্রশ্নের উত্তরে (iii) বিভাগে যে ভাবে বলা হয়েছে সেই ভাবে ডি আই এর মাধ্যমে বোর্ডের কাছে আবেদন করবেন এই চেঞ্জ করার পারমিসন চেয়ে আবেদন করবেন HOI। মনে রাখবেন এই ক্ষেত্রে কিন্তু এফিডেভিট বা দৈনিক সংবাদপত্রে বিজ্ঞাপনের কপি দেওয়ার প্রয়োজন নেই।

iv) এরপর দুই নং প্রশ্নের উত্তরের বিভাগ (iv) থেকে (vii) পর্যন্ত যে পদ্ধতিগুলি বলা হয়েছে সেগুলি এই ক্ষেত্রেও একই ভাবে প্রযোজ্য হবে।

৪) প্রশ্ন – যদি কোনো মহিলা কর্মী ডিভোর্সের পরে অথবা স্বামীর মৃত্যুর পরে তাঁর বিবাহ পূর্বের পদবীতে ফিরে যেতে চান তাঁকে কী করতে হবে ?

উত্তর – তিন নং প্রশ্নের উত্তরে যে ভাবে বলা হয়েছে সব একই পদ্ধতি। এখানে কারণ হিসাবে দেখাতে হবে স্বামীর মৃত্যু অথবা ডিভোর্স। ডকুমেন্টস হিসাবে অতিরিক্ত দিতে হবে ডিভোর্স অর্ডার বা স্বামীর ডেথ সার্টিফিকেট।

৫) প্রশ্ন – সার্ভিস রেকর্ডে নামের পরিবর্তন করা কি উচিত ?

উত্তর – উপরের আলোচনা অনুযায়ী আইনত করাই যায়। তবে আমার পরামর্শ হবে সম্ভব হলে এটাকে এড়িয়ে যাওয়া। সার্ভিস রেকর্ড শুরু এসএসসি রেকমেন্ডেশন থেকে। তারপর অ্যাপ্রুভাল, কনফারমেশন , ROPA Fixation, সার্ভিসবুক ইত্যাদি তৈরি হয়ে যায়। উপরোক্ত পদ্ধতিতে সার্ভিসবুকে পরিবর্তন করা গেলেও বাকিগুলোতে করা কঠিন। তখন দুইরকম নাম নিয়ে সার্ভিস চলতে থাকবে। সারাজীবন এই সংক্রান্ত এফিডেভিট ও পরিবর্তনের অর্ডার বহন করেই চলতে হবে। তাই পরিবর্তন না করাই ভালো। বরং ইচ্ছা হলে সার্ভিস রেকর্ড অনুযায়ী আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ডের নাম পাল্টে নিন। অবশ্য বিগত SIR দেখিয়ে দিল তাতেও বিপদ আছে। যাই হোক যা করবেন ভেবে চিন্তে করুন। 

SOURCE-SMR 

 

error: Content is protected !!
Scroll to Top