এমসি না থাকলে Academic Council ও Staff Council কি থাকবে ? অবশেষে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নির্দেশ মতো জেলায় জেলায় ডি আই রা তাঁদের জেলার স্কুলগুলোর জন্য DDO নিয়োগ করতে শুরু করলেন। অর্থাৎ এমসির পতন হলো। এখন এমসির সঙ্গে সঙ্গে স্কুলের দুটি ইম্পর্ট্যান্ট সাব কমিটি যথা অ্যাকাডেমিক কাউন্সিল ও স্টাফ কাউন্সিলও কী তাদের অস্তিত্ব হারাবে ? DDO নিয়োগের পর সেগুলি কি নতুন করে গঠন করতে হবে ? এই দুটি প্রশ্ন উঠে আসছে।
আসুন দেখি এক্সিষ্টিং Rules এর আলোকে। –
——————————————————
১) প্রশ্ন – সরকারি নির্দেশে ভেঙে দেওয়া হলো স্পন্সরড স্কুলগুলোর ম্যানেজিং কমিটিগুলিকে। তাহলে স্কুলে ফাংশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিটি যার নাম একাডেমিক কাউন্সিল সেটার ভবিষ্যৎ কী ? সেটাও কি Dissolve হয়ে গেল ?
উত্তর – এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে Management of Sponsored Institutions Rules,1972 তে।
এই প্রশ্নের উত্তরে তিনটি ভাগ আছে। সেগুলি হলো –
i) নতুন করে স্কুলে ম্যানেজিং কমিটির গঠন হলে –
—————————
ঐ Management Rules (Memo No – 264 Edn(S) তারিখ – 08/03/1972) এর Rule 27(1) এ পরিষ্কার করে বলে দিয়েছে যে প্রত্যেক স্কুলের কমিটি (অর্থাৎ এমসি) অ্যাকাডেমিক কাউন্সিল গঠন করবে। তার মানে দাঁড়াল এই যে অ্যাকাডেমিক কাউন্সিল গঠন করার অথরিটি হচ্ছে এমসি। ঐ রুলসে বলা হয়েছে কে কে এই কমিটির সদস্য হবেন , সেই কমিটির কাজ কী হবে ইত্যাদি। সেগুলিতে যাচ্ছি না। এগুলি নিয়ে আমার পূর্বের পোস্ট আছে। দেখতে পারেন। আবার এই Rules এরই Rule 27(2) তে বলেছে যে নতুন ম্যানেজিং কমিটি গঠিত হওয়ার পর এক মাসের মধ্যে স্কুলের HOI একটা মিটিং ডাকবেন স্কুলের টিচিং স্টাফ ও লাইব্রেরিয়ান/ অ্যাসিসট্যান্ট লাইব্রেরিয়ানদের নিয়ে। সেই মিটিংয়ের উদ্দেশ্য হবে নতুন অ্যাকাডেমিক কাউন্সিল গঠন। সেই মিটিংয়েই নতুন অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যদের যৌথভাবে নির্বাচিত করবেন ঐ মিটিংয়ে উপস্থিত স্কুলের টিচিং স্টাফ ও লাইব্রেরিয়ান/ অ্যাসিসট্যান্ট লাইব্রেরিয়ানরা। সেই নির্বাচনের ফলাফল এমসির পরবর্তী মিটিংয়ে অনুমোদন করিয়ে নিতে হবে। অর্থাৎ বোঝা গেল প্রত্যেকবার নতুন এমসি গঠিত হওয়ার এক মাসের মধ্যে নতুন অ্যাকাডেমিক কাউন্সিল গঠিত হবে। এই অ্যাকাডেমিক কাউন্সিল যদিও টিচার ও লাইব্রেরিয়ান / অ্যাসিসট্যান্ট লাইব্রেরিয়ান দের দ্বারা নির্বাচিত হন কিন্তু তার অনুমোদন লাগে এমসির। তাই নব নির্বাচিত এমসিই একাডেমিক কাউন্সিল গঠনের ব্যাপারে ফাইনাল অথরিটি। সুতরাং একথা বলাই যায় যে নতুন এমসি গঠিত হলে নতুন করে অ্যাকাডেমিক কাউন্সিল গঠিত হবে।
ii) স্কুলে পূর্বের ম্যানেজিং কমিটি ভেঙে দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হলে –
—————————
এই Rules এর Rule 27(2) তে বলেছে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হলে পূর্বের অ্যাকাডেমিক কাউন্সিল স্বাভাবিক নিয়মে থাকবে না। তবে সেটা নতুন করে গঠিত হতে পারে। কিন্তু এক্ষেত্রে নিয়মটা একটু জটিল। তখন স্কুলের HOI, স্টাফ বা অ্যাডমিনিস্ট্রেটর চাইলেই অ্যাকাডেমিক কাউন্সিল গঠন করতে পারবেন না। এই ক্ষেত্রে একাডেমিক কাউন্সিল গঠন করতে হলে বোর্ডের (WBBSE) এক্সিকিউটিভ কমিটির পারমিশন চাইতে হবে। বোর্ডের এক্সিকিউটিভ কমিটি যদি সেই পারমিশন দেয় তবেই অ্যাকাডেমিক কাউন্সিল গঠিত হবে। আবার এইভাবে গঠিত হওয়া একাডেমিক কাউন্সিল কতদিন ফাংশন করবে সেটাও নির্ভর করছে এক্সিকিউটিভ কমিটির অর্ডারের উপরেই। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর এর আন্ডারে থাকাকালীন সময়ে স্কুলে অ্যাকাডেমিক কাউন্সিল নাও থাকতে পারে। আবার অনেক কাঠ খড় পুড়িয়ে গঠিত হতেও পারে।
iii) এবার আসা যাক বর্তমান পরিস্থিতিতে। পূর্বতন ম্যানেজিং কমিটিগুলিকে ভেঙে দিয়ে বর্তমানে স্কুলগুলোতে DDO বসিয়ে দেওয়া হচ্ছে। DDO এর আন্ডারে যখন স্কুল চলছে তখন একাডেমিক কাউন্সিল গঠন করা যাবে কি না । ————————————————-
প্রথমেই একটা কথা পরিষ্কার করে নিতে হবে যে DDO থাকাকালীন পূর্বের অ্যাকাডেমিক কাউন্সিল থাকবে না। অর্থাৎ এমসির ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে একাডেমিক কাউন্সিলও অস্তিত্বহীন হয়ে যাবে। আগেই আলোচনা করেছি যে DDO এর ক্ষমতা সীমিত। তাই তিনি নতুন করে অ্যাকাডেমিক কাউন্সিল গঠন করার উদ্যোগ নিতে পারেন না। অর্থাৎ এই মুহূর্তে যখন আমাদের স্কুলগুলিতে DDO চলছে তখন অ্যাকাডেমিক কাউন্সিল থাকবে না। আপাতত নতুন করে অ্যাকাডেমিক কমিটি গঠন করারও সুযোগ নেই। এরপর অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হলে বা নতুন এমসি গঠিত হলে তারপর উপরের পদ্ধতি অনুসরণ করে অ্যাকাডেমিক কাউন্সিল গঠন করা যাবে। আপাতত অ্যাকাডেমিক কাউন্সিল ছাড়াই স্কুল চলবে।
২) প্রশ্ন – বর্তমানে এমসি ভেঙে দিয়ে স্কুলগুলোতে DDO বসানো হয়েছে। এই অবস্থায় স্কুলে কি স্টাফ কাউন্সিলের অস্তিত্ব থাকবে ? নতুন করে স্টাফ কাউন্সিল গঠন করা যাবে ? অথবা স্টাফ কাউন্সিলের নতুন সেক্রেটারি নির্বাচন করা যাবে ?
উত্তর – এই ক্ষেত্রে স্টাফ কাউন্সিলের গঠন নিয়ে একটু হলেও ধোঁয়াশা আছে। তবুও Rules গুলি ভালো করে পড়লে আমরা নিম্নলিখিত সিদ্ধান্তগুলিতে আসতে পারি –
i) উক্ত Management Rules এর Rule 26 এ পরিষ্কার করে বলছে যে স্কুলের ম্যানেজিং কমিটি স্টাফ কাউন্সিল গঠন করবে। এখানে পূর্বে আলোচিত অ্যাকাডেমিক কাউন্সিল এর মতো সদস্যদের কোনো ইলেকশনের কথা বলা হয়নি। শুধু বলা হয়েছে কমপক্ষে দুই বছর Sanctioned Post এ কাজ করা সমস্ত কর্মরত টিচিং ও নন টিচিং স্টাফ ঐ স্কুলের স্টাফ কাউন্সিলের সদস্য হবেন। সেই সদস্যদের দ্বারা একজন স্টাফ কাউন্সিলের সেক্রেটারি নির্বাচিত হবেন। এই Rule এ কিন্তু বলল না যে নতুন ম্যানেজিং কমিটি গঠনের সঙ্গে সঙ্গে আবার স্টাফ কাউন্সিল গঠিত হবে। শুধু বলল যে ম্যানেজিং কমিটি ষ্টাফ কাউন্সিল গঠন করবে। নির্দিষ্ট যোগ্যতা থাকলে স্কুলের সমস্ত টিচিং ও নন টিচিং স্টাফ স্বাভাবিক নিয়মেই ষ্টাফ কাউন্সিলের সদস্য হবেন। এখানে সদস্যদের সিলেকশন বা ইলেকশনের বা কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই। অ্যাকাডেমিক কাউন্সিলের ক্ষেত্রে যেমন বলা হয়েছিল সেরকম এক্ষেত্রে বলা হয়নি যে স্কুলে ম্যানেজিং কমিটি ভেঙে যাওয়ার পর অথবা অ্যাডমিনিস্ট্রেটর/ DDO নিয়োগ হওয়ার পর কী ভাবে স্টাফ কাউন্সিল গঠিত হবে।
ii) সুতরাং বর্তমান পরিস্থিতিতে আমাদের স্কুলগুলিতে এমসি ভেঙে দিয়ে DDO নিয়োগ করা হলেও যেহেতু Management Rules এ বলা হয়নি যে নতুন করে স্টাফ কাউন্সিল গঠন করতে হবে এবং যেহেতু স্টাফ কাউন্সিল একটা স্থায়ী কাউন্সিল যেখানে সদস্যদের ইলেকশান বা সিলেকশনের কোনো প্রশ্ন নেই তাই আমরা বলতেই পারি স্টাফ কাউন্সিল একটা কন্টিনিউয়াস বডি যেটা কখনই dissolve হয় না।
iii) এখন প্রশ্ন হবে স্টাফ কাউন্সিলের সদস্যরা না হয় একই থাকলেন। কিন্তু স্টাফ কাউন্সিলের সেক্রেটারিকে কি চেঞ্জ করা যাবে না ?
এই প্রশ্নের উত্তরটাও খুঁজতে হবে উক্ত Management Rules এ। এখানে Rule 26 এ স্টাফ কাউন্সিলের গঠনের কোনো সময়সূচী নির্ধারণ করে দেওয়া হয়নি। শুধু বলে দেওয়া হয়েছে কারা কারা কোন যোগ্যতায় ষ্টাফ কাউন্সিলের সদস্য হবেন। কিন্তু এই Rule তেই বলা হয়েছে স্টাফ কাউন্সিলের সদস্যদের দ্বারা এই কাউন্সিলের সেক্রেটারি নির্বাচিত হবেন। অর্থাৎ সদস্যদের দ্বারা সর্বসম্মতভাবে অথবা সদস্যদের ভোটের মাধ্যমে স্টাফ কাউন্সিলের সেক্রেটারিকে নির্বাচিত করা হবে। কিন্তু কখন সেই নির্বাচন হবে তা বলা নেই। এটাও বলা নেই যে কখন সেই নির্বাচিত সেক্রেটারির মেয়াদ শেষ হবে। তাই আমরা বলতেই পারি যে যেহেতু স্টাফ কাউন্সিলের সদস্যরা তাঁদের সেক্রেটারি নির্বাচন করেছেন সেহেতু সেই সদস্যরাই যে কোনো সময়ে আবার তাঁদের সংখ্যা গরিষ্ঠের মতের ভিত্তিতে সেই নির্বাচিত সেক্রেটারিকে সরিয়েও দিতে পারেন। সেক্রেটারির মেয়াদ একদিন হতে পারে অথবা অনির্দিষ্ট কাল হতে পারে। কিন্তু স্টাফ কাউন্সিল কখনই dissolve হবে না।
সিদ্ধান্ত –
——————————–
i) বর্তমান সময়ে স্কুলে DDO থাকলেও স্টাফ কাউন্সিল থাকবে। স্টাফ কাউন্সিলের নতুন সেক্রেটারি নির্বাচন করা যেতেই পারে। আগের সেক্রেটারিও বহাল থাকতে পারেন।
ii) এখন যেহেতু স্কুলে DDO আছেন তাই একাডেমিক কাউন্সিল থাকবে না।
iii) যে সমস্ত স্কুলে বর্তমানে অ্যাডমিনিস্ট্রেটর আছে তাঁরা বোর্ডের এক্সিকিউটিভ কমিটির পারমিশন নিয়ে একাডেমিক কাউন্সিল গঠন করতে পারেন। সেই স্কুলগুলিতে স্টাফ কাউন্সিল তো থাকবেই।
বিঃ দ্রঃ – উপরের আলোচনাটা করলাম কিছুটা existing rules আর কিছুটা নিজের বোঝার ভিত্তিতে। সব কিছুই খুব পরিষ্কার তা নয়। হয়ত এই ব্যাপারে পরবর্তীতে Clarification আসবে। তখন এই ব্যাপারে আরো নির্দিষ্ট করে কিছু বলা যাবে। এই লেখাটি আপাতত কিছু প্রাথমিক ধারণা দেওয়ার জন্য।